জাতীয় যুব ফুটবলের দ্বিতীয় দিনে কোনো হ্যাটট্রিক নেই
উদ্বোধনী দিনে ৫টি হ্যাটট্রিক হলেও ওয়েস্টার্ণ ইউনিয়ন জাতীয় যুব ফুটবলের দ্বিতীয় দিন কেটেছে হ্যাটট্রিক-বিহীন। দিনের ১২টি ম্যাচের মধ্যে দুটি ড্র হয়েছে এবং বাকি ১০টি ম্যাচ সরাসরি জয়-পরাজয়ের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। নারায়নগঞ্জ, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, ময়মনসিংহ, গাজীপুর, কুমিল্লা, ফেনী, বাগেরহাট ও কুড়িগ্রাম জেলা।
দিনের সবচেয়ে বড় জয় পেয়েছে গাজীপুর জেলা। শেরপুর ভেন্যুতে এই ম্যাচে গাজীপুর ৫-০ গোলে হারিয়েছে স্বাগতিকদের। দুটি করে গোল করেছেন আসাদ ও শহীদ এবং একটি গোল করেছেন রফিক। হাবিগঞ্জে কুমিল্লা ৪-০ গোলে হারিয়েছে ব্রাক্ষ্মণবাড়ীয়াকে। বিজয়ী দলের রাসেল দুটি, রবিন ও সেলিম একটি করে গোল করেছেন।
অনূর্ধ্ব-১৮ ফুটবলের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার শরিয়তপুরে নারায়ণগঞ্জ ৩-১ গোলে হারিয়েছে চাঁদপুরকে। বিজয়ী দলের সোহেল রানা দুটি ও জামাল একটি গোল করেছেন, এছাড়া চাঁদপুরের হান্নান তালুকদার একটি গোল করেছেন। ঝিনাইদহ ভেন্যুতে হয়েছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে কুষ্টিয়া ২-০ গোলে হারিয়েছে মেহেরপুরকে, গোল করেছেন ইমরান ও কালু। অন্য ম্যাচে স্বাগতিক ঝিনাইদহ ২-১ গোলে হারিয়েছে সিরাজগঞ্জকে। বিজয়ী দলের আসাদ ও সেলিম করেছেন একটি করে গোল আর সিরাজগঞ্জের সাহান করেছেন একটি গোল। নড়াইলে যশোর ২-১ গোল জিতেছে ফরিদপুরের বিপক্ষে। বিজয়ী দলের পক্ষে গফুর ও রিন্টু এবং ফরিদপুরের মিন্টু একটি করে গোল করেছেন। শেরপুরে ময়মনসিংহ ২-০ গোলে হারিয়েছে নেত্রকোনাকে, জিয়াউল ও শাহীন করেছেন একটি করে গোল। ফেনীতে স্বাগতিকরা ৩-০ গোলে হারিয়েছে লক্ষ্মীপুরকে, শাখাওয়াত দুটি ও আলম একটি গোল করেছেন। পটুয়াখালীতে বাগেরহাট ৩-০ গোলে হারিয়েছে বরগুনাকে। বিজয়ী দলের পরাগ মনি রাজু দুটি ও বশির শেখ একটি এবং বরগুনার রবিউল ও সোহেল রান একটি করে গোল করেছেন। লালমনিরহাটে কুড়িগ্রাম ২-১ গোলে হারিয়েছে দিনাজপুরকে। বিজয়ী দলের এরশাদুল ও শাহীন একটি করে গোল করেছেন। দিনাজপুরের গোলদাতা সোহাগ।
এছাড়া হবিগঞ্জে মৌলবীবাজার ও হবিগঞ্জের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ৩৫ মিনিটে মৌলবীবাজারের নোমানের গোলের পর হবিগঞ্জের মিনার গোল শোধ করেছেন ৭০ মিনিট। আর লালমনিরহাটে স্বাগতিকদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ঠাকুরগাঁও জেলা দল। লালমনিরহাটের তুহিনের গোল শোধ করেছেন ঠাকুরগাঁওয়ের মোস্তাফিজুর রহমান।
