মাদ্রিদ/রোম, ১৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থাকায় স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় তারা এখন বেশ নিশ্চিন্তে। কিন্তু সেই রিয়াল মাদ্রিদকেই স্প্যানিশ কিংস কাপ থেকে বেশ আগেই বিদায় নিতে হলো। বুধবার নিজেদের মাঠেই রিয়াল মায়োর্কার কাছে ০-১ গোলের পরাজয় প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে দিয়েছে তাদের। স্প্যানিশ চ্যাম্পিয়নদের মতো চ্যাম্পিয়নস লিগ বিজয়ীদেরও ভালো কাটেনি রাতটা। ক্যাটানিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে কোয়ার্টার ফাইনালের আগেই ইতালিয়ান কাপকে বিদায় জানিয়েছে এসি মিলান।
সান্টিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় সারির দল নিয়ে নামলেও প্রাধান্য ছিল রিয়ালেরই। কিন্তু সপ্তম মিনিটে মায়োর্কার আর্জেন্টাইন মিডফিল্ডার আরিয়েল ইবাগাজার লক্ষ্যভেদ ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। প্রথম লেগে মায়োর্কার মাঠে ১-২ গোলে হেরে যাওয়া রিয়াল দ্বিতীয়ার্ধে রুড ফন নিস্টলরয় ও রবিনিয়োকে নামিয়েও গোলের দেখা পায়নি। আর তাই ঘরের মাঠে মাথা নিচু করেই এবারের মতো কিংস কাপকে বিদায় জানাতে হয়েছে রিয়ালকে। কোয়ার্টার ফাইনালে মায়োর্কার প্রতিপক্ষ রিয়ালের বর্তমান কোচ বার্নড শুস্টারের সাবেক দল গেটাফে।
প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠ সানসিরোতে ক্যাটানিয়ার কাছে ১-২ গোলে হেরে গিয়েছিল এসি মিলান। তাই ফিরতি লেগ দুই গোলের ব্যবধানে কিংবা ৩-২ বা ৪-৩ ব্যবধানে জিততেই হতো তাদের। কিন্তু ১১ মিনিটে ক্যাটানিয়ার পেরুভিয়ান ফুল ব্যাক হুয়ান ম্যানুয়েল ভার্গাসের ৩০ মিটার দূর থেকে নেয়া তীব্র শট উল্টো মিলানকেই পিছিয়ে দেয়। ৬৮ মিনিটে তরুণ স্ট্রাইকার আলবার্তো পালোসচির গোল সমতায় ফেরালেও তাতে কোনো লাভ হয়নি ইওরোপিয়ান চ্যাম্পিয়নদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৩৫ঘ.
bdnews24