২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেশাদার বাংলাদেশের সামনে খন্ডিত শক্তির মিয়ানমার!

দেশের গণ্ডি ছাড়িয়ে এবার বিদেশেও ছড়িয়ে গেছে বাংলাদেশের ফুটবলারদের ইন্স্যুরেন্স, ম্যাচ ফি ও বোনাস দেওয়ার খবর। এটাই যদি হয় পেশাদারীত্বের প্রাথমিক ঝাণ্ডা তাহলে পেশাদার বাংলাদেশ দল মঙ্গলবার মুখোমুখি হবে অপেশাদার মিয়ানমারের !

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2008, 04:55 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- দেশের গণ্ডি ছাড়িয়ে এবার বিদেশেও ছড়িয়ে গেছে বাংলাদেশের ফুটবলারদের ইন্স্যুরেন্স, ম্যাচ ফি ও বোনাস দেওয়ার খবর। এটাই যদি হয় পেশাদারীত্বের প্রাথমিক ঝাণ্ডা তাহলে পেশাদার বাংলাদেশ দল মঙ্গলবার মুখোমুখি হবে অপেশাদার মিয়ানমারের ! এই ম্যাচ দিয়ে বিকেল ৩ টায় অং স্যাম স্টেডিয়ামে উদ্বোধন হবে গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ কাপের। তার আগে ম্যাচকে ঘিরে শুরু হয়েছে পেশাদার ফুটবলের আলোচনা। প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের ম্যানেজার বাদল রায় ফলাও করে বলেছেন, "বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাইছে জাতীয় দলকে আরো পেশাদার ছাঁচে গড়ে তুলতে। যেমন মারদেকা কাপ থেকে খেলোয়াড়দের জন্য ইন্স্যুরেন্স, ম্যাচ ফি ও বোনাস দেওয়ার প্রথা চালু করেছি।" ইয়াঙ্গুন থেকে বাংলাদেশ মিডিয়া ম্যানেজারের রিপোর্টে অবশ্য মিয়ানমারের পেশাদারীত্বের কোনো খবর পাওয়া যায়নি। তবে জানা গেছে, নিজেদের খেলোয়াড়দের জন্য এখনো এত সুযোগ-সুবিধার আয়োজন করেনি মিয়ানমার ফুটবল ফেডারেশন। তাদের পেশাদার লিগ নেই, তাই ওখানকার ভাল খেলোয়াড়দের বি. লিগে খেলানো যায় কি না এরকম প্রশ্নেরও মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশের কর্মকর্তাদের। খেলোয়াড়দের সুরক্ষার দিক থেকে দুই দেশের ফুটবল খানিকটা বিপরীত অবস্থানে। অবশ্যই পিছিয়ে মিয়ানমার। কিন্তু মাঠের পারফরম্যান্সের বিবেচনায় তারা এগিয়ে অনেকখানি। সুরক্ষা, সুবিধা এবং পেশাদার ফুটবলের হাওয়ার বাইরে বেড়ে ওঠেও মাঠে দারুন খেলে মিয়ানমার। ক'দিন আগেও মারদেকা কাপে বাংলাদেশকে হারিয়েছে মিয়ানমার। সেই ভয় কাটতে না কাটতেই আবার প্রতিপক্ষ মিয়ানমার ! এবং নিজের দেশে ! যে কারণ বাংলাদেশ দল নির্দিষ্ট করে কোনো লক্ষ্যের কথা বলতে পারছে না ম্যাচের আগে। অথচ পারা উচিত ছিল সুরক্ষিত নতুন বাংলাদেশ দলের। যখন এত কিছু ছিল না, সেই ৯৫ সালের বাংলাদেশ দল কিন্তু বলতে পারতো, খেলতেও পারতো। সেবার মিয়ানমারকে হারিয়ে গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ কাপ জিতেছিল বাংলাদেশ। তারপর দান ঘুরে গেছে, উন্নতির ধারায় মিয়ানমার অনেক ওপরে এবং বাংলাদেশ ক্রমশ অধোপাতে। ২০০৫ সালে এই টুর্নামেন্ট খেলতে গিয়ে দুবারই হেরেছে মিয়ানমারের কাছে। মানে গত ১৩ বছরে দু'দলের লড়াইয়ে মিয়ানমারই সেরা প্রমাণিত হয়েছে। তাই বাংলাদেশ দলের কোচ শফিকুল ইসলাম নিরাপদ অবস্থানে থেকেই বলেছেন, "আমরা ভাল এবং ইতিবাচক ফুটবল খেলতে চাই। মারদেকা কাপের চেয়ে ভাল পারফরম্যান্স করলে জয় অসম্ভব কিছু নয়।" তবে ভ্রমণ ক্লান্তিতে ভুগছে খেলোয়াড়রা। রোববার সকালে প্র্যাকটিস করলেও এখনো নাকি তারা পুরোপুরি চাঙ্গা হয়নি। এর মধ্যে অবশ্য কোচ মোটামুটি দল সাজিয়ে ফেলেছেন। দ্বিধায় আছেন দু জায়গায়, মাঝমাঠে শরীফ না জাহিদ হোসেন এবং ফরোয়ার্ড লাইনে এমিলির সঙ্গী হিসেব কাকে খেলাবে। শফিকুল ইসলাম মানিকের মনস্তত্ব ঠিকমতো পড়তে পারলে প্রথম একাদশে রবিনের খেলার সম্ভাবনাই বেশি, আলফাজ খেলতে পারেন বদলি হিসেবে। তবে বাংলাদেশের জন্য সুখবর হচ্ছে, মিয়ানমার দল নাকি এবার খন্ডিত শক্তির। মূল দলের বেশিরভাগ ইনজুরিতে পড়ায় তরুণদের দিকেই ঝুঁকতে হয়েছে ব্রাজিলিয়ান কোচকে। মিয়ানমারের মারকোস ফ্লোপ্পা বলেছেন, "এই দলে অনূর্ধ্ব-২১ দলের ৬০ শতাংশ ফুটবলার আছে। তারাই এই ম্যাচে জয়ের জন্য ঝাঁপাবে এবং সেরাটা উপহার দেবে আশা করি।" সুতরাং দুর্দান্ত সুযোগ এবার। পুরো শক্তির বাংলাদেশের সামনে খন্ডিত শক্তির মিয়ানমার ! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৪০ঘ.