পুয়ের্তো লা ক্রুজ, ৮ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---গোটা ম্যাচ জুড়েই সাইড লাইনে সোল্লাসে লাফিয়েছেন। সংবাদ সম্মেলনে আরো ব্যাপ্তি পেলো কার্লোস দুঙ্গার হাসি। এবং ব্রাজিল কোচের "কেমন দিলাম" অভিব্যক্তির সামনে নতমুখ হওয়া ছাড়া কি গতি সে দেশের মিডিয়ার! গোটা টুর্নামেন্টে ব্রাজিল জঘন্য খেলছে, দুঙ্গার কৌশল অতিরক্ষণাত্মক- ইত্যাদি সমালোচনার জবাব দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা চিলিকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে। উঠে গেছে সেমিফাইনালে। মঙ্গলবার অনুষ্ঠেয় সে ম্যাচে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। রোববার দিনের অন্য কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ভেনেজুয়েলাকে ৪-১ গোলে হারিয়ে সেরা চারে জায়গা নিশ্চিত করেছে তারা।
পেলে শুরুতেই বলেছিলেন "ছেলেটা অনেকটা আমার মতোই খেলে"। রোনালদো, রোনালদিনিয়ো ও আদ্রিয়ানোদের ভিড়ে সে স্তুুতির সুবিচার করতে পারেননি রবিনিয়ো। এবারের কোপা আমেরিকায় ব্রাজিলের সবচেয়ে বড় তারকা রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। এবং উপলক্ষ্যে জ্বলে ওঠার অনন্য এক দৃষ্টান্তও রেখেছেন। ব্রাজিলের ৬ গোলে রবিনিয়োর পা থেকে এসেছে একজোড়া। সুবাদে টুর্নামেন্টে এখন তার গোল সংখ্যা ৬টি। ফাইনালসহ ধরলে হাতে এখনও দু ম্যাচ। আর তাতে আর দুটো গোল করলেই পেলের রেকর্ড ছোঁবেন রবিনিয়ো। ১৯৫৯ সালের টুর্নামেন্টে ৮ গোল করেছিলেন পেলে।
চিলি শিবির এমনিতেই টলোমলো ছিল। মদ খেয়ে চিলির কিছু খেলোয়াড় হোটেলে হাঙ্গামা করেছেন, মারপিট করেছেন, আর তা নিয়ে ফেডারেশন শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলে শোনা যাচ্ছিল। তাই চিলিয়ানদের মনোবলে চিড় ধরাটাই ছিল স্বাভাবিক। ব্রাজিল সে সুযোগ নিয়েছে বললে তাদের প্রতি অন্যায় করা হয়। একই প্রতিপক্ষের সঙ্গে আগের তিন ম্যাচের স্কোর লাইন যাদের ৫-০, ৪-০ ও ৩-০, তাদের পক্ষে ৬-১ মোটেও পড়ে পাওয়া চৌদ্দ আনা নয়।
শুরুর আধঘন্টাতেই যা করার করে ফেলেছে ব্রাজিল। মানে জয় নিশ্চিত করে ফেলা যাকে বলে। ১৬ মিনিটের মাথায় কর্ণার থেকে পাওয়া বলে হেড করে ব্রাজিলকে এগিয়ে নেন হুয়ান। পাল্টা আক্রমণ থেকে নিচু শটে গোল করে হুয়ান বাপতিস্তা দ্বিগুন করেন ব্যবধান। তৃতীয় গোলটি এসেছে রবিনিয়োর পা থেকে। গোটা প্রথমার্ধে বলার মতো সুযোগ একটাই পেয়েছিল চিলি, ৩০ গজ দূর থেকে নেওয়া মার্ক গঞ্জালেজের শটটি প্রতিহত হয় ক্রসবারে লেগে। বিরতির পর মিনিট ছয়েকের মাথায় গিলবার্তোর ক্রস জালে পাঠিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নাম লেখান রবিনিয়ো। ৬৯ মিনিটে সেলেকাওদের জার্সি গায়ে নিজের প্রথম গোলটি করেন হোসুউ। চিলির হয়ে একটি গোল শোধ করেছেন হামবার্তো সুয়াজো। গোটা ম্যাচের সেরা গোল ছিল এটি। গিলবার্তোর পায়ের ফাঁক দিয়ে ফ্লিক করে বল বের করেন টেকো মাথার এই স্ট্রাইকার, এরপর প্রায় ২০ মিটার দূর থেকে দুর্দান্ত এক চিপে কিপার দোনির মাথার ওপর দিয়ে জালে পাঠান বল। ব্রাজিলের আক্রমণে তখনও ভাটা পড়েনি। ম্যাচের আর ৫ মিনিট বাকি থাকতে এলানোর সঙ্গে ওয়ান-টু খেলে দারুণ এক গোল করেন ওয়াগনার লাভ।
দিনের অন্য কোয়ার্টার ফাইনালে স্বাগতিকদের হতাশায় ডুবিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টে নিজেদের সেরা খেলাটা খেলেছে উরুগুয়ে। দু গোল করেছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ডিয়েগো ফোরলান। বাকি দুটো গোল এসেছে পাওলো গার্সিয়া ও ক্রিস্টিয়ান রড্রিগুয়েজের পা থেকে। ভেনেজুয়েলার পক্ষে গোল করেছেন হুয়ান আরাঙ্গো।
সোমবার আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামবে পেরুর বিপক্ষে। অন্য কোয়ার্টার ফাইনালটি হবে মেক্সিকো ও প্যারাগুয়ের মধ্যে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৬০৫ঘণ্টা.
bdnews24