ঢাকা, ৫ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিশেষ সাধারণ সভার দাবি বাফুফের কাছে মুখ থুবড়ে পড়ায় এখন মামলার আশঙ্কা ভর করেছে বাংলাদেশের ফুটবলে। বাফুফের কাছে উপেক্ষিত হয়ে কয়েকজন কাউন্সিলর অধিকার আদায়ের দাবিতে আদালতের দ্বারস্থ হওয়ার হুমকি দিচ্ছেন।
কাউন্সিলরদের মধ্যে বিশেষ সাধারণ সভার দাবি উঠেছে ডিএফএ (জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন) গঠন নিয়ে। অনেকটা গোপনেই বাফুফের বর্তমান কমিটি গঠনতন্ত্রে একটা বড় পরিবর্তন করেছে। কাউন্সিলর তালিকা থেকে ডিএসএ (জেলা ক্রীড়া সংস্থা) বাদ দিয়ে ডিএফএ অন্তর্ভুক্ত করেছে। নতুন এই সংগঠনের কথা শুনে অনেক কাউন্সিলর যেন আকাশ থেকে পড়েছেন। তাদের অজান্তে পরিবর্তনের কথা শোনার পর থেকেই তারা সরব হয়েছেন বিশেষ সাধারণ সভার দাবিতে। এগুলোকে অগ্রাহ্য করে চেয়ারের লোভে বাফুফের সভাপতি এস এ সুলতান ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে নিজেকে বিতর্কিত করে তুলেছেন। যার পরিণতি হচ্ছে এখন বাফুফের অকার্যকর সভাপতি সুলতান। তার হয়ে দায়িত্ব পালন করছেন সিনিয়র সহ সভাপতি মনির আহমেদ।
বিতর্কিত সভাপতির অনানুষ্ঠানিক বিদায়ে আপাতভাবে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠানের দুয়ার খুলে গেছে মনে হলেও আসলে খুলেনি। দেখা গেল "সুলতানী আমলে" মুখোশ পড়ে থাকা কমিটির অন্যরা এবার মুখোশ খুলে ফেলেছেন। নিজেদের স্বার্থে বিশেষ সাধারণ সভার (ইজিএম) বিপক্ষে গিয়ে দাঁড়িয়ে গেছেন। গত ১ জানুয়ারি ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরীও ডিএফএ গঠনের আগে ইজিএমের তাগিদ দিয়েছেন। একদিন পরে সেই তাগিদও উপেক্ষিত হয়েছে বাফুফের জরুরি সভায়। নেওয়া হয়েছে ঠিক উল্টো সিদ্ধান্ত-- ডিএফএ গঠনের পর ডাকা হবে ইজিএম।
৩ জানুয়ারির সভার এই সিদ্ধান্ত দেখে অনেকেই বিস্মিত। কারণ এটাকে ইজিএমের দিন-তারিখ ঠিক হওয়ার সভা বলে উল্লেখ করেছিলেন সভাপতির দায়িত্বরত সহ সভাপতি মনির হোসেন। ইজিএমের প্রতি তাদের অনীহা দেখে কাউন্সিলরদের মনে নানা সন্দেহ দানা বাঁধছে। নড়াইলের কাউন্সিলর আশিকুর রহমান মিকুর সন্দেহ, "ইজিএম হলে হয়তো ডিএফএ-টা বৈধতা পাবে। কিন্তু তাদের (বর্তমান কমিটির) আচরণ দেখে মনে হচ্ছে গোপনে কিছু সেরে ফেলতে চাইছে তারা। এখন যে কেউ আদালতে যেতে পারে তার অধিকারের দাবিতে। কারণ কাউন্সিলর হিসেবে গঠনতন্ত্রের পরিবর্তনে মতামত দেওয়ার অধিকার খর্ব হয়েছে আমার।" এজন্য তিনি গত ১০ ডিসেম্বর উকিল নোটিশও পাঠিয়েছিলেন বাফুফের কাছে। এখনও পর্যন্ত তার জবাব পাননি মিকু।
অন্য কাউন্সিলর বাফুফের সাবেক সহকারী সম্পাদক বাদল রায়ও চিন্তা করছেন আদালতে যাওয়ার কথা, "আমরা তাদের বারবার অনুরোধ করেছি ইজিএম দেওয়ার জন্য। তারা যখন অনুরোধ কানে তুলছে না তখন তো বিকল্প চিন্তা করতে হবে। আদালতে যাওয়া ছাড়া আর কোনো পথ দেখছি না। সবার সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেবো।" ক্ষয়িষ্ণু ফুটবলকে আদালতে টেনে তোলা মানে দেশের ফুটবলের প্রায় সমাধি হয়ে যাওয়া।
কিন্তু তাতে বিন্দুমাত্র ভয় নেই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালুর। নির্বিক চিত্তে তিনি বলেছেন, "আদালতে গেলে যাবে, তাতে সমস্যা নেই। এজন্য ফুটবলে ডেডলক তৈরি হবে, এটা আমার মনে হয় না। আদালত কী করবে, আমাদের তো ফিফার পরামর্শ মেনেই চলতে হবে।"
ফিফা কী কাউন্সিলরদের অধিকার বঞ্চিত করার কথা বলে? তার কোনো স্পষ্ট জবাব নেই মালুর মুখে। এড়িয়ে গেলেন সভাপতির দায়িত্বরত মনির হোসেনও। টের পাবেন অধিকার বঞ্চিত কাউন্সিলরা যখন আদালতে টেনে তুলবেন বাফুফের অধিকার লুটেরাদের !
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২০১৩ঘ.
bdnews24