২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

পেলে তাকে আদর করে ডাকেন 'মহিলা পেলে'। মহিলা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে সেই মার্তারই পেনাল্টি মিস সর্বনাশ করলো ব্রাজিলের। রোববার মার্তার এই ভুলকে কাজে লাগিয়ে জার্মানি ২-০ গোলে হারিয়ে দিয়েছে ব্রাজিলকে। সেই সঙ্গে অক্ষুন্ন রেখেছে বিশ্বকাপের শিরোপাও। টুর্নামেন্টে এর আগে একটিও গোল খায়নি জার্মানি। অন্যদিকে মার্তার ৭টি সহ সেমিফাইনাল পর্যন্ত ব্রাজিল পেয়েছিল ১৭ গোল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2007, 04:02 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

সাংহাই, ৩০ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পেলে তাকে আদর করে ডাকেন 'মহিলা পেলে'। মহিলা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে সেই মার্তারই পেনাল্টি মিস সর্বনাশ করলো ব্রাজিলের। রোববার মার্তার এই ভুলকে কাজে লাগিয়ে জার্মানি ২-০ গোলে হারিয়ে দিয়েছে ব্রাজিলকে। সেই সঙ্গে অক্ষুন্ন রেখেছে বিশ্বকাপের শিরোপাও। টুর্নামেন্টে এর আগে একটিও গোল খায়নি জার্মানি। অন্যদিকে মার্তার ৭টি সহ সেমিফাইনাল পর্যন্ত ব্রাজিল পেয়েছিল ১৭ গোল। জার্মানদের শক্তিশালী ডিফেন্সের সঙ্গে ব্রাজিলের আক্রমণভাগের লড়াই তাই ফাইনালের আগে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছিল। বলাই বাহুল্য সেই লড়াইয়ে ব্রাজিলের মেয়েরা ব্যর্থ। গোলশূন্য প্রথমার্ধের পর ৫২ মিনিটে জার্মানিকে এগিয়ে দেন তাদের সবচেয়ে বড় তারকা বিরজিত প্রিঞ্জ। ১১ মিনিট পর লিন্ডা ব্রেসোনিক ক্রিস্টিয়ানাকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু মার্তার শট ঠেকিয়ে দেন জার্মান গোলকিপার নাদিন অ্যাঞ্জারার। ব্রাজিল গোল শোধ করার জন্য অনেক চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। বরং ৮৫ মিনিটে সিমোনে লডারের লক্ষ্যভেদ নিশ্চিত করে দেয় জার্মান মেয়েদের বিশ্ব জয়। এই জয় দিয়ে একটা রেকর্ড গড়েছে তারা। এত দিন মহিলা বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় গোল না খাওয়ার (৪৪২ মিনিট) রেকর্ড ছিল চীনের দখলে। এবারের টুর্নামেন্টে ৬১৯ মিনিট গোল না খেয়ে রেকর্ডটা নিজেদের করে নিল জার্মানি। সেই সঙ্গে একটা প্রতিশোধও নিয়েছে তারা। ৫ বছর আগে পুরুষদের বিশ্বকাপের ফাইনালে রোনালদোর দুই গোলে ব্রাজিল ২-০ ব্যবধানে হারিয়েছিল জার্মানিকে। একই ব্যবধানে একই প্রতিপক্ষকে ফাইনালে হারিয়ে যেন তার শোধটা নিলো জার্মানির মহিলা ফুটবলাররা। এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে যুক্তরাষ্ট্র ৪-১ গোলে হারিয়েছে নরওয়েকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৩৫ঘ.