ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-
ঢাকা আবাহনী ৭ : রহমতগঞ্জ ০
ম্যাচ শেষে নিজেকে অনেক হালকা লাগছে তার। বুকে জমে থাকা পাথরটা নেমে গেছে। খোলা মাঠে প্রাণভরে নিশ্বাস নিতে পারছেন, হাসতে পারছেন। দুয়ো ধ্বনির পরিবর্তে হাততালি দিয়েই নতুন নায়ককে বরণ করে নিচ্ছে আবাহনীর গ্যালারি। নায়কের নাম জাহিদ হাসান এমিলি; চেনা নাম হলেও তার পায়ের চেনা কাজগুলি প্রায় উধাও হয়ে গিয়েছিল আবাহনীতে এসে। নেমে এসেছিলেন সাধারণ মানে, আর পাঁচ জন স্ট্রাইকারের সারিতে। কিন্তু জাতীয় দলের এই স্ট্রাইকার যে আলাদা তা আবার প্রমাণ করতেই রহমতগঞ্জের জালে ৪ গোল করে মন জয় করে নিয়েছেন আবাহনী সমর্থকদের। তাই এমিলির নায়ক হয়ে ফেরার দিনে ঢাকা আবাহনীও গোলের ঐতিহ্য নিয়ে হাজির; তারা ৭---০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে।
এর আগে আবাহনীর বড় জয় বলতে ফরাশগঞ্জের বিপক্ষে ৩---১ গোলে জয়। আসলে এমিলিসহ দলের বিদেশীদেরও যেন একসঙ্গে গোল খরা রোগে পেয়ে বসেছিল। এজন্য দলের মধ্যে চাপা শঙ্কাও ছিল, ভয় ছিল দুর্বল দলগুলোর সঙ্গে না হোঁচট খেয়ে বসে। প্রথম লেগে যেমন তাদের ভরাডুবি হয়েছিল খুলনা আবাহনীর সঙ্গে। কিন্তু শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যেন জ্বলে উঠলো পুরো দল। তাতেই সব আশঙ্কাকে পেছনে ফেলে রহমতগঞ্জকে গোলবন্যায় ভাসিয়ে ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে মোহামেডান, মুক্তিযোদ্ধা ও শেখ রাসেলের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে গেছে আবাহনী। তবে আবাহনীর চেয়ে অন্য তিন দল একটি করে ম্যাচ বেশি খেলেছে।
শনিবার গোল উৎসবের শুরু সোলেমান চৌহাটকে দিয়ে। ২১ মিনিটে আবুলের সঙ্গে চমৎকার পাস খেলে রহমতগঞ্জের ডিফেন্স ভাঙ্গেন ক্যামেরুনের এই স্ট্রাইকার, তারপর গোলরক্ষক আনোয়ারুলকে পরাস্ত করেন। দ্বিতীয় গোলটি আসে আবুলের হেডে। ৩৭ মিনিটে উজ্জ্বলের কর্ণারে নেওয়া তার চমৎকার হেড রহমতগঞ্জের জালে আশ্রয় নেয়। মিনিট দুয়েক পরেই দ্বিতীয় গোল পেয়ে যান আবাহনীর এই মিডফিল্ডার। বাঁ দিক থেকে ওয়ালী ফয়সালের মাইনাসে এমিলির শট রহমতগঞ্জ গোলরক্ষক আনোয়ারুল ঠেকিয়ে দেয়ার পর আবুলের শট পোস্টে আশ্রয় নেয়। অবশ্য যাওয়ার সময় বলটি রহমতগঞ্জের এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে যায়।
প্রথমার্ধে ৩---০ গোলে এগিয়ে যাওয়া ঢাকা আবাহনী দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে জাহিদ হাসান এমিলির নৈপুণ্যে। ৭১ মিনিটে নিজের প্রথম গোলটিতেই বুঝিয়ে দেন তার দু পায়ের ঝলক এখনো শেষ হয়ে যায়নি। রহমতগঞ্জের ডি বক্সের অনেকটা বাইরে থেকে তিনি আবুলের বাড়ানো পাসটি আয়ত্তে নেন। বলটি রিসিভ করার সময়েই দুজনেক ছিটকে ফেলেন এমিলি, তারপর দুই ডিফেন্ডারকে দু পাশে রেখে ভোঁ দৌড় দেন রহমতগঞ্জের গোলমুখে এবং শেষপর্যন্ত তাদের দর্শক বানিয়েই ডান পায়ের তীব্র শটে নিজের প্রথম গোল করেন। অনেকদিন এরকম দর্শনীয় গোল দেখা যায়নি ঢাকার মাঠে। পাঁচ মিনিট পরেই করেন নিজের দ্বিতীয় গোল। বদলি মিডফিল্ডার আব্দুল্লাহ পারভেজের নিখুঁত ফ্রিকিকে এমিলির হেড জালে আশ্রয় নিলে ৫----০ গোলে এগিয়ে যায় আবাহনী। তার দু মিনিট পরেই ডান দিক থেকে উজ্জ্বলের ক্রসে এমিলি পা লাগিয়ে গোলের আনুষ্ঠানিকতা সেরে নিজের হ্যাটট্রিক পূরণ করেন। মাত্র আট মিনিটের মধ্যেই তিন গোল করে লিগের ষষ্ঠ হ্যাটট্রিক করেছেন জাতীয় দলের এই স্ট্রাইকার। তাতেও ক্ষান্ত হননি, নির্ধারিত সময়ের শেষ মিনিটে আরেকটি গোল করে বি. লিগের সবচেয়ে বড় জয়ের অংশীদারিত্ব দিয়েছেন ঢাকা আবাহনীকে। এর আগে ঢাকা মোহামেডান একই ব্যবধানে হারিয়েছিল চট্টগ্রাম মোহামেডানকে।
দ্বিতীয়ার্ধে জাহিদ হাসান এমিলির অমন দুর্দান্ত প্রত্যাবর্তনে আবাহনী শিবিরে রীতিমতো আনন্দের বন্যা। ম্যানেজার সত্যজিৎ দাস রূপুর গলায় খুঁজে পাওয়া গেল উচ্ছ্বাস, "এমিলি নিজেকে ফিরে পেয়েছে, এটাই আমাদের দলের জন্য সবচেয়ে বড় সুখবর। তার প্রতিভা আছে। কিন্তু বাজে ফর্ম গেছে এত দিন।" এমন পারফরম্যান্সে এমিলিও দারুণ খুশি, "এতদিন গোল না পেতে পেতে চাপের মধ্যে পড়ে গিয়েছিলাম। আমি জাতীয় দলের স্ট্রাইকার হয়ে গোল পাচ্ছি না দেখে সবাই নানা কথা বলছিল। এই ম্যাচের পর নিজেকে অনেক হালকা লাগছে।"
আগের ১২ ম্যাচে দু গোল করা এমিলি শনিবার একসঙ্গে করেছেন চারগোল ! তার মানে কি এই স্ট্রাইকার ফর্মে ফিরেছেন এবং আবাহনীরও কষ্টেসৃষ্টে জেতার দিন শেষ হয়ে যাচ্ছে?
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১১৭ ঘ.
bdnews24