ঢাকা, ২০ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- দ্বিতীয় লেগে জয়ের দেখাই পাচ্ছিল না তারা। মুক্তিযোদ্ধা, শেখ রাসেল এবং ঢাকা আবাহনীর সঙ্গে ড্র করা মোহামেডান বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সামনে পেয়েছিল চট্টগ্রাম মোহামেডানকে। বন্দর নগরীর দলটি হোম ম্যাচে শিরোপার দাবিদার ঢাকা মোহামেডানকে রুখে দিয়েছিল। তাই এ ম্যাচে তারা চট্টগ্রাম মোহামেডানকে গোলে ভাসাবে, তা কল্পনাই করা যায়নি। নাইজেরিয়ান স্ট্রাইকার এমেকা ক্রিস্টিনার হ্যাটট্টিকে (বি লিগের চতুর্থ হ্যাটট্টিক) দ্বিতীয় লেগে ঢাকা মোহামেডানের প্রথম জয়টা ৭ --- ০ গোলের। আর ১৪ ম্যাচে সপ্তম জয় দিয়ে তারা এখন এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে। ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা মুক্তিযোদ্ধা অবশ্য ঢাকা মোহামেডানের (২৬) চেয়ে একটা ম্যাচ কম খেলেছে। অন্য শিরোপা প্রত্যাশী আবাহনীর সংগ্রহ ১২ ম্যাচে ২৩।
বৃষ্টিভেজা মাঠে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে ৪ --- ০ গোলে এগিয়ে ছিল ঢাকা মোহামেডান। ১৬ মিনিটে দলকে এগিয়ে দেওয়া এমেকা প্রথমার্ধেই বি লিগের চতুর্থ হ্যাটট্টিক করে ফেলেন। বাকি দুটো গোল তিনি করেছেন যথাক্রমে ২০ ও ৩৫ মিনিটে। ২২ মিনিটে তৃতীয় গোলটি করেছেন মোহামেডান অধিনায়ক এবং বি লিগের সর্বোচ্চ গোলদাতা পল। ৬১ ও ৭১ মিনিটে মোহামেডানকে আরো এগিয়ে দেন মিডফিল্ডার মিঠু। খেলা শেষ হওয়ার এক মিনিট আগে শেষ গোলটি করেন নাইজেরিয়ান সেন্ট্রাল ডিফেন্ডার পিটার ওদাফ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১২৫ঘ.
bdnews24