২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ম্যারাডোনা

পদত্যাগ করতে পারেন আর্জেন্টিনার কোচ ডিয়েগো ম্যারাডোনা --- আর্জেন্টাইন মিডিয়ায় গুঞ্জনটা ওঠার পর একেবারে হৈ-চৈ পড়ে গিয়েছিল দুনিয়া জুড়ে। তবে সেই গুঞ্জনে জল ঢেলে দিতে স্বয়ং ম্যারাডোনাই দেরি করেননি। জানিয়ে দিয়েছেন পদত্যাগ করার কোনো ইচ্ছা বা পরিকল্পনাই তার নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2008, 03:54 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

বুয়েনস এইরেস, ১৪ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পদত্যাগ করতে পারেন আর্জেন্টিনার কোচ ডিয়েগো ম্যারাডোনা --- আর্জেন্টাইন মিডিয়ায় গুঞ্জনটা ওঠার পর একেবারে হৈ-চৈ পড়ে গিয়েছিল দুনিয়া জুড়ে। তবে সেই গুঞ্জনে জল ঢেলে দিতে স্বয়ং ম্যারাডোনাই দেরি করেননি। জানিয়ে দিয়েছেন পদত্যাগ করার কোনো ইচ্ছা বা পরিকল্পনাই তার নেই। ম্যারাডোনার সহকারী হিসাবে কাকে দায়িত্ব দেয়া হবে তা নিয়ে বেশ কিছু দিন ধরেই আর্জেন্টিনার ফুটবলাঙ্গন টালমাটাল। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ার আগে ম্যারাডোনা জানিয়েছিলেন '৮৬ বিশ্বকাপে তার সতীর্থ ও বেইজিং অলিম্পিকে শিরোপাজয়ী আর্জেন্টিনা দলের কোচ সার্জিও বাতিস্তা এবং হোসে লুই ব্রাউনকে যৌথভাবে সহকারী হিসাবে পেতে তিনি আগ্রহী। কিন্তু কয়েক দিন আগে সেখান থেকে সরে এসে ম্যারাডোনাই জানিয়েছেন '৮৬ ও '৯০ বিশ্বকাপের আরেক সতীর্থ অস্কার রুগেরিকে পাওয়ার আগ্রহের কথা। কিন্তু রুগেরিকে দায়িত্বটা দিতে একদমই রাজি নন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রেসিডেন্ট হুলিও গ্রন্ডোনা। রুগেরির সঙ্গে ব্যক্তিগত বিরোধের কথা প্রকাশ্যে জানিয়ে তিনি খোলাখুলিভাবেই বলে দিয়েছেন, "আমি ওর মুখ দেখতেও পছন্দ করি না।" এই মন্তব্যের পর আর্জেন্টিনার কয়েকটি পত্রিকা জানিয়েছিল রুগেরির সঙ্গে গ্রন্ডোনার দ্বন্দ্বের জের ধরে পদত্যাগ করতে পারেন ম্যারাডোনা। কিন্তু গুঞ্জনটাকে পাত্তাই দেননি আগামী বুধবার স্কটল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচ দিয়ে আর্জেন্টিনার কোচ হিসাবে অভিষিক্ত হতে যাওয়া ম্যারাডোনা। দ্বিধাহীন কণ্ঠে তিনি জানিয়েছেন, "পদত্যাগ করা কিংবা অন্য কিছুর কোনো প্রশ্নই ওঠে না। খেলোয়াড়দের জন্যই আমি আর্জেন্টিনা দলের সঙ্গে আছি। অন্য কিছুর জন্য নয়।" প্রিয় সতীর্থর নতুন মিশনের শুরুতেই এ ধরনের গুঞ্জন ওঠায় রুগেরিও বেশ অস্বস্তিতে। বিশেষ করে ম্যারাডোনার পদত্যাগ সংক্রান্ত গুঞ্জনে তার নাম জড়িয়ে যাওয়াতেই বেশি বিব্রত বোধ করছেন তিনি। তবে এসব কথাবার্তায় কান না দিয়ে ম্যারাডোনাকে দল নিয়ে স্কটল্যান্ডে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন রুগেরি, "আমি মনে-প্রাণে চাই সে এই সফরে যাক আর দলকে প্রশিক্ষণ দিক। আমরা এসব নিয়ে পরেও কথা বলতে পারবো।" অবশ্য সহকারী কোচ হওয়ার প্রস্তাব পেলে খুশি মনেই তা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে গ্রন্ডোনাকে একটা খোঁচা দেয়ার লোভও সামলাতে পারেননি, "তাকে (ম্যারাডোনাকে) সাহায্য করতে পারলে আমি ভীষণ খুশি হবো। কিন্তু তা সম্ভব না হলে সাইডলাইন থেকেই আমি তাকে সমর্থন দিয়ে যাব। কারণ আমি সবসময়ই তা করেছি। তবে তিনি (গ্রন্ডোনা) যেহেতু একজনকে কোচ হিসাবে পছন্দ করেছেন তাই তার উচিৎ সেই ব্যক্তিকে (ম্যারাডোনাকে) নিজের সহকারী নির্বাচনে পূর্ণ স্বাধীনতা দেয়া।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৪৫ঘ.