প্রথম লেগে নিজেদের শেষ ম্যাচেও হতাশ করলো আবাহনী - শেখ রাসেল
ঢাকা আবাহনী ০ : শেখ রাসেল ০ জিতলে পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই বি. লিগের প্রথম লেগ শেষ করা যাবে ---- এ অবস্থাতেও ঢাকা আবাহনী বা শেখ রাসেল পারেনি সে লক্ষ্যে পৌঁছতে। কারণ দুই দলের লড়াইয়ের ফল গোলশূন্য ড্র । ফলে ১০ ম্যাচে দুদলেরই সংগ্রহে এখন ১৯ পয়েন্ট, যার অর্থ তারা এখন যুগ্মভাবে দ্বিতীয়স্থানে। এই ম্যাচ ড্র হওয়ায় বি. লিগের শুরুতে এলেবেলে মনে হওয়া ঢাকা মোহামেডানই ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে প্রথম লেগ শেষ করেছে।
শুরুর দিকের অগোছালো মোহামেডান ধীরে ধীরে সুন্দর ফুটবল খেলে নিজেদের মেলে ধরলেও অন্য বড় দলগুলো তা পারেনি। এই ঘাটতিটা প্রকট হয়ে উঠেছে আবাহনীর খেলায়; স্বদেশী আর বিদেশীর সমন্বয়ে দুর্বার হয়ে ওঠার কথা থাকলেও তারা শুরুতে যেমন অগোছালো ছিল শেষও করেছে সেভাবেই।
শুরুর মতো দশম ম্যাচেও আবাহনী ভুগেছে ভালো স্ট্রাইকারের অভাবজনিত সমস্যায়। বুধবারের এই ম্যাচে টিপু খুব বিশ্রীভাবে নষ্ট করেছেন দলের সবচেয়ে সহজ সুযোগটা। ৭২ মিনিটে একেবারে থালায় সাজিয়ে দেয়ার মতো করেই সুযোগ তৈরি করে দিয়েছিলেন ইব্রাহিম। বাঁ দিক থেকে ঘানার এই ফরোয়ার্ড চমৎকার এক থ্রু বাড়ান, ফাঁকায় দাড়ানো টিপু তাতে শট নিতে বেশি সময় নেয়ায় শেখ রাসেলের গোলরক্ষক শাকিলকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি।
অথচ তার আগে ৬০ মিনিটে আবাহনীর গোলরক্ষক বিপ্লবকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন তোয়াতি ইউনেস। তানভীরের মাইনাসটি ডি -- বক্সের ওপরে উল্টোমুখে ধরে মরক্কোর এই স্ট্রাইকারের নেওয়া অসাধারণ ব্যাকভলিটি ক্রসবার ঘেঁষে পোস্টে ঢোকার মুহুর্তে বিপ্লবও চমৎকার নৈপুন্যে বল গ্রি“পে নিয়ে আবাহনীকে বাঁচান। ইউনেস ও বিপ্লব এভাবে হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য নিজেদের মেলে ধরে উপহার দেন দৃষ্টিনন্দন এক মুহুর্তের।
এর আগে প্রথমার্ধের ২১ মিনিটে আবাহনীর ইব্রাহিম শেখ রাসেলের ডিফেন্ডার সাদকে ফাঁকি দিয়ে ডি -- বক্সে ঢুকে তীব্র গতির শট নিলেও তা পোস্টের বাইরে দিয়ে যায়। আরেকবার জাহেদ পারভেজের সাইডভলি গোললাইন থেকে ঠেকিয়ে দেন শেখ রাসেলের মরোক্কান ডিফেন্ডার বুরদ্বীপ। তাই ম্যাচের শেষের দিকে এসে মরিয়া হয়ে ওঠে আবাহনী। কিন্তু গোল আদায় করার জন্য আক্রমণের যে তীব্রতার দরকার ছিল তার চেয়ে বেশি ছিল শারীরিক শক্তি প্রয়োগ। ম্যাচ শেষের দিকে গড়ানোর সঙ্গে সঙ্গে যেন তরতরিয়ে বাড়ছিল øায়ুচাপও। তা বাড়ানোর পেছনে বড় ভূমিকা অবশ্য প্রতিপক্ষ শেখ রাসেলের নয়, আবাহনী সমর্থকগোষ্ঠীর নেতাদের। প্রেসবক্সের নীচে গ্যালারিতে বসে তারা যেভাবে সমস্বরে চিৎকার করে খেলোয়াড়দের দিকনিদের্শনা দিচ্ছিলেন তা দেখে মনে হচ্ছিল যেন এক ক্রুসিয়ানি গেলেও ১২/১৩ জন ক্রুসিয়ানি আছে ঠিকই আবাহনীর!
চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম মোহামেডান ২ --- ০ গোলে হারিয়েছে আরামবাগকে। এই জয় তাদের তুলে দিয়েছে পয়েন্ট তালিকায় ব্রাদার্সেরও ওপরে। ১০ খেলায় ১৭ পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে। ১৫ পয়েন্ট নিয়ে ব্রাদার্স এখন ষষ্ঠ। ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মুক্তিযোদ্ধা। বুধবার চট্টগ্রাম মোহামেডানের পক্ষে ৬০ মিনিটে মোমেলু ও ৬৭ মিনিটে দৌলত গোল করে জয় আদায় করে নেন।
