ঢাকা, ১৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আবাহনীর জয় দিয়ে শুরু হয়েছে মহিলাদের ক্রিকেট প্রতিযোগিতা প্যারাস্যুট ওমেন্স ওপেন ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে তারা ২৮ রানে হারিয়েছে প্রান্তিক ক্রীড়া চক্রকে। উদ্বোধনী দিনে খুলনা বিভাগীয় স্টেডিয়ামেও হয়েছে একটি খেলা। তাতে খূলনা ওমেন্স ক্রিকেট একাডেমীর বিপক্ষে ৯ উইকেটে জিতেছে ইস্পাহানী স্পোর্টিং ক্লাব।
ধানমন্ডিতে টস হেরে ব্যাটিংয়ে নামা আবাহনী নির্ধারিত ৩৫ ওভারে ৭ উইকেটে ১৬৪ রান তোলে। দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে একাই টেনেছেন ওপেনার পাপিয়া হক। ৮০ রান করে অপরাজিত ছিলেন তিনি। অন্য ওপেনার ফারজানা রহমান (১৬) ছাড়া আবাহনীর আর কোনো ব্যাটসম্যানই ছুঁতে পারেননি দুই অঙ্ক। এরপর বোলিংয়েও ২৩ রানে ১ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন পাপিয়া। প্রান্তিক নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৩৬ রানের বেশি তুলতে পারেনি।
খুলনায় হেসেখেলেই জিতেছে ইস্পাহানী। তাহিনা তাহেরের (১১ রানে ৫ উইকেট) বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৪৯ রানেই শেষ হয়ে যায় খুলনা ওমেন্স ক্রিকেট একাডেমীর ইনিংস। এই রান ইস্পাহানী মাত্র ৬.১ ওভারেই টপকে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩০ঘ.
bdnews24