মাদ্রিদ, ৩ জানুয়ারি (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শেষ মিনিটের গোল নির্ধারণ করে দিয়েছে তিন ম্যাচের ভাগ্য। বুধবার স্প্যানিশ কিংস কাপের খেলায় রিয়াল মাদ্রিদ ২-১ গোলের জয় পেয়েছে আলিসান্তের বিপক্ষে। শেষ মিনিটের গোলে আলকোয়ানোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেভিয়া ৪-৩ গোলে ডেনিয়াকে হারিয়ে শেষ ষোলতে সঙ্গী হয়েছে রিয়াল-বার্সার।
ডাচ উইঙ্গার আরজেন রোবেন ক্লাবের পক্ষে তার প্রথম গোল করে এগিয়ে দিয়েছিলেন রিয়ালকে। বিরতির পর স্ট্রাইকার বোজরার হেডে সমতায় ফেরে আলিসান্তে। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা বাতিল হয়ে যায় গুতির দুর্দান্ত এক ফ্রিকিকে। শেষ মিনিটের এই গোলে দুলেগ মিলিয়ে ৩-২ গোলের জয় নিশ্চিত হয়েছে রিয়ালের। ন্যু ক্যাম্পে প্রথম লেগে ৩-০ গোলে জিতে এগিয়ে থাকা বার্সেলোনার পক্ষে প্রথম ১১ মিনিটে দু গোল করেছিলেন ফরোয়ার্ড সান্তিয়াগো এজকুয়েরো। কিন্তু পেরোনার পেনাল্টি ও শেষ মুহূর্তে আরনাউর গোলে ড্র নিয়ে ফেরে আলকোয়ানো। ৩-২ গোলে পিছিয়ে থেকে কিংস কাপ থেকে ছিটকে পড়ার আশঙ্কায় ভুগছিল শিরোপাধারী সেভিয়া। ৮৮ মিনিটে আরনেস্তো শেভান্তন ও একদম শেষ মিনিটে পেনাল্টি থেকে ফ্রেডরিক কানুতের গোলে মান বেঁচেছে তাদের।
গতবারের রানার্স আপ গেটাফে ৪-১ গোলে বার্গোসকে হারিয়ে নিশ্চিত করেছে পরের পর্ব। আধঘণ্টার এক ঝড়ে ওসাসুনাকে ৪-০ গোলে হারিয়ে রিয়াল মায়োরকাও উঠে গেছে তাতে। দেপোর্তিভো লা করুনা ৩-২ গোলের অ্যাগ্রিগেটে হেরেছে এসপানিওলের কাছে। রিয়াল মার্সিয়ার বিপক্ষে দুলেগ মিলিয়ে ৪-৩ গোলে জিতেছে ভ্যালাদোলিদ। এছাড়া অ্যাটলেটিকো মাদ্রিদ, ভিলারিয়াল, ভ্যালেন্সিয়া, রিক্রিয়েটিভো হেলুভা, রেসিং সান্তান্দার, রিয়াল বেটিস ও অ্যাথলেটিক বিলবাও নিশ্চিত করেছে পরের পর্বে খেলা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৫০৮ঘ.
bdnews24