ঢাকা, ২০ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- বেশ কিছুদিন ধরেই তারা বাংলাদেশে খেলাবিষয়ক একমাত্র পূর্নাঙ্গ ওয়েবসাইট। কয়েক বছর পার করে দেওয়ার পর 'বাংলাদেশের খেলা ডটকম'এর সাজ---সজ্জায় কিছু পরিবর্তন এনে নতুনভাবে যাত্রা শুরুর দিন ছিল বুধবার। এদিন দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন লোগো, ডিজাইন এবং নতুন নতুন বিভাগ সম্বলিত নতুন ওয়েব পেজ---এ লগ ইন করে এর উদ্বোধন করেন ওয়েবসাইটটির চেয়ারম্যান রিয়াজউদ্দিন আল মামুন। সম্পাদক এমএস সাহাব পরিবর্তনগুলো তুলে ধরেন এভাবে,"বাংলাদেশে খেলা নিয়ে যেসব থিম সং হয়েছে, সেগুলো এখন থেকে আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। চ্যানেল ওয়ানের সঙ্গে চুক্তি অনুযায়ী শনিবার থেকে তাদের খেলার খবরের ভিডিও ফুটেজও দেখা যাবে এটায়। থাকছে অডিও ইন্টারভিউ। তাছাড়া আপাতত সংক্ষিপ্ত ইংলিশ ভার্সানও চালু করেছি আমরা।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯০০ঘ.
bdnews24