লন্ডন/মিলান/মাদ্রিদ, ৩০ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ৮৯ মিনিট পর্যন্ত ৪-২ গোলে এগিয়ে থাকা আর্সেনাল তখন জয়ের স্বপ্নে বিভোর। কিন্তু তারপরই ম্যাচে চরম নাটকীয়তা। শেষ মুহূর্তে দুই গোল করে যে নাটকীয়তার রূপকার টটেনহাম হটস্পারের জার্মেইন জেনাস ও অ্যারন লেনন। বুধবার ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে তাদেরই মাঠ এমিরেটস স্টেডিয়ামে ৪-৪ গোলে রুখে দিয়ে সবাইকে বিস্মিত করেছে পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচে থাকা টটেনহাম। আর্সেনালের চার গোলদাতা সিলভেস্ত্রে, গ্যালাস, আদেবায়োর ও ফন পার্সি । টটেনহামের প্রথম দুই গোল বেন্টলি ও বেন্টের।
'গানার্স' জিততে না পারলেও জয় পেয়েছে ইংলিশ লিগের শিরোপাপ্রত্যাশী তিন দল ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লিভারপুল। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানইউকে ওয়েস্টহামের বিপক্ষে ২-০ গোলের জয় এনে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। 'রেড ডেভিল'দের দুটো গোলই এবারের ফিফা বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে এগিয়ে থাকা পর্তুগিজ তারকার। আগের ম্যাচে লিভারপুলের কাছে হেরে যাওয়া চেলসি ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে নবাগত হাল সিটিকে। 'ব্লুজ'-এর তিন গোলদাতা ল্যাম্পার্ড, আনেলকা ও মালুদা।
লিভারপুল অবশ্য অত সহজে জিততে পারেনি। অধিনায়ক স্টিভেন জেরার্ডের পেনাল্টি গোলে তারা ১-০ ব্যবধানে হারিয়েছে পোর্টসমাউথকে। তারপরও এই জয় দিয়ে ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখলো লিভারপুল। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে চেলসি। আর্সেনালের পয়েন্ট ২০ আর এক ম্যাচ কম খেলা ম্যানইউ'র ১৮। অন্যদিকে আগের ম্যাচে রবিনিয়োর হ্যাটট্রিকে জয় পাওয়া ম্যানচেস্টার সিটি এদিন মিডলসবরোর কাছে ০-২ গোলে হেরে যাওয়ায় তাদের সংগ্রহ ১৩ পয়েন্টই রইলো।
ইতালিয়ান সিরি 'আ'র দুই ফেভারিট এসি মিলান ও জুভেন্টাস জয় পেলেও পয়েন্ট নষ্ট করেছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। ফিওরেন্টিনার সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। টানা দ্বিতীয় ম্যাচ গোলশূন্য ড্র করায় শীর্ষস্থান থেকেও ছিটকে পড়েছে ইন্টার। ২০ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে শীর্ষে আছে উদিনেস ও নাপোলি। বুধবার উদিনেস ২-০ গোলে ক্যাটানিয়াকে ও নাপোলি স্ট্রাইকার জার্মান ডেনিসের হ্যাটট্রিকের সুবাদে ৩-০ গোলে হারিয়েছে রেজ্জিনাকে। ১ পয়েন্ট কম নিয়ে তাদের ঠিক পরেই ইনজাগি ও কাকার পেনাল্টি গোলে সিয়েনাকে ২-১ ব্যবধানে হারানো এসি মিলানের অবস্থান। ইন্টারের পয়েন্ট ১৮।
মিলানের মতো জুভেন্টাসও ২-১ গোলে জিতেছে বোলোনিয়ার বিপক্ষে। ১৫ পয়েন্ট সংগ্রহ করা 'জুভ'দের দুটো গোলই চেক তারকা পাভেল নেদভেদের। এছাড়া সিরি 'আ'র গতবারের রানার্সআপ এএস রোমার সঙ্গে সাম্পদোরিয়ার ম্যাচটি শুরু হওয়ার ছয় মিনিট পরই প্রবল বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষিত হয়েছে।
বুধবার স্প্যানিশ 'প্রিমেরা লিগা'র কোনো ম্যাচ ছিল না। ছিল কিংস কাপের খেলা। যেখানে স্প্যানিশ লিগে চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা ভিলারিয়াল ও সেভিয়ার তিক্ত অভিজ্ঞতা হয়েছে। তৃতীয় বিভাগের দল পোলি এজিদোর কাছে বিস্ময়কর ব্যবধানে ০-৫ গোলে হেরে গেছে 'লা লিগা'র গতবারের রানার্সআপ ভিলারিয়াল। সেভিয়াও হেরেছে তৃতীয় বিভাগের পোনফেরাদিনার কাছে ০-১ গোলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৩৫ঘ.
bdnews24