ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ফুটবলের ডিএফএ বিতর্ক অবসানের জন্য নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। সেটা হচ্ছে, বাংলাদেশের একটা প্রতিনিধিদল শিগগির এএফসি প্রধান মোহাম্মদ বিন হাম্মামের সঙ্গে আলোচনায় বসবেন। এবং ডিএফএ (জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন) গঠনতন্ত্রের নেতিবাচক দিকগুলো তুলে ধরবেন এবং হাম্মামের মাধ্যমে ফিফাকে বাংলাদেশের প্রেক্ষাপটটা বোঝানোর চেষ্টা করা হবে।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে ডাক পড়েছিল বাফুফের ভারপ্রাপ্ত সভাপতি মনির আহমেদ, সহ সভাপতি আব্দুর রহিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালুর। তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন বিওএ'র ভারপ্রাপ্ত মহাসচিব কুতুব উদ্দিন আহমেদ ও বিওএ প্রধান নির্বাহী কর্ণেল (অব.) ওয়ালী উল্লাহ। সেখানে উপস্থিত ছিলেন বাফুফের বাইরে থাকা সংগঠক দলের নেতৃবৃন্দ বাদল রায়, শওকত আলী খান জাহাঙ্গীর, ফজলুর রহমন বাবুল ও নুরুল আলম চৌধুরী। এই ত্রিপক্ষীয় অনানুষ্ঠানিক সভায় ফিফা প্রস্তাবিত ডিএফএ গঠনতন্ত্রের দুর্বল জায়গাগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং এসব তুলে ধরার জন্য প্রাথমিকভাবে এএফিস প্রধানের কাছে একটা প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
ফিফা বলেছে ডিএফএ গঠনের পরেই হবে বাফুফে নির্বাচন। কিন্তু সেই সুযোগে ডিএফএ'র গঠনতন্ত্রকে বানানো হয়েছে বাফুফের বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটির আবার নির্বাচিত হয়ে আসার সিঁড়ি হিসেবে। যে কারণে তারা সাধারণ সভার সম্মতি ছাড়াই ফিফার দোহাই দিয়ে নেমে পড়েছে ডিএফএ গঠনে। এই ডিএফএ গঠনতন্ত্রের বড় দূর্বল জায়গা হচ্ছে, তার সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা থাকতে পারবে না। মানে জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন নাম হলেও তাতে জেলা প্রশাসক কিংবা বিভাগীয় কমিশনারের কোনো অর্ন্তভুক্তি থাকবে না। এসব বিষয়গুলো গত ৬ মাস ধরে বিভিন্নভাবে সমালোচিত হলেও বাফুফে তা ধর্তব্যের নেয়নি। কিন্তু গত ১৩ জানুয়ারি যখন বিওএ প্রেসিডেন্ট সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ যখন এ নিয়ে মুখ খুলেছেন তখন সবাই নড়েচড়ে বসেছেন। তিনি স্পষ্ট করেই বলেছিলেন, "স্থানীয় জেলা প্রশাসকদের বাদ দিয়ে ডিএফএ গঠিত হলে জেলার ফুটবল একেবারে শেষ হয়ে যাবে। এ নিয়ে আমরা ফিফার সঙ্গে কথা বলবো।"
ফিফার সঙ্গে কথা বলার আগে শনিবার এই ত্রিপক্ষীয় সভায় ডিএফএ'র দূর্বল দিকগুলো নিয়ে আলোচনা হয়েছে। বিওএ প্রধান নির্বাহী কর্ণেল (অব.) ওয়ালী উল্লাহ জানিয়েছেন, "একটা চেষ্টা হচ্ছে ডিএফএ-টা কীভাবে গ্রহণযোগ্যভাবে গঠন করা যায়। সরকারকে কীভাবে এর সঙ্গে যুক্ত করা যায়।" তবে সভায় উপস্থিত ফজলুর রহমান বাবুল দিয়েছেন প্রতিনিধি দল পাঠানোর খবর। তিনি বলেছেন, "ফুটবলের উন্নতির স্বার্থেই ডিএফএ'র দুর্বল দিকগুলো নিয়ে এএফসি প্রধানের সঙ্গে আলোচনার জন্য একটা প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। শিগগির তারা হাম্মামের সঙ্গে দেখা করে বাংলাদেশের প্রেক্ষাপটে ডিএফএ'র দুর্বল দিকগুলো তুলে ধরবে এবং একটা উপায় খুঁজে বের করবে।" এই প্রতিনিধিদল হবে ৫ সদস্যের, তাতে বাফুফের দুজন, বাফুফের বাইরে থাকা সংগঠকদের মধ্য থেকে দুজন এবং বিওএ'র একজন কর্মকর্তা থাকতে পারেন বলে জানিয়েছেন বাবুল। বাফুফেকে বলা হয়েছে হাম্মামের সঙ্গে সাক্ষাতের সূচী ঠিক করতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২১৫ঘ.
bdnews24