নাটকীয় কিছু করেও ফেলতে পারে পাকিস্তান : রমিজ রাজা
শোয়েব আখতার খেলছেন না । ‘নতুন ম্যাকগ্রা’ মোহাম্মদ আসিফকেও পাচ্ছে না পাকিস্তান। এই দুই বোলারকে নিয়ে একটা নীরব হাহাকারই যেন চলছে সমর্থকদের মনে। যেন ’৯২ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের এবার আর কোনো আশা নেই! সমর্থকদেরই বা কী দোষ, অনেক সাবেক ক্রিকেটারও তো আমলে নিচ্ছেন না ইনজামামের দলকে। কিন্তু ইনজি,ইউসুফ,ইউনিস,আফ্রিদিদের দলকে কি এত সহজে বাতিল ভাবা ঠিক? রমিজ রাজার এক শব্দের জবাব,“না”! পাকিস্তানের এই সাবেক অধিনায়ক মনে করেন এবার ওয়েস্ট ইন্ডিজে নাটকীয় কিছু করেও ফেলতে পারে ইনজামাম --- বাহিনী।
এক ওয়েবসাইটে লেখা কলামে অবশ্য পাকিস্তানের সম্ভাবনা যাচাই করতে গিয়ে দলের শক্তি এবং দুর্বলতা ---- দুটো দিক নিয়েই খোলামেলা মন্তব্য করেছেন খেলা ছাড়ার পর থেকে ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে সুপরিচিত রমিজ রাজা। তার মতে চরম দুঃসময়েই জেগে ওঠে পাকিস্তান। এই মন্তব্যের পক্ষে প্রমান হিসেবে প্রত্যাশিতভাবেই এসেছে ’৯২ --- র বিশ্বকাপ -- জয় প্রসঙ্গ,“ (পাকিস্তান) দলের সাম্প্রতিক ফর্ম কারো মনে আশা জাগাতে পারছেনা, তা ঠিক। কিন্তু ইতিহাস কিন্তু অন্য কথা বলে। ’৯২ বিশ্বকাপে প্রায় সব প্রতিপক্ষই আমাদের নাস্তানাবুদ করেছিল, তারপরও আমরা (শিরোপা) জিততে পেরেছিলাম। তাই বলছি, এই বিশ্বকাপে এ দলটির কাছ থেকেও নাটকীয় এবং অলৌকিক জয় আশা করতেই পারেন।”
রমিজ রাজার মতে পাকিস্তান দলের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে,“ধারাবাহিক ধারাবাহিকতাহীনতা। আজ গরম তো কাল ঠান্ডা। অলরাউন্ডারদের প্রায় সবার ফর্মই খারাপ যাচ্ছে। ভালো দলের বিপক্ষে প্রায়ই বেশি ক'রে ধরা পড়ছে তাদের দুর্বলতা।” এ ছাড়া দলের অধিকাংশ তরুন সদস্য, উদ্বোধনী জুটি আর বোলিং নিয়েও দুশ্চিন্তা ঝরেছে তার কথায়,“তরুনদের অগ্রগতিটা মর্মান্তিক রকমের ধীর গতির। ওপেনিং জুটির লাগাতার ব্যর্থতা সবসময় মেরুদন্ড ভেঙ্গে ফেলার মতো চাপে রাখছে মিডল অর্ডারকে। এর বাইরে শোয়েব আর আসিফের না থাকাটা নিশ্চিতভাবেই দলকে কিছুটা সমস্যায় ফেলবে। বিশ্বকাপ জয়ের সম্ভাবনাতেও এর প্রভাব পড়তে বাধ্য।”
টুর্নামেন্টে ভালো করতে হলে ম্যাচ জেতার বিকল্প নেই। জিততে হলে মাঠে নামাতে হয় জেতার মতো দল। পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান মনে করেন, সাম্প্রতিককালে সহজ এই কথাটা ভুলে প্রয়োজনের অতিরিক্ত অলরাউন্ডার খেলাতে গিয়েও বিপদ ডেকে এনেছে পাকিস্তান। বেশি অলরাউন্ডার খেলানোর বিপক্ষে তার সোজা --- সাপ্টা যুক্তি,“ স্পেশালিস্টদের বাদ দিয়ে সব কিছুই অল্প অল্প জানে এমন ক্রিকেটার বেশি নেয়ার কৌশলটা বুমেরাং হয়ে দলকে দক্ষভাবে (!) পরাজয়ের দিকে নিয়ে যেতে পারে।”
পাকিস্তানের ফিল্ডিং বরাবরই খারাপ। এ ব্যাপারটিতে উন্নতি খুব স্বাভাবিক প্রত্যাশা। তবে অস্বাভাবিক মনে হতে পারে বোলিং নিয়ে ইনজামামকে দেয়া রমিজের পরামর্শ “ ওয়ানডেতে ম্যাচ উইনার হিসেবে লেগস্পিনার ব্যাবহারের প্রশ্নে ইনজামামের উচিত তার অধিনায়কত্বের পুঁথিটাকে সরিয়ে রাখা। দলে কানেরিয়ার গুরুত্বটা তার একটু বোঝা দরকার। শোয়েব আর আসিফ নেই বলে বোলিংয়ে ও -- ই এখন পাকিস্তানের সবচেয়ে মূল্যবান সম্পদ।”
শোয়েব আর আসিফকে ভুলে দলে যারা আছেন তাদের নিয়েই সাফল্যের সূত্র খুঁজে বের করা বুদ্ধিমানের কাজ মনে করছেন ’৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের সদস্য রমিজ। তাই তার বিবেচনায় ফিটনেস সমস্যা কমিয়ে সতীর্থদের কাছ থেকে শতভাগ আদায় করাটা অধিনায়কের অবশ্যপালনীয় কর্তব্য। এটা স্মরন করিয়ে দেয়ার পর দলের ব্যাটিং লাইনআপ নিয়ে লিখেছেন ,“ইউসুফকে ৩ নাম্বারে ব্যাট করাতে চাই আমি। কারণ, গত এক বছর ধরে ও --- ই পাকিস্তানের সেরা ব্যাটসম্যান। ইনজি নামতে পারে ৪ নাম্বারে। এক সংবাদ সম্মেলনে ও নিজেও সেরকম ইঙ্গিতই দিয়েছে। সচরাচর যে (৩ নাম্বার ) পজিশনে খেলে তার চেয়ে একটু নেমে ৫ নাম্বারে ব্যাট করলে ভালো করবে ইউনিস। রেকর্ডও কিন্তু সে কথাই বলে। ৩ না¤া^রে ওর ব্যাটিং গড় ২০, ৫ নাম্বারে ৪০ --- এর মতো।”
ইউসুফ, ইনজামাম আর ইউনিসের বাইরে ব্যাটিংয়ে আরেকজনের দিকে একটু বেশি আশা নিয়ে তাকাচ্ছেন রমিজ রাজা। শহীদ আফ্রিদি! সম্প্রতি আফ্রিদি বলেছেন, দলে অররাউন্ডার আব্দুর রাজ্জাক নেই বলে একটু বেশি দায়িত্ব নিয়ে ব্যাট করার কথা ভাবতে হচ্ছে তাকে। বিশ্বকাপে চার --- ছয় বাদ দিয়ে তাই নাকি এক রান, দুই রানের দিকে নজর দেবেন ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির মালিক! আফ্রিদির এই মন্তব্য মনে করে প্রতিপক্ষের বোলার এবং ব্যাটসম্যানদের জন্য একরকম সতর্কবানীই উচ্চারণ করেছেন রমিজ,“ও এক রান - দুই রানের দিকে মনযোগ দেবে! সত্যিই পারলে সেটা হবে অলৌকিক ব্যাপার। তবে আমরা তো এটাও জানি, ও যদি একটু বুঝে --- শুনে সোজা ব্যাটে খেলে তাহলে বিশ্বের কোনো বোলিংই আর নিরাপদ নয়। তাছাড়া ওয়েস্টইন্ডিজে ওর বোলিংও খুব কাজে আসবে। ওখানে ওর বোলিং রেকর্ড বেশ ভালো।”
সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্স তরুণদেরও উজ্জীবিত করবে ভেবেই হয়তো দলের অন্যদের সম্পর্কে আলাদা করে কিছু লেখা দরকার মনে করেননি রমিজ রাজা। সবাই একাট্টা হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে পারলে কে থামায় পাকিস্তানের জয়রথ!
সবার জ্বলে ওঠায় বড় বাধা হতে পারতো ক্যারিবীয় কন্ডিশন। সেটাকেও এখন আর সমস্যা মনে হ্েচছ না রমিজের কাছে। তার ধারনা, কন্ডিশন একেবারে প্রতিকুল নয় বলে খাপ খাওয়াতে তেমন অসুবিধা হবে না ক্রিকেটারদের। এর বাইরে ওয়েস্ট ইন্ডিজে এবার পিচগুলো তৈরি করেছেন আইসিসি কিউরেটর অ্যান্ডি অ্যাটকিনসন --- এই তথ্য সাফল্যের ব্যাপারে আরো আশাবাদী করে তুলেছে রমিজ রাজাকে। অ্যাটকিনসন একসময় পাকিস্তানে কাজ করেছেন বলে উইকেট শুধু পাকিস্তান নয়, ভারত আর শ্রীলঙ্কার জন্যও সুবিধাজনক হবে --- এ আশা থেকে তার মন্তব্য,“ আমার মনে হয় এ আসরে স্পিনাররাও খুব ভালো ভূমিকা রাখবে। তাই যদি হয়, তাহলে, ২০০৭ সালে ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজনটা উপমহাদেশের সাফল্য দিয়ে শেষ হতেই পারে।”
