তিনদিনেই ম্যাচ জিতে নিল চট্টগ্রাম
সাজু দত্তের স্পিন ভেল্কিতে চারদিনের ম্যাচ তিনদিনেই জিতে নিয়েছে চট্টগ্রাম। চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া এই বাঁ --- হাতি স্পিনার দ্বিতীয় ইনিংসে আরো বেশি ভূগিয়েছেন খুলনার ব্যাটসম্যানদের। এবার ৫৮ রানে নিয়েছেন ৫ উইকেট। সুবাদে খুলনার দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৯৬ রানে। জেতার জন্য ১৩২ রানের টার্গেট তাড়া করতে নামা চট্টগ্রামের দ্বিতীয় ইনিংসে কাঁপুনি অবশ্য ধরাতে পেরেছিল খুলনা। কেননা ইস্পাহানী মির্জাপুর চা জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রামের প্রথম জয়টা মাত্র ৪ উইকেটের। ২৮ পয়েন্ট নিয়ে লিগে নিজেদের তৃতীয় স্থান আরো মজবুত হলো তাদের। খুলনার এটা চতুর্থ হার।
ওদিকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়েছে বরিশাল। আগেরদিন ৯৬ রান নিয়ে সেঞ্চুরির অপেক্ষায় থাকা ওপেনার ইমরান আহমেদ (১১৩) নন, এক্ষেত্রে মূল ভূমিকা তাদের লোয়ার অর্ডার ব্যাটসম্যান আরিফুল হকের ৭১ রানের। ৩৬৬ রানে অল আউট হয়ে প্রথম ইনিংসে ৩০ রানের লিড পায় বরিশাল। ৮১ রানে ৬ উইকেট পাওয়া রাজশাহীর পেসার সুমন সাহার কথা এখানে না বললেই নয়। ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় রাজশাহীর দ্বিতীয় ইনিংসের স্কোর কোনো উইকেট না হারিয়ে ৩৬।
ফতুল্লায় ঢাকার বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিনে প্রত্যাশামতো বড়ো হয়নি সিলেটের প্রথম ইনিংস। আগেরদিনের সংগ্রহের সঙ্গে আর মাত্র ১২ রান যোগ করে শেষ চারটি উইকেট হারায় তারা। তারা ৩০৫ রানে অল আউট হওয়ার পর ওপেনার উত্তম সরকারের ৮৭ রানে ভর করে দিনশেষে ৭ উইকেটে ২৬৮ রান তুলেছে ঢাকা।
