ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- যাবতীয় অনিশ্চিয়তা কাটিয়ে যে টুর্নামেন্টটি অবশেষে মাঠে গড়িয়েছে তার উদ্বোধন হয়েছে দুর্দান্ত এক চমক দিয়েই। আবাহনীর বিপক্ষে বাড্ডা জাগরনীর ১-০ গোলে জয়ের চমক। কিন্তু এই চমক আয়োজকদের একটু ভাবিয়ে তুলেছে, বি. লিগ চ্যাম্পিয়নরা ছিটকে পড়লে প্রতীতি ফার্মা বিজয় দিবস ক্লাব কাপের আকর্ষণেও যে খানিকটা ভাটা পড়বে!
মোহামেডানের এই উদ্যোগ অনেক আগের হলেও তাকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছিল মাঠ সমস্যা ও প্রাকৃতিক বৈরিতা। এক সময় বঙ্গবন্ধু স্টেডিয়াম হয়ে গেল দুর্লভ, সেটা কাটিয়ে ওঠার পর দেখা গেল কনকনে ঠান্ডা হাওয়াসহ বৃষ্টি, যা এদেশে ফুটবলের জন্য অনুপযোগী। গত দুদিনের সূর্যের হাসিতে সেই দুর্বিপাকের যখন অবসান হয়েছে বলে মনে করা হচ্ছিল তখন বুধবার আবার তা হাজির আরো ভয়ংকর রূপ নিয়ে। ফুটবল-দেবতার মায়াও যেন ওঠে গেছে এখানকার ফুটবল থেকে।
অবশেষে এই বৈরি পরিবেশেই প্রায় শ'চারেক দর্শকের উপস্থিতিতে ছেলেমেয়ারা মাঠে নানা ডিসপ্লে করলো। কনকনে হাওয়ার মধ্যেই টুর্নামেন্টের আটটি দলের জার্সি পড়ে মার্চপাস্ট করে গেছে শিশুরা। আর্কষণের পরিবর্তে কোনোরকমে নিয়মরক্ষার উদ্বোধনী অনুষ্ঠান শেষ হলো প্রধান উপদেষ্টার বিশেষ সহকরী মাহবুব জামিলের টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে।
তারপর ঠান্ডার মধ্যেও আবাহনী-বিরোধীদের উত্তাপ উপহার দিয়ে গেছে বাড্ডা জাগরনী। শুরু থেকে আবাহনীর তোপে ম্লান থাকলেও শেষপর্যন্ত তারাই বাজিমাত করেছে মিলনের গোলে। বলতে হবে খেলার ধারার বিপরীতেই গোল খেয়ে বসেছে আবাহনী। হারের জন্য অনেকাংশে দায়ি আবাহনীর শাহাজউদ্দিন টিপু, প্রথমার্ধে এই সুপার-সাব গোল মিসের মহড়া না দিলে হয়তো এই অঘটন ঘটতো না।
৪১ মিনিটে বাঁদিক থেকে পাঠানো ওয়ালী ফয়সালের দুর্দান্ত ক্রসটি পোস্টে পাঠাতে ব্যর্থ হয়েছেন আবাহনী এই স্ট্রাইকার। হাঁটুর উচ্চতার ক্রসে তিনি হেড করতে গেছেন, তা নিরীহ এক হেড এবং লক্ষ্যভ্রষ্ট। তার আগে ৩২ মিনিটে রবিন ডানদিক থেকে একটি লব ফেলেন বাড্ডার পোস্টের সামনে, গোলরক্ষক নেহাল বলে ফ্লাইট মিস করার সঙ্গে সঙ্গে টিপুও করেছেন একই কাজ। অবশ্য তার ৪৩ মিনিটের চেষ্টাটির জন্য তিনি দায়ী নন, তার হেড ঠেকিয়ে দিয়েছে ক্রসবার।
পুরো প্রথমার্ধ জুড়ে আবাহনী খুব আক্রমনাত্মক মেজাজে খেলেছে। চোখে পড়েনি 'খ্যাপ' খেলার ঘাটতিটুকু। কিন্তু ওই সময়ে গোল বের করতে না পারায় এবং দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেয়ে চাপের মুখে পড়ে যায়। ৪৭ মিনিটে মিলনের গোলটি হয়েছে খেলার ধারার বিপরীতে এবং অবশ্যই তা আবাহনীর দুই ডিফেন্ডার নজরুল ও সিরাজীর অসামান্য এক 'উপহার'। বাড্ডার মিলন বল নিয়ে আবাহনীর ডিফেন্সে হানা দিচ্ছেন আর এই দুই ডিফেন্ডার ব্যর্থতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছেন। বাড্ডার এই ফরোয়ার্ড তাদের ফাঁকি দিয়ে আবাহনীর গোলরক্ষক বিপ্লবকে বোকা বানিয়েছেন বাঁ পায়ের প্লেসিং শটে গোল করে।
তারপর থেকে ছিন্নভিন্ন আবাহনী। তিনটি পরিবর্তন করেও ম্যাচের সেই গতি ও আক্রমণ ধরে রাখতে পারেনি। যার ফল পুরনো "কুফা" বাড্ডা জাগরনীর কাছে লজ্জাকর পরাজয় দিয়েই ক্লাব কাপ ফুটবল শুরু হলো বি. লিগ চ্যাম্পিয়নদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১১৫ঘ.
bdnews24