২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মোহামেডানের তৃতীয় জয়

আগের ম্যাচে রহমতগঞ্জকে ৭-১ গোলে হারানো ঢাকা মোহামেডন চট্টগ্রামে তৃতীয় জয় পেয়েছে। শুক্রবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে তারা ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনীকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2007, 11:44 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

এই জয়ে ৭ ম্যাচে তাদের সংগ্রহ বেড়ে হয়েছে ১১ পয়েন্টে। মানে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা শেখ রাসেলের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আছে সাদা-কলো জার্সিধারীরা।

মোহামেডান ডিফেন্ডার পিটার ওদাফের গোল দিয়ে শুরু। প্রায় ৩০ গজ দূর থেকে চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষককে পরাস্ত করেছেন এই নাইজেরিয়ান ডিফেন্ডার। তারপর জুমরতুল ইসলাম মিঠু ব্যবধান দ্বিগুন করার সুযোগ নষ্ট করলে ৬৩ মিনিটে রেজাউল ইসলামের গোলে ২-০ তে এগিয়ে যায় মোহামেডান। কিন্তু তার মিনিট দশেক পরেই ব্যবধান কমান চট্টগ্রাম আবাহনীর লাইবেরিয়ান স্ট্রাইকার আব্রাহাম।

ম্যাচ শেষ হওয়ার ৯ মিনিট আগে আগের ম্যাচে ডাবল হ্যাটট্রিক করা নাইজেরিয়ান স্ট্রাইকার পল আবাহনীর পাঁচজনকে কাটিয়ে চমৎকার এক গোল করে ঢাকা মোহামেডানের জয় নিশ্চিত করেছেন।