মাদ্রিদ/লন্ডন, ১২ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাউলের হ্যাটট্রিকও বাঁচাতে পারেনি রিয়াল মাদ্রিদকে। মঙ্গলবার স্প্যানিশ কিংস কাপের শেষ ৩২ দলের লড়াই বা চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে তারকা সমৃদ্ধ দলটিকে। তা-ও আবার তৃতীয় বিভাগের দল রিয়াল ইউনিয়নের বিপক্ষে ব্যর্থ হয়ে!
দু সপ্তাহ আগে রিয়াল ইউনিয়নের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগে ২-৩ গোলে হেরে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। পরের রাউন্ডে ওঠার জন্য মঙ্গলবার ফিরতি লেগে তাই অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হতো স্প্যানিশ চ্যাম্পিয়নদের। ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে রাউলের হ্যাটট্রিক আর আলবার্তো বুয়েনোর লক্ষ্যভেদে ৪-২ গোলে এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু ম্যাচের অন্তিম সময়ে এনেকো রোমোর গোল ভেঙ্গে দিয়েছে রিয়াল মাদ্রিদের স্বপ্ন। ম্যাচটা তারা ৪-৩ গোলে জিতলেও দুই লেগ মিলিয়ে অ্যাগ্রিগেট ৬-৬ হয়ে যাওয়ায় চলে আসে প্রতিপক্ষের মাঠে গোল করার হিসাব। সেই হিসাবে এগিয়ে থাকায় রিয়াল ইউনিয়নই চলে গেছে পরের রাউন্ডে।
তবে স্প্যানিশ চ্যাম্পিয়নদের মতো কোনো ভুল করেনি আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। প্রত্যাশিতভাবেই ইংলিশ লিগ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ডের দুই 'জায়ান্ট' ক্লাব। গত শনিবার ম্যানইউকে হারানো দলটিতে ১১টি পরিবর্তন এনেও প্রিমিয়ার লিগ প্রতিপক্ষ উইগান অ্যাথলেটিককে সহজেই ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল। দুই গোল করেছেন জে সিম্পসন, অন্য গোলটা কার্লোস ভেলার। দ্বিতীয় বিভাগের দল কুইন্স পার্ক রেঞ্জার্সকে অবশ্য অত সহজে হারাতে পারেনি ম্যানইউ। আর্জেন্টাইন ফরোয়ার্ড কার্লোস তেভেজের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে ম্যাচটা জিতেছে 'রেড ডেভিল'রা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৩০ঘ.
bdnews24