২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুনোপুটিরাই কাঁদিয়ে ছাড়লো দক্ষিন আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজকে

আইসিসি’র সহযোগী সদস্য দেশগুলো বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ পাওয়ায় ক্রিকেটের বহু রথী----মহারথীই ক্ষুব্ধ। অথচ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সেই ‘দুর্বল’ দলগুলোর একটির হাতেই ‘বধ’ হতে যাচ্ছিল আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা দলটি! সোমবার ত্রিনিদাদের সেন্ট অগাস্টিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ৯১ রানে ৮ উইকেট হারিয়ে ফেলা দক্ষিণ আফ্রিকা রক্ষা পেয়েছে অ্যান্ড্রু হলের অলরাউন্ড পারফরম্যান্সের কল্যাণে। হলের অপরাজিত ৬৭ রানের পর বোলিংয়েও ৩ উইকেট প্রাপ্তির সৌজন্যে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকানরা ম্যাচটা জিতে নিয়েছে ৩৫ রানে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2007, 08:58 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

ওয়েস্ট ইন্ডিজও লজ্জার হাত থেকে বেঁচেছে অল্পের জন্য। দু দিন আগে সহযোগী দেশগুলোকে বিশ্বকাপে খেলতে দেয়ায় বেশ বিরক্তি প্রকাশ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের দুই সাবেক ‘গ্রেট’ মাইকেল হোল্ডিং ও কোর্টনি ওয়ালশ। অথচ জ্যামাইকার ট্রেলনিতে তাদের দেশকেই কেনিয়ার সঙ্গে জিততে হয়েছে লড়াই করে, ২১ রানের ব্যবধানে। ’৯৬ বিশ্বকাপে কেনিয়ার কাছেই হেরে যাওয়া ক্যারিবীয়দের জয়ের নায়ক মারলন স্যামুয়েলস (১০০*)।

অন্য দুই ম্যাচে অবশ্য টেস্ট খেলুড়ে দেশকে কোনো চ্যালেঞ্জের সামনে পড়তে হয়নি। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে বারমুডাকে মাত্র ৪৫ রানে অলআউট করে ২৪১ রানে ম্যাচ জিতে নিয়েছে ইংল্যান্ড। বার্বাডোজের ব্রিজটাউনে শ্রীলঙ্কাও ১৫৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ডকে। প্রস্তুতি বলেই প্রতিটি দল ১৩ জনকে খেলানোর সুযোগ পেয়েছে ম্যাচগুলোতে।

অস্ট্রেলিয়াকে সরিয়ে সদ্য ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠা দক্ষিণ আফ্রিকার স্পেশালিস্ট ব্যাটসম্যানদের লজ্জায় ফেলেছেন অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া দুই পেসার ডেভ ল্যাংফোর্ড স্মিথ ও ট্রেন্ট জনস্টন। আয়ারল্যান্ডের অধিনায়ক জনস্টন একে একে ফিরিয়ে দিয়েছেন হার্শেল গিবস, অ্যাশওয়েল প্রিন্স, শন পোলক ও লুটস বসম্যানকে। তার সঙ্গে ল্যাংফোর্ড স্মিথও ধ্বংসযজ্ঞে মেতে ওঠায় (প্রতিপক্ষ অধিনায়ক গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিস ও এবি ডিভিলিয়ার্সকে আউট করেছেন তিনি) মাত্র ৯১ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। সেই মহাবিপদ থেকে তাদের উদ্ধার করেছে হল ও রবিন পিটারসেনের ৮৫ রানের জুটি। পিটারসেন ২৯ রান করে আউট হয়ে গেলেও হল খেলেছেন অপরাজিত ৬৭ রানের এক দুর্দান্ত ইনিংস। ১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা আইরিশদের অঘটনের স্বপ্ন ভেঙ্গে দিয়েছেন হল ও ল্যাঙ্গেভেল্ট। ২৬ রানের বিনিময়ে হল নিয়েছেন ৩ উইকেট। ৩১ রান দিয়ে ল্যাঙ্গেভেল্টের শিকার ৪টি।

কেনিয়ার বিপক্ষে শুরুতে চন্দরপলকে হারালেও গেইল ও স্যামুয়েলসের ব্যাটের তান্ডবে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ২৬৮ রানের মোটামুটি সম্মানজনক স্কোরই গড়েছে নবনির্মিত ট্রেলনি স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে (১১ মার্চ এখানেই হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান)। গেইল খেলেছেন ৬৬ বলে ৭৫ রানের এক ‘ঝড়ো’ ইনিংস। তবে তাকেও ছাপিয়ে গেছেন স্যামুয়েলস। তার বিরুদ্ধে জানুয়ারিতে ভারত সফরে এক বাজিকরের কাছে দলের গোপন তথ্য পাচার করার অভিযোগ তদন্ত করছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট। সেই অধ্যায় কোনো ছাপই ফেলতে পারেনি তার পারফরম্যান্সে। অভিযোগ ওঠার পর প্রথম সুযোগ পেয়েই খেলেছেন ৯১ বলে দুটি ছক্কা ও ৯টি বাউন্ডারির মারে উজ্জল ১০০ রানের ইনিংস।

ম্যাচ শেষে সেঞ্চুরি করেই অবসর নেয়া স্যামুয়েলসের বন্দনায় মেতে উঠেছেন অধিনায়ক ব্রায়ান লারা,“মারলন স্যামুয়েলসের ক্ষমতা সম্পর্কে আমরা ভালোই ধারনা রাখি। সেই ১৬ বছর বয়স থেকে এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে আসার পর থেকেই ব্যাপারটা জানি আমরা। এখন আরো বেশি করে সুযোগ পাচ্ছে এবং তাতে সাড়াও দিচ্ছে দারুণভাবে।”

গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট কেনিয়া রবীন্দু শাহ (৪১) ও কলিন্স ওবুইয়ার (৫৪*) দৃঢ়তায় জবাব দিচ্ছিল ভালো মতোই। কিন্তু এক সময় ’৯৬ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে আনার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত ২৪৭ রানের বেশি করতে পারেনি তারা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটো করে উইকেট নিয়েছেন ড্যারেন পাওয়েল, কোরি কলিমোর ও নবাগত অলরাউন্ডার কিয়েরন পোলার্ড।

স্কটল্যান্ডের সঙ্গে শ্রীলঙ্কা বড় সংগ্রহ গড়েছে তিন জনের ফিফটির সুবাদে। জয়াসুরিয়া মাত্র ৬২ বলে ৫টি ছক্কা ও ৪টি চারে করেছেন ৭৭ রান। তার ওপেনিং সঙ্গী থারাঙ্গাও (৭০) কম যাননি। উদ্বোধনী জুটিতে তারা দলকে উপহার দিয়েছেন ১১৭ রান। এর পর সাঙ্গাকারার (৮১) ব্যাটেও রানের ফুলঝুরি ছোটায় ’৯৬ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা পৌঁছেছে ২৯৪ রানের স্বস্তিকর অবস্থানে। জবাব দিতে নেমে স্কটিশরা ১৩৫ রানেই অলআউট। বল হাতেও সফল জয়াসুরিয়া ১৯ রানে পেয়েছেন দুই উইকেট। দুটো করে উইকেট ভাস ও দিলশানেরও।

বারমুডার সঙ্গে ড্যালরিম্পল (৭৬), ইয়ান বেল (৪৬) ও পিটারসেনের (৪৩) সৌজন্যে ৮ উইকেট হারিয়ে ইংল্যান্ড করেছে ২৮৬ রান। কঠিন এই লক্ষ্যের পিছু ধাওয়া করে বারমুডা গুটিয়ে গেছে মাত্র ৪৫ রানেই। মাত্র ৭ রানে ৩ উইকেট নেয়া জন লুইস ইংলিশদের সফলতম বোলার।

সংক্ষিপ্ত স্কোর :

দক্ষিণ আফ্রিকা : ৫০ ওভারে ১৯২ (ডিভিলিয়ার্স ৫, স্মিথ ৯, ক্যালিস ১২, গিবস ২১, প্রিন্স ৭, বাউচার ১৪, পোলক ১, বসম্যান ০, হল ৬৭*, পিটারসন ২৯, টেলেমেকাস ১০,অতিরিক্ত ১৭; ল্যাংফোর্ড স্মিথ ৩/৩০, র‌্যাংকিন ০/২২, জনস্টন ৪/৪০, বোথা ২/২৪, পল মুনি ০/১০, জন মুনি ১/১৫, ম্যাককালান ০/৩৭, কেভিন ও’ব্রায়েন ০/১০)

আয়ারল্যান্ড : ৪৪ দশমিক ২ ওভারে ১৫৭ (ব্রে ১, পোর্টারফিল্ড ৩৭, মরগ্যান ১৪, নিয়াল ও’ব্রায়েন ১৬, বোথা ৪০, কেভিন ও’ব্রায়েন ৩৩, ম্যাককালান ৩, জনস্টন ০, হোয়াইট ০, জন মুনি ৩*, পল মুনি ০, অতিরিক্তি ১০; পোলক ০/১২, নেল ২/৩৮, হল ৩/২৬, ল্যাঙ্গেভেল্ট ৪/৩১, টেলেমেকাস ১/১৪, ক্যালিস ০/২৩, পিটারসন ০/১১)

ওয়েস্ট ইন্ডিজ : ৫০ ওভারে ২৬৮/৬ (গেইল ৭৫, চন্দপল ০, ডেভন স্মিথ ১৪, স্যামুয়েলস ১০০*, সারওয়ান ২৭, ডোয়াইন স্মিথ ২২*, পোলার্ড ১৪, অতিরিক্ত ১৪; ওডোয়ো ২/২৬, ওনগন্ডো ০/৪৪, ওনিয়াঙ্গো ০/৬৪, বুদিয়া ১/৩০, টিকোলো ০/৪৭, ভারাইয়া ২/৫৩)

 কেনিয়া : ৫০ ওভারে ২৪৭/৭ (ওউমা ১০, ডেভিড ওবুইয়া ৭, রবীন্দু শাহ ৪১, মালহার প্যাটেল ১২, টিকোলো ৩৪, তন্ময় মিশ্র ২২, কলিন্স ওবুইয়া ৫৪, ওডোয়ো ২৪, টনি সুজি ১৬*, অতিরিক্ত ২৭; পাওয়েল ২/২৩, ব্র্যাডশ ০/৩২, কলিমোর ২/৪২, টেলর ০/৩৪, ডোয়াইন স্মিথ ০/৩৫, পোলার্ড ২/৫৬, স্যামুয়েলস ১/১৬)

শ্রীলঙ্কা : ৫০ ওভারে ২৯৪/৭ (জয়াসুরিয়া ৭৭, থারাঙ্গা ৭০, জয়াবর্ধনে ৮, সাঙ্গাকারা ৮১, চামারা সিলভা ১, দিলশান ৬, মাহারুফ ২৮, আরনল্ড ৩*, ভাস ১*, অতিরিক্ত ১৯; হফমান ১/৪১, বে¬ইন ২/৫১, নেল ০/৩৪, রাইট ০/২০, ব্রাউন ২/৫২, রজার্স ১/৪৫, মজিদ ১/৪১)

 স্কটল্যান্ড : ৪১ দশমিক ২ ওভারে ১৩৫ (ওয়াটস ১৩, মজিদ ১৪, পুনিয়া ০, ওয়াটসন ১৭, হ্যামিল্টন ২৫, ম্যাককালাম ১৩, ব্রাউন ৪, স্মিথ ১৯, রাইট ৫*, বে¬ইন ০, রজার্স ১, অতিরিক্ত ২৪; ভাস ২/২৩, মালিঙ্গা ১/১৩, মাহারুফ ১/১৭, ফার্নান্দো ১/২৬, মুরালিধরন ১/২৪, দিলশান ২/৮, জয়াসুরিয়া ২/১৯)

ইংল্যান্ড : ৫০ ওভারে ২৮৬/৮ (জয়েস ৭, ভন ১৮, বেল ৪৬, পিটারসেন ৪৩, কলিংউড ৭, ফ্লিনটফ ২৪, ড্যালরিম্পল ৭৬, নিক্সন ১৭, প¬াঙ্কেট ১০*, মাহমুদ ১৫*, অতিরিক্ত ২৩; হার্ডল ২/৫৮, মুকুদ্দেম ০/৫৬, জোন্স ১/৬০, লেভেরক ২/৩২, বোর্ডেন ৩/৭১)

 বারমুডা : ২২ দশমিক ২ ওভারে ৪৫ (মিনর্স ৫, পিচার ২, টাকার ২, আউটারব্রিজ ৭, হেম্প ১১, স্মিথ ০, মুকুদ্দেম ০, কান ৫, বোর্ডেন ৩*, জোন্স ২, হার্ডল ০, অতিরিক্ত ৮; অ্যান্ডারসন ২/৮, প¬াঙ্কেট ১/১৩, লুইস ৩/৭, মাহমুদ ১/১০, ফ্লিনটফ ২/৩, পানেসার ১/১)