মাদ্রিদ, ১৪ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুঃসময়ের ভেতর দিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদের জন্য এ এক বিশাল ধাক্কা। ডান হাঁটুর ইনজুরির কারণে এ মৌসুমে আর খেলতে পারবেন না রুড ফন নিস্টলরয়। এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরার জন্য ৬ থেকে ৯ মাস সময় লাগতে পারে এই ডাচ স্ট্রাইকারের।
গত মাসে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের কাছে ১-২ গোলে হেরে যাওয়া ম্যাচে ডান হাঁটুতে ব্যথা পান নিস্টলরয়। এরপর স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় আলমেরিয়া ও অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে দুটো ম্যাচ মিস করলেও গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের সঙ্গে ফিরতি ম্যাচে খেলেছেন তিনি। কিন্তু তারপর এক স্ক্যান রিপোর্টে দেখা গেছে তার হাঁটুর অবস্থা তেমন ভালো নয়, সেরে ওঠার জন্য অস্ত্রোপচারও করাতে হবে তাকে। এ সপ্তাহেই মার্কিন চিকিৎসক রিচার্ড স্টিডম্যানের সঙ্গে কথা বলার জন্য তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা। আট বছর আগে ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেনে খেলার সময় এই স্টিডম্যানই একই হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন নিস্টলরয়ের।
ইনজুরির জন্য ফরোয়ার্ড আরিয়েন রবেন, ডিফেন্ডার পেপে এবং মিডফিল্ডার রুবেন ডা রেড এখন মাঠের বাইরে। তার সঙ্গে নিস্টলরয়ের দুঃসংবাদটাও যোগ হওয়ায় রিয়াল মাদ্রিদ এ মুহূর্তে ভীষণ সঙ্কটের মধ্যে। জুভেন্টাসের কাছে টানা দুটো পরাজয়, তৃতীয় বিভাগের দল রিয়াল ইউনিয়নের হাতে নাকাল হয়ে স্প্যানিশ কিংস কাপ থেকে বিদায়, স্প্যানিশ লিগে চতুর্থ স্থানে পতন, একসঙ্গে এতগুলো গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি --- স্প্যানিশ চ্যাম্পিয়নদের খারাপ সময় কাটতেই চাইছে না !
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২২৩৪ঘ.
bdnews24