২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্র করেছে রিয়াল-মিলান, জুভেন্টাস-রোমার হার

আগের দিন অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার বিশাল জয় মোটেও উজ্জীবিত করতে পারেনি স্প্যানিশ চ্যাম্পিয়নদের। তার প্রমাণ রোববার স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় এসপানিওলের সঙ্গে রিয়াল মাদ্রিদের ফলাফল। ঘরের মাঠে দু বার পিছিয়ে পড়ে ম্যাচটা ২-২ গোলে ড্র করে দুটো মূল্যবান পয়েন্ট নষ্ট করেছে তারকাখচিত দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2008, 04:06 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

মাদ্রিদ/লন্ডন/মিলান, ৬ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগের দিন অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার বিশাল জয় মোটেও উজ্জীবিত করতে পারেনি স্প্যানিশ চ্যাম্পিয়নদের। তার প্রমাণ রোববার স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় এসপানিওলের সঙ্গে রিয়াল মাদ্রিদের ফলাফল। ঘরের মাঠে দু বার পিছিয়ে পড়ে ম্যাচটা ২-২ গোলে ড্র করে দুটো মূল্যবান পয়েন্ট নষ্ট করেছে তারকাখচিত দলটি। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি ও লিভারপুল কিন্তু সে রকম কোনো ভুল করেনি। নিজেদের মাঠে চেলসি সহজেই ২-০ গোলে হারিয়ে দিয়েছে অ্যাস্টন ভিলাকে। আর লিভারপুল জিতেছে নাটকীয়ভাবে। ম্যানচেস্টার সিটির সঙ্গে ০-২ গোলে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে 'অল রেড'রা। তবে ইতালিয়ান সিরি 'আ'র দুই শিরোপা প্রত্যাশী জুভেন্টাস ও রোমা হেরে গেছে। পালেরমো ২-১ গোলে জুভেন্টাসকে আর সিয়েনা ১-০ গোলে হারিয়েছে রোমাকে। জিততে পারেনি এসি মিলানও। ক্যালিয়ারির সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। সান্টিয়াগো বার্নাব্যুতে ২১ মিনিটে তামুদোর পেনাল্টি গোলে পিছিয়ে পড়লেও চার মিনিট পর 'ঘরের ছেলে' রাউলের গোলে সমতায় ফিরেছে রিয়াল। কিন্তু ৩১ মিনিটে লুই গার্সিয়ার দারুণ এক চিপ আবার এগিয়ে দিয়েছে এসপানিওলকে। বিরতির ঠিক আগে রাউলের আরেকটি লক্ষ্যভেদে সমতায় ফিরলেও দ্বিতীয়ার্ধে আর প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি স্প্যানিশ লিগের গত দু বারের চ্যাম্পিয়নরা। তাই এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে রিয়ালকে। ড্র করায় ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে 'প্রিমেরা লিগা'য় তাদের অবস্থান এখন পঞ্চম। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সংগ্রহও তা-ই, তবে গোল গড়ে এগিয়ে থাকায় 'বার্সা' আছে চতুর্থ স্থানে। ম্যানুয়েল ফার্নান্দেসের গোলে রিয়াল ভ্যালাদোলিদের বিপক্ষে ১-০তে জয় পাওয়া ভ্যালেন্সিয়া ১৬ পয়েন্ট নিয়ে আছে সবার ওপরে। আগের দিন রিয়াল বেটিসকে হারিয়ে দেয়া ভিলারিয়ালের সংগ্রহও ১৬ পয়েন্ট, তবে গোলগড়ে এগিয়ে থাকার সুবাদে ভ্যালেন্সিয়াই ধরে রেখেছে শীর্ষস্থান। দুই পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে সেভিয়া। রোববার অ্যাথলেটিক বিলবাওকে তারা উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। গোল করেছেন ফ্রেডেরিক ক্যানুটে, রেনাটো, আদ্রিয়ানো কোরেইয়া এবং এরনেস্তো চেভানটন। স্ট্যামফোর্ড ব্রিজে সহজ জয় দিয়ে ইংলিশ লিগের শীর্ষস্থান অক্ষুন্ন রাখতে সমস্যা হয়নি চেলসির। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে সিএফআর ক্লুজের সঙ্গে গোলশূন্য ড্র এবং দিদিয়ের দ্রগবা ও মাইকেল এসিয়েনের ইনজুরির কারণে ম্যাচের আগে বেশ চাপের মধ্যে ছিল তারা। তবে ২১ ও ৪৪ মিনিটে জো কোল ও নিকোলাস আনেলকার গোল 'ব্লূজ' সমর্থকদের দুঃখ ভুলিয়ে দিতে পেরেছে অনেকটাই। ম্যানচেস্টার সিটি সফরে লিভারপুল অবশ্য অনেক ঘাম ঝরিয়েই জয় পেয়েছে। স্টিভেন আয়ারল্যান্ড ও হাভিয়ের গ্যারিদো প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে দিয়েছিলেন স্বাগতিকদের। ৫৫ মিনিটে ফার্নান্দো তরেস একটা গোল ফিরিয়ে দেয়ার পর ব্যবধান ৩-১ করার সুযোগ এসেছিল রবিনিয়োর সামনে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সেটা তো পারেনইনি, উল্টো জাবি আলোনসোকে মারাত্মক ফাউল করার অপরাধে লালকার্ড দেখে ম্যানচেস্টার সিটিকে দশ জনে পরিণত করেন পাবলো জাবালেতা। তার কিছুক্ষণ পর অর্থাৎ ৭৩ মিনিটে তরেস হেড করে নিজের দ্বিতীয় গোল করার পাশাপাশি সমতায়ও ফিরিয়েছেন দলকে। এই স্প্যানিশ স্ট্রাইকারের সামনে হ্যাটট্রিক করারও দারুণ এক সুযোগ এসেছিল। তবে রোবি কিনের ক্রস থেকে জন্ম নেয়া সুযোগটা তিনি কাজে লাগাতে পারেননি। লিভারপুলকে অবশ্য সেজন্য আফসোস করতে হয়নি ম্যাচশেষে। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে তরেসের একটি শট প্রতিপক্ষের এক জনের গায়ে লেগে বাধাপ্রাপ্ত হলেও তা থেকেই গোল করে লিভারপুলকে তিনটি মূল্যবান পয়েন্ট এনে দেন ডার্ক কিউয়েট। ইংলিশ প্রিমিয়ার লিগে ৭টি করে ম্যাচ খেলা চেলসি ও লিভারপুলের সংগ্রহ ১৭ পয়েন্ট করে হলেও গোলগড়ে এগিয়ে থাকায় চেলসি আছে সবার ওপরে। ১৪ পয়েন্ট নিয়ে নবাগত হাল সিটির অবস্থান তৃতীয়। এক পয়েন্ট কম নিয়ে তাদের ঠিক পরেই আর্সেনাল। ১১ পয়েন্ট সংগ্রহ করা গত দু বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান অষ্টম। ম্যানইউ অবশ্য একটা ম্যাচ কম খেলেছে এখন পর্যন্ত। রোববার রাতে ইউরোপীয় ফুটবলাঙ্গনে সবচেয়ে বড় দুটো অঘটনের জন্ম হয়েছে ইতালিতে। সিয়েনার মাঠে রোমা তো হেরেছেই ফিলিপ্পে মেক্সেস ও ক্রিস্টিয়ান পানুচ্চি লালকার্ড দেখে সিরি 'আ'র বতর্মান রানার্সআপদের লজ্জায়ও ফেলে দিয়েছেন অনেকখানি। ইতালির আরেক পরাশক্তি জুভেন্টাসকেও একই লজ্জায় পড়তে হয়েছে। নিজেদের মাঠে পালেরমোর কাছে হেরে যাওয়া ম্যাচে লালকার্ড পেয়েছেন জুভেন্টাসের মোহাম্মদ সিসোকো। এসি মিলানকে অবশ্য হার মানতে হয়নি। মাসিমো আমব্রোসিনির দুটো দারুণ সুযোগ নষ্টের মাশুল দিয়ে তারা পয়েন্ট ভাগাভাগি করেছে ক্যালিয়ারির সঙ্গে। গত সপ্তাহে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের সঙ্গে দুর্দান্ত খেলে জয়সূচক গোল করা রোনালদিনিয়ো একেবারেই নি