ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- খেলার দাবিতে আবারো আন্দোলনমুখী ফুটবলাররা। বৃহস্পতিবার বুয়েট মাঠে খেলোয়াড়রা সভা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে শেষ সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেটা হচ্ছে আগামী ২৪ জানুয়ারি মধ্যে বি. লিগসহ অন্যন্য লিগ টুর্নামেন্টের সূচী জানাতে হবে বাফুফেকে। নইলে ২৫ জানুয়ারি থেকে সবরকমের টুর্নামেন্ট বর্জন করার হুমকি দিয়েছেন খেলোয়াড়রা।
একদিন আগেই খেলোয়াড়দের মধ্যে আন্দোলনের গুঞ্জন শোনা গিয়েছিল। বৃহস্পতিবার সেটা আনুষ্ঠানিক রূপ পেয়েছে বুয়েট মাঠে ঢাকা একাদশ বনাম লন্ডন টাইগার্সের ম্যাচ শেষে। সেখান থেকেই বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয় ঘোষণা দিয়েছেন, "চার-পাঁচ মাস আগে প্রথম বি. লিগ শেষ হয়ে গেলেও এখনো তার দ্বিতীয় আয়োজনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। জানুয়ারির মধ্যে বাফুফে দলবদলের সূচী দেওয়ার কথা বললেও তা তারা দেয়নি। তাই আমরা আহ্বান জানাচ্ছি, আগামী ২৪ জানুয়ারির মধ্যে সব লিগ, টুর্নামেন্টের একটা ক্যালেন্ডার ঘোষণা করতে হবে। তা না হলে সব ধরনের ফুটবল বর্জন করবে ফুটবলাররা।"
তার মানে হুমকির মুখে পড়ে গেল মোহামেডানের বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট। মোহামেডান আগামী ২৬ তারিখ থেকে এই টুর্নামেন্ট শুরু করার ঘোষণা দিলেও হাসান আল মামুন স্পষ্ট জানিয়েছেন, "আমরা আল্টিমেটামে অনড়। বিজয় দিবস টুর্নামেন্ট কেন, কোনো ফুটবল টুর্নামেন্টেই অংশ নেবে না ফুটবলাররা।"
গত জুলাইয়ে শেষ হয়েছে বি. লিগ। তারপর প্রায় সাড়ে ৫ মাস কেটে গেলেও পেশাদার ফুটবলারদের জন্য কোনো টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেই বাফুফের। হাসান আল মামুনের চোখে এই লিগ বাফুফে এবং বাংলাদেশের ফুটবলের বর্তমান অবস্থার সঙ্গে একেবারেই বেমানান। জাতীয় দলের এই ডিফেন্ডার বলেছেন, "যারা পুরনো লিগগুলিই নিয়মিত আয়োজন করতে পারে না, যাদের বিরুদ্ধে খেলোয়াড়দের আন্দোলনে নামতে হয় খেলার দাবিতে, তাদের কারণে পেশাদার ফুটবল লিগ আসেনি। বরং এখানে জোর করে চালু করে হাস্যকর করে তোলা হয়েছে পেশাদার ফুটবলের ধারণাটাকে।" আসলেও তাই হয়েছে। যেমন হাসান আল মামুনদের গায়ে লাগিয়ে দেওয়া হয়েছে পেশাদার খেলোয়াড়ের লেবেল। বাফুফে সীমারেখা বেঁধে দিয়েছে, আর অন্য কোনো অপেশাদার লিগে খেলতে পারবেন না তারা। কিন্তু ওই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা ঢাকার বাইরে বিভিন্ন জেলায় নিয়মিত লিগ ও টুর্নামেন্ট খেলে গেছেন। কারণ এই পেশাদার ফুটবল তাদের আর্থিক সুরক্ষা দিতে পারেনি। পারেনি বি. লিগ নিয়মিত মাঠে গড়ানোর নিশ্চয়তা। ফুটবলই তাদের জীবিকার একমাত্র উপায়-অবলম্বন। সেই ফুটবল যখন বাফুফে-কর্তাদের রাজনীতির অবলম্বন হয়ে ওঠে তখন চারদিকে অন্ধকার দেখেন ফুটবলাররা।
এই প্রেক্ষাপটেই মাসুদ রানা, জুয়েল রানা, প্রদীপ, এমিলিরা আন্দোলনমুখী হয়েছেন। "এটা খুব দুঃখজনক যে খেলার জন্য আমাদের আন্দোলন করতে হয়। আমাদের কাজ কিন্তু খেলা, আন্দোলন করা নয়। তাই ফুটবল ফেডারেশনকে খেলা চালুর আহ্বান জানাচ্ছি এবং আলোচনার টেবিলে বসে একটা সুন্দর দিকনির্দেশনা আশা করছি তাদের কাছ থেকে"--- বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জুয়েল রানা। আগামী দু-একদিনের মধ্যে লিখিতভাবে বাফুফেকে তাদের কথা জানাবেন খেলোয়াড়রা।
তাদের সঙ্গে সংহতি জানাতে বুয়েট মাঠে এসেছিলেন খেলার মাঠকে বিদায় জানানো ইমতিয়াজ আহমেদ নকীব ও সাবেক তারকা কায়সার হামিদ। কায়সার হামিদও বাংলাদেশের ফুটবল নিয়ে আশংকা প্রকাশ করে বলেছেন, "ফুটবলের এই দৈন্যদশা দেখে আমরা সত্যিই উদ্বিগ্ন। শিগগির কোনো ব্যবস্থা না নিলে খেলাটা বিলুপ্ত হয়ে যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১৩০ঘ.
bdnews24