ব্রাদার্সকে হারালো মুক্তিযোদ্ধা
মুক্তিযোদ্ধা ২ : ব্রাদার্স ০ মিডিয়ার চোখে মুক্তিযোদ্ধা-ব্রাদার্স ‘বিগ ম্যাচ’ হলেও সাধারণ্যে আকর্ষণহীন। তাই প্রায় দর্শক-শূন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মুক্তিযোদ্ধা ২-০ গোলে হারিয়েছে প্রিমিয়ার লিগের গতবারের চ্যাম্পিয়ন ব্রাদার্সকে।
সাধারণ দর্শকদের ধারনাই ঠিক। ম্যাচে মাঠের খেলায় সত্যিই কোনো আকর্ষণ ছিল না। প্রথমার্ধে বল দখলে মুক্তিযোদ্ধাই ছিল এগিয়ে,তবে গোল করার মতো কোনো সুযোগই তৈরি করতে পারেনি। কয়েকটা আক্রমণ হলেও তাতে না ছিল ধার, না ছিল দর্শনানন্দ। তার মধ্যেও ৩২ মিনিটে ব্রাহিমের পাস থেকে আলফাজ একটা সুযোগ পেয়েছিলেন, কোনাকুনি মেরে বল বাইরে পাঠিয়ে তা নষ্ট করেছেন।
দ্বিতীয়ার্ধে ব্রাদার্সের খেলায় একটু গতি এসেছে, আক্রমণও করেছে, কিন্তু গোল করার বদলে উল্টো খেয়ে বসেছে। গোল দুটোর অনুঘটক হয়ে কাজ করেছে ব্রাদার্সের দূর্বল ডিফেন্স। ৭১ মিনিটে বাঁ দিক থেকে মুক্তিযোদ্ধার অধিনায়ক সাইফুর রহমান মনির সেন্টারে আনমার্কড ব্রাহিমের ভলি ব্রাদার্সের গোলরক্ষক আলীকে ফাঁকি দিয়ে জালে আশ্রয় নেয়। ৮৩ মিনিটে দ্বিতীয় গোলটা হয় গোলরক্ষক আলীর ভুলে। এবার ব্রাহিম ক্রস পাঠান ডান দিক থেকে, সেটা ঠেকাতে গোলরক্ষক কেন গোলপোস্ট ছেড়ে অনেকটা বাইরে আসবেন ! বেরিয়েও একটা থাবা দিয়ে বলটা ফেললেন মনির পায়ে আর মুক্তিযোদ্ধার অধিনায়ক মনি গোলরক্ষক বিহীন ব্রাদার্সের পোস্টে গোলের আনুষ্ঠানিকতা সারেন গড়ানো শটে ।
অথচ দ্বিতীয় গোল হজমের ঠিক আগের মিনিটেই ব্রাদার্সের ম্যাচে ফেরা উচিত ছিল। ডানদিক থেকে মামুনের নেওয়া চমৎকার কর্ণার কিকটি মাথায় এসে পড়লেও পোস্টের সামনে থেকে কীভাবে যেন তা বাইরে পাঠিয়ে দেন একেবারে ফাঁকায় দাঁড়ানো নাইজেরিয়ান ফুটবলার জুনিয়র । এছাড়া ৭৮ মিনিটে প্রায় মাঝমাঠ থেকে হঠাৎ নেওয়া ইনানীর তীব্র শট ঠেকাতেও হিমশিম খেয়েছেন মুক্তিযোদ্ধার গোলরক্ষক তিতুমীর চৌধুরী টিটু, তার হাতে লেগে বল পোস্টে লাগায় শেষরক্ষা হয়। সুবাদে ৭ ম্যাচ থেকে মুক্তিযোদ্ধার সংগ্রহ ১৪ পয়েন্ট আর হতাশাজনক পারফরম্যান্সের ধারাবাহিকতায় সমান ম্যাচ খেলেও ব্রাদার্সের সঞ্চয় মাত্র ৮ পয়েন্ট।
এই জয়ে হাঁফ ছেড়ে বেঁচেছেন মুক্তিযোদ্ধার কোচ আবু ইউসুফ। “খেলায় উন্নতি হচ্ছে আস্তে আস্তে। দ্বিতীয়ার্ধে গোলের সুযোগগুলো কাজে লাগিয়েছি। তবে এখনো আক্রমণে আমাদের সমস্যা আছে, সবাই একসঙ্গে আক্রমণে ওঠে না”-বলেছেন ইউসুফ। স্বাভাবিকভাবেই হতাশ ব্রদার্সের ভারতীয় কোচ নাঈমুদ্দিন, “গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি আমরা। বরং আমাদের দূবর্লতার সুযোগ নিয়ে তারা জিতে গেছে।”
