ওয়াসিম আকরামের বাজির ঘোড়া শ্রীলঙ্কা
অনুষ্ঠান শেষে ডিনার টেবিলের দিকে যখন পা বাড়াচ্ছেন, কে একজন জানতে চাইলেন,“ আপনি ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন না?” ওয়াসিম আকরাম বিশ্বকাপটা মাঠের বাইরে বসে দেখতে হবে বলেই জানালেন,“ না। আমি তখন দিল্লীতে থাকবো।” ইএসপিএন --- স্টার (ইএসএস) স্পোর্টসের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ। আর বিশ্বকাপের প্রচারস্বত্ত্ব ইএসএসের নেই বলে ক্রিকেটের সর্বোচ্চ আসরে ধারাভাষ্যকার ওয়াসিমকে এবার দেখা যাবে না। তাই বলে ইএসএসের বিশ্বকাপ কার্যক্রম তো আর থেমে থাকবে না। বিশ্বকাপের সময় দিল্লীতে তাই ব্যাস্ত থাকবেন বিশ্ব ক্রিকেটের এই জীবন্ত কিংবদন্তী।
ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। কিংবা তাকে ভানতে হয়। পাকিস্তানের সাবেক অধিনায়ককেও তা -- ই করতে হলো। বুধবার সকালেই ঢাকায় এসেছেন। সন্ধ্যায় হোটেল সোনারগাঁয় গ্রামীণফোনের মোবাইল ইএসপিএন স্পোর্ট কনটেন্ট সার্ভিস উদ্বোধন করতে এসে ক্রিকেট নিয়ে মিডিয়ার হাজারটা প্রশ্নের উত্তর দিতে হলো তাকে। সামনেই বিশ্বকাপ। তার আগে বাংলাদেশ যে নিউজিল্যান্ডকে হারিয়ে একটা কান্ড ঘটিয়ে ফেললো, সেটা নিয়েই উচ্ছ্বাস শোনা গেল তার কন্ঠে,“ গত রাতে আমি ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশের খেলার খোঁজ -- খবর রেখেছি। তারা যে উন্নতি করছে, নিউজিল্যান্ডকে হারানো তারই লক্ষণ। আমি আশা করবো, বিশ্বকাপে ওরা খুব ভালো করবে।” পরে রসিকতা করে এ -- ও বললেন,“এ ম্যাচের আগে বিশ্বকাপে আমার বাজির ঘোড়া ছিল নিউজিল্যান্ড। কিন্তু এখন মত পাল্টে ফেলেছি। শ্রীলঙ্কা।”
ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে শিরোপার দাবিদার হিসেবে তার নিরঙ্কুশ ফেভারিট শ্রীলঙ্কাই। এর কারণ হিসেবে বললেন,“ সনাৎ জয়াসুরিয়া খুবই ভালো একটা সময় পার করছে। ওদের মুরালির মতো একজন বোলার আছে। তাছাড়া ফিল্ডিংয়ে দলটা দুর্দান্ত।” যদিও বলছেন,“এই উপমহাদেশের কোনো দেশ বিশ্বকাপ জিতলেই আমি ভীষণ খুশী হব।”
কিন্তু শ্রীলঙ্কা ছাড়া ভারত আর পাকিস্তানের কোনো সম্ভাবনাই দেখছেন না তিনি। ওয়ানডেতে ভালো ফিল্ডিংটা খুব জরুরী। কিন্তু ভারতীয় দলে বেশ কয়েকজন বয়সী ক্রিকেটারের উপস্থিতি ফিল্ডিংয়ের তেজ অনেকটা কমিয়ে ফেলবে বলেই মনে করেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ফাস্ট বোলার,“এবারের ভারতীয় দলে ত্রিশের বেশি বয়সের চার থেকে পাঁচজন খেলোয়াড় আছে। ফিল্ডিংয়ের ক্ষেত্রে এটা একটা সমস্যা হতে পারে।” আর নিজের দেশ পাকিস্তান সম্পর্কেও উচ্চাশা নেই একই কারণে, “আমি পাকিস্তানী। পাকিস্তান বিশ্বকাপ জিতলে অবশ্যই খুব ভালো লাগবে, কিন্তু দলের প্রধান দুই বোলারকে ছাড়া সেটা সম্ভব বলে আমার মনে হয় না। যদিও দলের পক্ষ থেকে বলা হচ্ছে সবকিছুই ঠিক আছে। আমি মনে করি, এজন্য তাদের বেশ ভুগতে হবে।”
বিশ্বকাপের ইতিহাস বরাবরই স্বাগতিকদের হাহাকার বাড়িয়ে এসেছে। এবার ওয়েস্ট ইন্ডিজও তার ব্যতিক্রম হতে পারবে বলে মনে হচ্ছে না ওয়াসিম আকরামের,“ আমি অন্তত ওয়েস্ট ইন্ডিজের কোনো সম্ভাবনা দেখছি না। বড়জোর সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে তারা।”
১৯৯৯ র বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারের স্মৃতিকে উসকে দিতেই বললেন,“আমি ওই হারটাকে স্পোর্টিংলিই নিয়েছিলাম। ওই দিনটাতে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে সবদিক থেকেই ভালো খেলেছিল।” এ দেশের ক্রিকেট প্রশাসনকেও তাগিদ দিয়েছেন তিনি,“ ক্রিকেট বোর্ড ফার্স্ট ক্লাস ক্রিকেটের পেছনে কী পরিমাণ অর্থ ঢালছে, এটা খুব গুরুত্বপূর্ণ। আরো উন্নতি করতে হলে এখানে জোর দিতেই হবে। আর জাতীয় দলের ক্রিকেটারদেরও ফার্স্ট ক্লাস ক্রিকেটে অবশ্যই খেলতে হবে।” তার বিশ্বাস আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে টেস্ট ক্রিকেটের বড় শক্তিতে পরিনত হবে বাংলাদেশ। বিশ্বকাপ জিতবে কবে? কথাচ্ছলে এমন একটা প্রশ্নে আবারো শ্রীলঙ্কাকেই টেনে আনলেন,“বিশ্বকাপ জিততে শ্রীলঙ্কার বোধহয় ২০ বছরের মতো লেগেছিল। বাংলাদেশেরও তেমনই লাগবে। আপনাদের সবাইকে অপেক্ষা করতে হবে।”
বাংলাদেশ প্রথম বিশ্বকাপ খেলেছিল ১৯৯৯ তে। সেখান থেকে ২০ বছর ... না থাক, এর চেয়ে আপাতত বর্তমানে মজে থাকাই ভালো। সেটাই নির্মাণ করবে ভবিষ্যৎ।
