ঢাকা, ৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--অবশেষে আবাহনীর এএফসি প্রেসিডেন্টস কাপে খেলার অনুমতি মিলেছে। সোমবার বাফুফের কাছে এক ফ্যাক্সবার্তায় আবাহনীকে এই টুর্নামেন্টে খেলার অনুমতির কথা জানিয়েছে এএফসি।
নিয়ম হচ্ছে এশিয়ার ফুটবলের তৃতীয় সারির দলগুলোর জাতীয় লিগ চ্যাম্পিয়নদের নিয়ে হয় এই টুর্নামেন্ট। কিন্তু গত দু'বছর জাতীয় ফুটবল লিগ আয়োজন করতে পারেনি বাফুফে। যে কারণে বাংলাদেশের কোনো ক্লাবের এএফসি প্রেসিডেন্টস কাপে খেলার সুযোগ না পাওয়ারই কথা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনও শুরুতে তাই বলেছিল। তারপরও তারা এএফসির সঙ্গে যোগাযোগ করেছে বি. লিগ চ্যাম্পিয়ন আবাহনীকে সুযোগ দেওয়ার অনুরোধ করে। সোমবার সম্মতিসূচক জবাব দিয়েছে এএফসি। আবাহনী ছাড়া ভুটান, নেপাল, কিরঘিজস্তান, কম্বোডিয়া, তাইওয়ান, মিয়ানমার, শ্রীলঙ্কা, তাজিকস্তান, তুর্কমেনিস্তান ও পাকিস্তানের জাতীয় লিগ চ্যাম্পিয়নরা খেলবে এই টুর্নামেন্টে। আগামী ২০ মার্চ থেকে শুরু হবে বাছাইপর্ব। দুই সেমিফাইনাল ও ফাইনালের চূড়ান্ত পর্ব হবে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। যদিও ভেন্যু চূড়ান্ত হয়নি এখনো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১০৫ঘ.
bdnews24