ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বিজয় দিবস ক্লাব কাপ ফুটবলের দ্বিতীয় দিনে মুক্তিযোদ্ধাও হোঁচট খেয়েছে। পেশাদার লিগের এই দলটি গোলশূন্য ড্র করেছে সিনিয়র ডিভিশন লিগের ঢাকা ওয়ান্ডারার্সের সঙ্গে। একই ফল হয়েছে আরামবাগ-ভিক্টোরিয়া ম্যাচেও।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতীতি বিজয় দিবস ক্লাব কাপ ফুটবলে দিনের দ্বিতীয় ম্যাচে শুধু লাল জার্সি দিয়েই চিনতে হয়েছে মুক্তিযোদ্ধাকে। খেলা দেখে চেনা কঠিন ছিল আলফাজ, আরমান, রজনী, হাসান-আল মামুনদের। চেনা গেছে শুধু গোলরক্ষক আমিনুল হককে আর সে সুবাদেই বড় বাঁচা বেঁচে গেছে মুক্তিযোদ্ধা। নইলে হয়তো ওয়ান্ডার্রাসও হয়ে যেতো বাড্ডা জাগরনী, উদ্বোধনী ম্যাচে যাদের কাছে হার মানতে হয়েছিল বি. লিগ চ্যাম্পিয়ন আবাহনীকে।
মূলত ওয়ান্ডারার্সের দুই আফ্রিকান কাইউন লুন্টি ও ওপারা লুকশাল বার বার মুক্তিযোদ্ধা ডিফেন্সে হানা দিয়ে ভীতির সঞ্চার করেছেন। ২৯ মিনিটে কবিরের থ্রু-পাস আয়ত্তে নিয়ে লুন্টি মুক্তিযোদ্ধার বক্সে ঢুকে দারুণ একটা সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু তার শটটা গোলরক্ষক আমিনুল হকের সোজাসুজি হয়ে যাওয়াতে বেঁচে গেছে জায়ান্টরা। ৩৫ মিনিটের মথায়ও সতীর্থ ওপারা লুকশাল দারুণ এক বল বানিয়ে দিলেও ওই লুন্টি বাইরে মেরে নষ্ট করেছেন সুযোগ। তবে ৪৮ মিনিটে তার পোস্টে রাখা শটটি রুখতে বেশ বেগ পেতে হয়েছিল আমিনুলকে। প্রথমবারের ব্যর্থতায় গ্রি"প থেকে বল বের হয়ে গেলেও কাছে-ধারে ওয়ান্ডারার্সের কোনো খেলোয়াড় ছিল না বলেই রক্ষা পেয়েছে।
প্রতিপক্ষ মুক্তিযোদ্ধার প্রথমার্ধে উল্লেখ করার মতো আক্রমণ বলতে ২৬ মিনিটে আরমানের একটি ৩০ গজী শট, সেটা ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেছেন ওয়ান্ডারার্স গোলরক্ষক জাহাঙ্গীর আলম। গোল করার লোক আলফাজ-কাঞ্চনরা একেবারেই অকার্যকর, মাঝমাঠ থেকে কয়েকবার তাদের পায়ে বল দিলেও বেশিরভাগ সময় প্রতিপক্ষের পায়ে জমা দিয়েছেন তারা। অবস্থা এতটাই খারাপ ছিল যে দ্বিতীয়ার্ধে তারকা আলফাজকে তুলে নিয়ে তরুণ এনামুলকে নামায় মুক্তিযোদ্ধা। কিন্তু ফলে কোনো হেরফের হয়নি। নিজেদের প্রথম ম্যাচেই পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হয়েছে মুক্তিযোদ্ধাকে।
টানা দুই দিন এমন 'জায়ান্ট কিলিং' ঘটার কারণ হিসেবে অনেকেই বলছেন সিনিয়র ডিভিশন লিগের দলগুলো খেলার মধ্যে আছে বলেই ভাল করছে। আর বি. লিগের দলগুলো খেলতে নামছে প্রায় ৬ মাস পর! তাই ভিক্টোরিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে আরামবাগও। আরেকটু হলে হয়তো গোলও খেয়ে বসতো।
ভাগ্য ভিক্টোরিয়ার সহায় ছিল না বলেই গোল পায়নি। ৭৯ মিনিটে তাদের তুর্যর হেডে গোলরক্ষক পিরুর ফিস্ট ক্রসবারের নীচে লেগে গোললাইনের ওপরে পড়ায় বেঁচে গেছে আরামবাগ। ২৭ মিনিটে মিঠুনের ডানদিক থেকে বানিয়ে দেওয়া চলতি বলের ওপর দারুন এক শট নেন জহিরুল, কিন্তু সেটাও ঠেকিয়ে দিয়েছেন পিরু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪০ঘ.
bdnews24