ঢাকা, ৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সময় বড় দলের তকমা গায়ে থাকলেও এ মৌসুমের মুক্তিযোদ্ধা অর্থনৈতিক সঙ্কটে জর্জরিত, সমস্যাক্রান্ত এক দল। এবারের বি. লিগে নিজেদের প্রথম তিন ম্যাচে হারা এই দলটি মোহামেডানের সঙ্গে চমকপ্রদ কিছু করবে ভাবেনি কেউই। কিন্তু তাই বলে ৭ গোলে হেরে যাবে! মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত বি. লিগের ম্যাচে এক সময়ের প্রবল প্রতিদ্বন্দ্বীকে ৭-০ গোলে হারিয়েছে মোহামেডান। এই মৌসুমে এটাই জয়-পরাজয়ের সবচেয়ে বড় ব্যবধান।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিরোপাপ্রত্যাশী মোহামেডান প্রতিপক্ষের জালে গোলোৎসবে মেতে উঠলেও তাদের কেউ হ্যাটট্রিক করতে পারেননি। দুই গোল করেছেন নাইজেরিয়ান স্ট্রাইকার বুকোলা। একটি করে গোল মিশরীয় মিডফিল্ডার হাজেম খালেদ, নাসির হোসেন, এনামুল হক শরীফ, ফয়সাল মাহমুদ ও মোহাম্মদ রবিনের। এই জয় দিয়ে শেখ রাসেল ক্রীড়াচক্র ও ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে এখন সিটিসেল বি. লিগে যৌথভাবে শীর্ষে ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা। তিন দলেরই তিন ম্যাচ থেকে সংগ্রহ ৭ পয়েন্ট করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এএআর/এমএম/২১৪৫ঘ.
bdnews24