আফতাবকে নিয়ে দুশ্চিন্তা
প্রথমে ত্রিদেশীয় সিরিজ জয় এবং তারপর দুটো প্রস্তুতি ম্যাচের সবকটাতেই জেতার সন্তুষ্টি নিয়ে শনিবার জ্যামাইকাতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানেই হবে এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। তবে বারবাডোজ থেকে বিশ্বকাপ অভিযানে যাওয়ার পথে একটা দুশ্চিন্তাও সঙ্গী হচ্ছে হাবিবুল বাশারের দলের! স্কটল্যান্ড ম্যাচে ব্যাটিংয়ের সময় কোমরের ইনজুরিতে পড়েছেন দলের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। শুক্রবার এমআরআই স্ক্যান না করা পর্যন্ত তার ইনজুরি কতোটা গুরুতর, সে সম্পর্কেও নিশ্চিত হতে পারছে না টিম ম্যানেজমেন্ট।
বৃহস্পতিবার বিসিবির অফিশিয়াল ওয়েবসাইট টাইগারক্রিকেট ডটকমকে বারবাডোজ থেকে টেলিফোনে ম্যানেজার আলী আসিফ খান জানিয়েছেন, “মাঠেই ডাক্তার আফতাবকে দেখে দুটো ব্যথানাশক ইনজেকশন দেন। আগামীকাল সকালে (জ্যামাইকা সময় শুক্রবার সকাল এবং বাংলাদেশ সময় রাত) ওকে এমআরআই করাতে নিয়ে যাবো। তারপরই আসলে জানতে পারবো ওর ইনজুরিটা কেমন বা কতটা গুরুতর।”
স্কটল্যান্ডের বিপক্ষে দ্রুতই ব্যাট করতে নামতে হয়েছিল আফতাবকে। দলীয় ৭ রানে শাহরিয়ার নাফীস কোনো রান না করেই আউট হওয়ার পর নামেন আফতাব। আর কোনো রান যোগ হওয়ার আগেই অন্য ওপেনার তামিম ইকবালও আউট হয়ে যাওয়ার পর বিপর্যয় সাকিব আল হাসানকে নিয়ে ভালোই সামলাচ্ছিলেন তিনি। ২৬ বলে দুই বাউন্ডারিতে ১৯ রান করে ফেলার পর একটা ডাবলের জন্য ছুটতে গিয়েই কোমরে চোট পেয়ে কাতরাতে থাকেন তিনি, পরে অবসর নিতে বাধ্য হন।
ম্যাচশেষে আফতাব অবশ্য স্বস্তির কথাই শুনিয়েছেন টাইগারক্রিকেট ডটকমকে, “সিঙ্গেল নিয়ে দ্বিতীয় রানের জন্য ঘুরতেই চোটটা পাই। এতো অসহ্য ব্যথা হচ্ছিল যে নড়াচড়াই করতে পারছিলাম না। কিন্তু এখন অনেক ভালো অনুভব করছি।”
