২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসরির জোড়া গোলে জিতলো আর্সেনাল

সামির নাসরির কাছে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তার জোড়া গোলে ২-১ গোলে জিতেছে আর্সেনাল। আর হতাশ ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাপ্তির ঘর শূন্য হলেও চমৎকার ফুটবল প্রদর্শনীর সান্ত্বনা নিয়ে যেতে পারবে সঙ্গে করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2008, 04:37 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

লন্ডন, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- সামির নাসরির কাছে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তার জোড়া গোলে ২-১ গোলে জিতেছে আর্সেনাল। আর হতাশ ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাপ্তির ঘর শূন্য হলেও চমৎকার ফুটবল প্রদর্শনীর সান্ত্বনা নিয়ে যেতে পারবে সঙ্গে করে। শুরুর ১০ মিনিট 'রেড ডেভিল'দের আধিপত্য থাকলেও তারপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আর্সেনাল। এবং ২২ মিনিটে মাথায় গোল আদায় করে ফেলে। সামির নাসরির শট গ্যারি নেভিলের গায়ে লেগে ফন ডার সারকে ফাঁকি দিয়ে গোলে আশ্রয় নিলে এমিরেটস স্টেডিয়াম দুলে উঠে। বিরতির পর খেলা শুরু হতেই অবিশ্বাস্যভাবে এই ফ্রেঞ্চম্যান ব্যবধান দ্বিগুন করে ফেলেন ! এতক্ষন ম্যাচে ফেরার একটা সম্ভাবনা থাকলেও দ্বিতীয় গোল হজম করার পর ম্যানচেস্টার ইউনাইটেডের সেই সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। তারপরও হতো ফরোয়ার্ডরা যদি সুযোগ নষ্ট না করতেন। দু'পক্ষের আক্রমণে ঠাসা এই ম্যাচে তুলনামূলক সুযোগ বেশি পেয়েছে ম্যানচেস্টারই। দ্বিতীয়ার্ধ শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই ক্রিস্টিয়ানো রোনালদো এক অবিশ্বাস্য মিস করেছেন। গোলমুখ খুলে ফেলেও ডান দিক থেকে নেওয়া শটটি পোস্টে রাখতে পারেননি, ইঞ্চিখানেক দূর দিয়ে বাইরে চলে যায় বল। শেষপর্যন্ত সফল হলেন রাফায়েল ডি সিলভা ৯০ মিনিটে। নেভিলের বদলি হয়ে নেমে গোল করে তিনি উত্তেজনা ছড়িয়ে দিয়েছেন সমর্থকদের মধ্যে যা ৬ মিনিটের ইনজুরি টাইমে স্নায়ুচাপ হয়ে দাঁড়িয়েছিল আর্সেনালের জন্য। ৬ মিনিট শেষ হতেই শুরু হলো জয়োৎসব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২৩০ঘ.