২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুব ফুটবলে বড় জয় পেয়েছে পটুয়াখালী

এখন আর শুরুর মতো গোল উৎসব হচ্ছে না ওয়েষ্টার্ণ ইউনিয়ন যুব ফুটবলে। এর মধ্যে চতুর্থ দিনে একমাত্র বড় জয় পেয়েছে পটুয়াখালী, তারা ৪-০ গোলে হারিয়েছে বরগুনাকে। শনিবার ১৪ টি ম্যাচের মধ্যে মাত্র দুটো ম্যাচ ড্র হয়েছে, বাকি ১২ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে জিতেছে শরিয়তপুর, সিরাজগঞ্জ, ঝিনাইদহ, ফরিদপুর, ময়মনসিংহ, মৌলভীবাজার, কুমিল্লা, বান্দরবান, পটুয়াখালী, কুড়িগ্রাম, দিনাজপুর ও নাটোর জেলা দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2007, 09:32 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

পটুয়াখালী স্টেডিয়ামে স্বাগতিকরা ৪-০ গোলে হারিয়েছে বরগুনাকে। বিজয়ী দলের পক্ষে রেজা দুটো, বেলাল ও হারুন অর রশিদ একটি করে গোল করেছেন। আর সেরা খেলোয়াড় হয়েছেন বেলাল।

শরিয়তপুরে স্বাগতিকরা ১-০ গোলে হারিয়েছে চাঁদপুর জেলাকে। ১৭ মিনিটে মূল্যবান গোলটি করেছেন টিটু, কিন্তু সেরা খেলোয়াড় হয়েছেন বিজয়ী দলের রাজিব। ঝিনাইদহে সিরাজগঞ্জও রুবেলের একমাত্র গোলে জিতেছে মেহেরপুরের বিপক্ষে। এই ভেন্যুর অন্য ম্যাচে স্বাগতকি ঝিনাইদহ ২-১ গোলে হারিয়েছে কুষ্টিয়াকে। বিজয়ী দলের লিটন ও রাসেল গোল করলেও সেরা খেলোয়াড়ের পুরষ্কার জিতেছেন পলাশ মাহমুদ। কুষ্টিয়ার গোলদাতা রাজিব। নড়াইলে ফরিদপুর জেলা ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক জেলা দলকে। বিজয়ী দলের খন্দকার সরফরাজ নাহিদ ও শরিফ এবং নড়াইলের রুহুল আমিন একটি করে গোল করেছেন। শেরপুরে ময়মনসিংহ জেলা দল ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকদের। বিজয়ী দলের দুই গোলদাতা নাইমুর রহমান ও জাকির হোসেন। হবিগঞ্জে মৌলভীবাজার জেলা ১-০ গোলে হারিয়েছে ব্রাক্ষ্মণবাড়ীয়াকে, ৬০ মিনিটে গোলটি করেছেন রুমান। এই ভেন্যুর অন্য ম্যাচে কুমিল্লা ২-১ গোলে হারিয়েছে স্বাগতিকদের। বিজয়ী দলের রাসেল ও ইমদাদুল এবং হবিগঞ্জের নোমান গোল করেছেন। ফেনীতে বান্দরবান ১-০ গোলে হারিয়েছে লক্ষ্মীপুরকে। ৭০ মিনিটে গোল করেছেন বিজয়ী দলের জনি। লালমনিরহাটে কুড়িগ্রাম জেলা ২-১ গোলে হারিয়েছে ঠাকুরগাঁওকে। বিজয়ী দলের পক্ষে মাহবুব সরদার ও আপেল মাহমুদ এবং ঠাকুরগাঁওয়ের শাহীনুর রহমান গোল করেছেন। জয়পুরহাটে নাটোর জেলা দল ২-১ গোলে জিতেছে স্বাগতিকদের বিপক্ষে। বিজয়ী দলের মতিন দুটি এবং জয়পুরহাটের কাশবন একটি গোল করেছেন।

তবে গোল সংখ্যায় সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জমজমাট ম্যাচ হয়েছে দিনাজপুর ও লালমনিরহাট জেলা দলের মধ্যে। দিনাজপুর জিতেছে ৪-৩ গোলে, বিজয়ী দলের শফিক দুটি, সৌরভ ও মিরন একটি করে গোল করেছেন। লালমনিরহাটের সমু, তুহিন ও রনি করেছেন একটি করে গোল।

এছাড়া দুটো ম্যাচ ড্র হয়েছে। শেরপুর স্টেডিয়ামে গাজীপুর-নেত্রকোনা ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। গাজীপুরের রুবেলের গোল শোধ করেছেন নেত্রকোনার আসাদ। জয়পুরহাটে একই ব্যবধানে ড্র হয়েছে রাজশাহী-বগুড়ার ম্যাচটি। রাজশাহীর পলাশের দেওয়া গোলটি শোধ করে দলকে ১ পয়েন্ট উপহার দিয়েছেন বগুড়ার জহুরুল ইসলাম।