ইনজাগি,অ্যানচেলোত্তিদের খুশি বাঁধ মানছেনা
সেই ১৯৮৪ থেকে তিনি এসি মিলানের সঙ্গী। এই দীর্ঘ সময়ে বিশ্ব ফুটবলে অজস্র পরিবর্তন এসেছে। কিন্তু মিলানের খেলোয়াড় তালিকায় পাওলো মালদিনির নামটা জ্বলজ্বল করছে আজো। সেই উজ্জ্বলতা বুধবার রাতে আরো বেড়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের মাধ্যমে। ইওরোপিয়ান ক্লাব কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে মিলানের জার্সি গায়ে পঞ্চম শিরোপা জয়ের পর স্বাভাবিকভাবেই মালদিনি আনন্দে আত্মহারা।
বয়স হয়ে গেছে ৩৮। একজন ফুটবলারের জন্য বয়সটা অনেক। তবু এখনই ফুটবলকে বিদায় জানাতে অনিচ্ছুক মিলানের অধিনায়ক। চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি হাতে নিয়ে অবসরের ঘোষণা দেয়ার সুযোগকে একেবারে উড়িয়ে দিয়ে মালদিনির উচ্ছ্বাসে ভরা মন্তব্য,“পঞ্চম শিরোপা জয়ের আনন্দ সত্যিই অসাধারণ। ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণার জন্য এটা হতে পারতো দুর্দান্ত উপলক্ষ। কিন্তু আমি আগামী মৌসুমেও খেলতে চাই। আগামী বছর আবার এই জায়গায় পৌঁছে শিরোপা জিততে পারলে দারুণ হবে।”
মিলানের সপ্তম শিরোপা জয়ের আনন্দে একটা ‘কিন্তু’ অবশ্য আছেই। ইনজাগির করা প্রথম গোলটা হাতে লেগে হয়েছে বলেই লিভারপুলের বিশ্বাস। তবে সেই অভিযোগ একেবারে উড়িয়েই দিয়েছেন ইনজাগি,“এ ধরনের ব্যাপার অনুশীলনের সময় বার বার মহড়া দিয়েছি আমরা। এম্পোলির বিপক্ষে এভাবে গোলও করেছি আমি। কখনো কখনো এমন ঘটনা হয়ে যায়।” আসলে এমন খুশির দিনে ওসব কথা মনে স্থান দিতে রাজি নন তিনি। ম্যাচের আগেও তার প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত সুযোগ পেয়ে ইনজাগিই দু বছর আগের পরাজয়ের প্রতিশোধ নেয়ার লক্ষ্য পূরণ করলেন।
তবে সেজন্য তার মনে বিন্দু মাত্র আত্মম্ভরিতা নেই। বরং দল তার ওপরে আস্থা রাখায় ইনজাগি দারুণ তৃপ্ত,“মিলানের সঙ্গে আমার বিশেষ সম্পর্ক রয়েছে। দু বছর আগে ইনজুরির কারণে বেশ কয়েকটি ম্যাচ আমি খেলতে পারিনি। তারপরও ক্লাব আমার ওপরে বিশ্বাস রেখেছে। সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তারা আমাকে দু হাত বাড়িয়ে স্বাগত জানালো। তারা সত্যিই আমার ওপরে আস্থা রেখেছে।” ইস্তানবুলে মিলানের সেই হৃদয় ভেঙ্গে দেয়া ফাইনালে ইনজুরির কারণে খেলতে পারেননি ইনজাগি। সেদিনের হিসাব মিটিয়ে নেয়ার লক্ষ্য তার কৃতিত্বে পূরণ হয়েছে বলে ইনজাগি ভীষণ খুশি,“প্রথম গোল আমাদের পথ দেখালেও দ্বিতীয়টা নিঃসন্দেহে অনেক ভালো ছিল। এখন আমাদের মনে অসাধারণ আনন্দের এক অনুভূতি। এই আনন্দ ভাষায় বর্ণনা করা কঠিন। আমার তো স্বপ্নের মতো মনে হচ্ছে সব কিছু।”
স্বপ্নের ভেলায় ভেসে বেড়াচ্ছেন কার্লো অ্যানচেলত্তিও। মালদিনির মতো তার সঙ্গেও মিলানের দীর্ঘ দিনের সম্পর্ক। মিলানের জার্সি গায়ে দু বার জিতেছেন এই টুর্নামেন্ট। কোচ হিসাবেও ইতালির ‘জায়ান্ট’ ক্লাবটির হয়ে এটা তার দ্বিতীয় শিরোপা। এমন অসাধারণ অর্জনের আনন্দে অ্যানচেলত্তির একেবারে বাকরুদ্ধ হওয়ার দশা,“এটা আমাদের সর্বকালের সেরা জয়। খুব কম মানুষই আমাদের এখানে পৌঁছানোর কথা ভাবতে পেরেছিল। আমার তো মনে হচ্ছে এটা একটা অসাধারণ অর্জন। এটাকে কল্পনা -- বিলাস হিসাবেও বর্ণনা করা যায়। তবে কখনো কখনো কল্পনা -- বিলাসও বাস্তবে রূপায়িত হতে পারে।”
অ্যানচেলত্তি যখন তার দলের সাফল্যে আহ্লাদে আটখানা তখন রাফায়েল বেনিটেজ হতাশার সাগরে নিমজ্জিত। পুরো ম্যাচে ভালো খেলেও হেরে যাওয়ায় লিভারপুল কোচের কণ্ঠ দুঃখে ভারাক্রান্ত,“আমরা সব কিছুই নিয়ন্ত্রণ করেছি। লক্ষ্যেও প্রায় পৌঁছে গিয়েছিলাম। প্রথমার্ধে একাধিক সুযোগও পেয়েছিলাম। কিন্তু গোল করার জন্য সুযোগ তো কাজে লাগাতে হবে! প্রথমার্ধটা নিয়ন্ত্রণ করলেও বাজে একটা গোল খেলাম। বিরতির ঠিক আগে ঐভাবে গোল খাওয়া সত্যিই খুব দুর্ভাগ্যজনক। এরপরও ম্যাচের শেষ পর্যন্ত আমরাই ভালো খেলেছি।”
