লন্ডন, ১২ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপিয়ান অঞ্চলের জন্য শনিবারের দিনটা এক অর্থে ছিল অঘটনের দিনই। বর্তমান চ্যাম্পিয়ন ইতালি, রানার্স আপ ফ্রান্স আর সর্বশেষ বিশ্বকাপের অন্যতম ফেবারিট পর্তুগাল হোঁচট খেয়েছে এদিন। তবে এই অঘটনের দিনেও ঠিকই জিতেছে ইউরোপিয়ান ফুটবলের 'পরাশক্তি' ইউরো চ্যাম্পিয়ন স্পেন, জার্মানি, নেদারল্যান্ডস আর ইংল্যান্ড।
সোফিয়ায় বুলগেরিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করলেও আট নম্বর গ্র"পের শীর্ষেই আছে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। তিন ম্যাচে এই প্রথম পয়েন্ট হারানোর পর তাদের সংগ্রহ ৭ পয়েন্ট।
তবে ফ্রান্স আর পর্তুগালের সমর্থকরা মোটেই অমন স্বস্তিতে নেই। ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর থেকেই ফ্রান্সের কোচ রেমন্ড ডমেনেখের চাকরিটা হয়ে পড়েছে অনিশ্চিত। শনিবারই সেটা শেষ হওয়ার উপক্রম হয়েছিল, ম্যাচ শুরুর ১৫ মিনিট কাটতে না কাটতেই এগিয়ে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল তারা রুমানিয়ার বিপক্ষে। ফ্লোরেন্তিন পেত্রি আর ডরিন গোইয়ানের দুই গোলে এগিয়ে গিয়েও অবশ্য শেষ পর্যন্ত জিততে পারে নি স্বাগতিকরা, বিরতির আগে ফ্রাঙ্ক রিবেরি ব্যবধান কমানোর পর ৬৯ মিনিটে প্লে মেকার ইওয়ান গুরকাফের গোল বাঁচিয়েছে 'লা ব্লুজ'দের মান আর ডমেনেখের চাকরি।
তিন ম্যাচ থেকে ফরাসিদের সংগ্রহ মাত্র চার পয়েন্ট। রুমানিয়া আর অস্ট্রিয়ারও তা-ই। আর ৬ পয়েন্ট নিয়ে গ্র"পের শীর্ষে আপাতত লিথুয়ানিয়া ও সার্বিয়া। প্রথম দু ম্যাচ জিতে চমক জাগানো লিথুয়ানিয়াকে শনিবার ৩-০ গোলে হারিয়েছে সার্বিয়ানরা আর অস্ট্রিয়াকে রুখে দিয়ে আরেকটি অঘটনের জন্ম দিয়েছে ফ্যারো আইল্যান্ড। ১-১ গোলে ড্র করে প্রথম পয়েন্টের মুখ দেখেছে ইউরোপের সবচেয়ে দুর্বল ফুটবল শক্তি হিসেবে বিবেচিত এই দলটি।
সুইডেনের সঙ্গে গোলশূন্য ড্র করার পর পর্তুগালের সংগ্রহও তিন ম্যাচে চার পয়েন্ট, তবে এক নম্বর গ্র"পে তারা আছে আরো পেছনে। শনিবার মাল্টাকে ৩-০ গোলে হারিয়ে সাত পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ডেনমার্ক, পাঁচ পয়েন্ট নিয়ে সুইডেন আছে তাদের পেছনে।
পাঁচ নম্বর গ্র"পে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিজয় রথ এগিয়ে চলেছে অপ্রতিরোধ্য গতিতে। শনিবার তারা ৩-০ গোলে হারিয়েছে এস্তোনিয়াকে। হুয়ানিতো আর পেনাল্টি থেকে ডেভিড ভিয়ার করা দুগোলে প্রথমার্ধে এগিয়ে ছিল তারা। দ্বিতীয়ার্ধে তৃতীয় গোলটি করেছেন ডিফেন্ডার কার্লোস পুয়োল। পুরো নয় পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা স্পেনের নিকটতম প্রতিদ্বন্দ্বী তুরস্কের সংগ্রহ ৭। শনিবার আরো একবার পিছিয়ে পড়েও জয় পেয়েছে তারা, বসনিয়াকে হারিয়েছে ২-১ গোলে।
দিনের সবচেয়ে 'বড়' ম্যাচে লুকাস পোডলস্কি আর মাইকেল বালাকের লক্ষ্যভেদ ইউরো সেমিফাইনালিস্ট রাশিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় এনে দিয়েছে জার্মানিকে। রাশিয়ার পক্ষে একমাত্র গোলটি করেছেন ইউরোর তারকা আন্দ্রেই আরশাভিন।
দিনের সবচেয়ে বড় জয়টি পেয়েছে ইংল্যান্ড। নিজেদের মাঠ ওয়েম্বলিতে দুর্বল কাজাখস্তানকে পেয়ে তারা জিতেছে ৫-১ গোলে। ওয়েন রুনি করেছেন দুটি গোল, ভারপ্রাপ্ত অধিনায়ক রিও ফার্ডিন্যান্ড ও জার্মেইন ডিফো একটি করে আর কাজাখ ডিফেন্ডার আলেকজান্ডার কুচমা তাদের উপহার দিয়েছেন অন্য গোলটি। তিন ম্যাচে পুরো নয় পয়েন্ট পাওয়া ফ্যাবিও ক্যাপেলোর দল এই নিয়ে পেল ১১ গোল!
শনিবার ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে ইউক্রেন আছে এই গ্র"পের দ্বিতীয় স্থানে
bdnews24