বুয়েনস এইরেস, ১১ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ডিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনার কোচ হওয়ার পর থেকেই গুঞ্জনটা শোনা যাচ্ছিল মিডিয়া জুড়ে। আর্জেন্টিনার পরবর্তী অধিনায়ক সংক্রান্ত সেই গুঞ্জনের আপাতত সমাপ্তি। স্বয়ং ম্যারাডোনাই জানিয়েছেন তার দলের অধিনায়ক হতে রাজি হয়েছেন হাভিয়ের মাসকেরানো।
লিভারপুলের ২৪ বছর বয়সী মিডফিল্ডার মাসকেরানো প্রথমে দায়িত্বটা নিতে রাজি হননি। কিন্তু আর্জেন্টাইন 'ফুটবল-ঈশ্বর'-এর অনুরোধ কী আর্জেন্টিনার কোনো ফুটবলারের পক্ষে ফিরিয়ে দেয়া সম্ভব! মাসকেরানোর পক্ষেও ম্যারাডোনাকে বিমুখ করা সম্ভব হয়নি। ইউরোপে ৬ দিনের ছোট্ট সফরের সময় লিভারপুলে গিয়ে মাসকেরানোর সঙ্গে দেখা করে তাকে অধিনায়ক হতে রাজি করাতে তেমন সমস্যা হয়নি ম্যারাডোনার। দেশে ফিরে আর্জেন্টিনার একটি রেডিও স্টেশনের সঙ্গে কথা বলার সময় সে কথাই জানিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার, "আমি তাকে (অধিনায়ক হতে) রাজি করিয়েছি। তাকে নিয়ে কী চিন্তা-ভাবনা করছি সে ব্যাখ্যাও দিয়েছি তার কাছে। এবং আমার ধারণা অনুযায়ী সে দলকে কী দিতে পারে সে কথাও তাকে জানিয়েছি।"
মাসকেরানোকে অধিনায়ক হতে রাজি করানোর পাশাপাশি আরেকটা সম্ভাবনার কথাও জানিয়েছেন আর্জেন্টিনার '৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক। ম্যারাডোনার ধারণা আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার অস্কার রুগেরিকে তার ডেপুটি অর্থাৎ সহকারী কোচ হিসাবে পেতে সমস্যা হবে না, "আমি মনে করি না অস্কারকে পাওয়াটা অসম্ভব হয়ে দাঁড়াবে।" যদিও মিডিয়ায় জোর গুঞ্জন '৮৬ ও '৯০ বিশ্বকাপে ম্যারাডোনার সতীর্থ রুগেরিকে দলের সহকারী কোচ হিসাবে দেখতে অনিচ্ছুক আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হুলিও গ্রন্ডোনা।
আসলে ম্যারাডোনার সহকারী নিয়োগ নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশার জন্ম হয়েছে আর্জেন্টিনার ফুটবলাঙ্গনে। কোচ হওয়ার পরপরই ম্যারাডোনা বলেছিলেন হোসে লুই ব্রাউন অথবা তার সাবেক সতীর্থ ও বেইজিং অলিম্পিকে সোনাজয়ী আর্জেন্টিনা দলের কোচ সার্জিও বাতিস্তার মধ্যে থেকে যে কোনো এক জনকে দেয়া হবে দায়িত্বটা। কিন্তু এরপরই তিনি জানিয়ে দেন সিদ্ধান্তটা এখনো চূড়ান্ত হয়নি। এখন আবার ম্যারাডোনাই বলছেন রুগেরির কথা। সব মিলিয়ে আর্জেন্টিনার পরবর্তী সহকারী কোচ নিয়ে বেশ একটা রহস্যময়তায় জন্ম হয়েছে!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭৪০ঘ.
bdnews24