ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- প্রথমার্ধের প্রতিরোধের বাঁধ ভেঙ্গে গেল দ্বিতীয়ার্ধে, তাই ৬-০ গোলে হার মেনেই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। তবে চেন্নাইয়ে অনুষ্টিত ভারতের বিপক্ষে এশিয়া কাপের এই হারা ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি হচ্ছে গোলরক্ষক জাহিদ হোসেনের ম্যাচ সেরার স্বীকৃতি। পোস্টে তিনি অমন প্রাচীর হয়ে না দাঁড়ালে স্কোরলাইনটা বাংলাদেশের জন্য আরো অসম্মানজনক হতে পারতো।
পুরো ম্যাচ একচ্ছত্র আধিপত্য বজায় রেখে খেলে গেছে ভারত। কারণ বাংলাদেশ শুরু থেকেই রক্ষণাত্মক। এমনই সেই স্ট্র্যাটেজি যে প্রায় সময় সবাই মিলে ঠেকানোর কাজ করে গেছেন। কিন্তু তাতে অনন্য গোলরক্ষক জাহিদ হোসেন; মূলত তার অসাধারণ পারফরম্যান্সের কারণে এশিয়া কাপ চ্যাম্পিয়নদের মাত্র এক গোল নিয়ে প্রথমার্ধ শেষ করতে হয়েছে। ৩১ মিনিটে রগুনাথের করা সেই গোলে এগিয়ে যায় ভারত।
ওভাবে দ্বিতীয়ার্ধ কাটিয়ে দেওয়া গেলে হারটা সম্মানজনক হয়। কিন্তু প্রতিরোধ ভেঙ্গে যায় দ্বিতীয়ার্ধে, শুরুর ৩ মিনিটেই দুই গোল খেয়ে ৩-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৩৭ মিনিটে তুষার খন্দকার ও ৩৮ মিনিটে শিবেন্দ্র গোল করেন। তিন গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ মাঝমাঠে ওঠে খেলার চেষ্টা করতেই যেন গোলের স্্েরাত আরো বেড়ে যায়। মাঝমাঠে ওঠে যে আক্রমণ করার চেষ্টা করেছে তা-ও নয়, তুলে মেরে বল বাইরে ফেলেছে বারবার। পুরো ম্যাচে মাত্র ৩ বার ভারতের ডিফেন্স পর্যন্ত পৌছাঁতে পেরেছে বাংলাদেশ।
ম্যাচে বাংলাদেশের সাফল্যটা আসলে পেনাল্টি কর্ণার ঠেকানোয়। সেখানেও সবার আগে আসবে জাহিদ হোসেনের অসাধারণ কিপিং; পেনাল্টি কর্নার থেকে ভারতের একাধিক হিট এবং স্কুপ ফিরিয়ে দিয়েছেন তিনি। ভারতের নেওয়া ৮টি পেনাল্টি কর্ণারের মধ্যে তাই গোল হয়েছে মাত্র একটি। সেটি ৫৭ মিনিটে প্রভজ্যোৎ সিংয়ের। এর আগে ৪৯ মিনিটে চতুর্থ গোলটিও এসেছে তার স্টিক থেকে। ৬৬ মিনিটে রগুনাথের দ্বিতীয় গোলে ভারত ৬-০ গোলের জয় দিয়ে এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করে।
এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ ৬-০ গোলে হেরেছিল চীনের কাছে। গ্র"পের চার ম্যাচের দুটোতে জেতা বাংলাদশের সংগ্রহ ৬ পয়েন্ট। আগমী বৃহস্পতিবার গ্র"পে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে কোরিয়ার মুখোমুখি হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৩০ঘ.
bdnews24