ক্ষুব্ধ ইয়ান থর্পের হুমকি
নিজে জানার আগে তার ডোপ টেস্টের খবর পত্রিকায় প্রকাশিত হয়ে পড়ায় ইয়ান থর্প ভীষন ক্ষুব্ধ। এতে করে নিজের সুনাম ক্ষুন্ন হয়েছে বলেই মনে করছেন তিনি।
যদিও টেস্টে নিষিদ্ধ কোনো ড্রাগ পাওয়া যায়নি, তারপরও অস্ট্রেলিয়ার এই সাঁতারু মনে করছেন তার সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। “আমার ডোপ টেস্টের ফল আমাকে জানানোর আগে পত্রিকায় ফাঁস হয়ে যাওয়ায় আমি খুব উদ্বিগ্ন”-বলেছেন ইয়ান থর্প। তিনি সন্দেহ প্রকাশ করেছেন ডোপ টেস্টের প্রক্রিয়াগত দিক নিয়েও, “টেস্টের ফল অ্যাথলেটের আগে প্রেস জেনে যাওয়ার মানে নমুনা পরীক্ষা-নিরীক্ষার প্রক্রিয়ার সততা নিয়ে ঝুঁকি থেকেই যায়।”
নিয়ম অনুযায়ী, পুরো প্রক্রিয়াটা শেষ হবে যথেষ্ট গোপনীয়তার মধ্যে, যেন মিডিয়ার অনুমান নির্ভর কোনো রিপোর্টের জন্য নিরপরাধ অ্যাথলেটের সুনাম ক্ষুন্ন না হয়। এবং তা মেনে চলতে বাধ্য নমুনা পরীক্ষার সঙ্গে জড়িতরা। এই কোডের কথা তুলে ধরে সাঁতারকে বিদায় জানানো থর্প বলেছেন, “আমি এই নৈতিক সুরক্ষা থেকে বঞ্চিত হয়েছি।”
এজন্য থর্প আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন। তার উকিল টনি ও'রেলি বলেছেন, “আইনি পথে এগোবো আমরা।”
