২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো খেলেও মোহামেডানের কাছে হেরে গেল ব্রাদার্স

বি. লিগে নিজেদের পঞ্চম জয় পেয়েছে মোহামেডান। তবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে তারা এ ম্যাচ ১-০ গোলে না জিতে পয়েন্ট খোয়ালে সেটাই হতো স্বাভাবিক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 09:35 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

বৃহস্পতিবারের ম্যাচে পরিস্কার প্রাধান্য ছিল না কারো। তবে সুযোগ তৈরিতে ব্রাদার্সই ছিল এগিয়ে। কিন্তু একাধিক পরিস্কার সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে না পারায় হার মেনেই মাঠ ছাড়তে হয় গোপীবাগের দলটিকে। ৫৯ মিনিটে নাইজেরিয়ান স্ট্রাইকার এমেকা ক্রিস্টিয়ানার করা গোল নবম ম্যাচে ৫ম জয় উপহার দিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে তুলে দেয় মোহামেডানকে। সাদা-কালো জার্সির ঐতিহ্যবাহী দলটির মোট পয়েন্ট এখন ১৭। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে মুক্তিযোদ্ধা সংসদ।

মাত্র এক গোল হলেও ম্যাচে ছিল টানটান উত্তেজনা। বিশেষ করে দ্বিতীয়ার্ধে দারুণ জমে উঠেছিল ম্যাচ। শুরুতেই এগিয়ে যেতে পারতো ব্রাদার্স। কিন্তু বাঁ প্রান্ত থেকে মাসুদ রানার পাস থেকে বল ধরে মেহেদি হাসান যে শটটা নেন তা মোহামেডানের নাইজেরিয়ান গোলরক্ষক জেমস পল মুলবাহকে পরাস্ত করলেও ডিফেন্ডার বিপ্লবকে ফাঁকি দিতে পারেনি। ৫৭ মিনিটের ওই প্রয়াস একেবারে গোললাইন থেকে ফিরিয়ে দেন বিপ্লব!

ঠিক দু মিনিট পরই পাল্টা আক্রমন থেকে গোল এবং মোহামেডানের উল্লাসে মেতে ওঠা। আরিফের নিচু ক্রসে পা লাগিয়ে এমেকা বল জালে পাঠানোর পর থেকে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাদার্স। তবে ৬৭ মিনিটে ঘটে যায় ম্যাচের সবচেয়ে কলঙ্কজনক ঘটনা। একটা ফাউলকে কেন্দ্র করে হাতাহাতিতে লিপ্ত হওয়ায় রেফারি লাল কার্ড দেখান দু দলের দুজন খেলোয়াড়কে।

তারপরও ৭৫ মিনিটে গোল পরিশোধের সুযোগ আদায় করেছিল ব্রাদার্স। কিন্তু ডিফেন্ডার কামাল গোল লাইন থেকে বল ফেরত পাঠালে আবার বেঁচে যায় মোহামেডান। নয় ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ব্রাদার্সকে।