এক ম্যাচে অনেক হারালো রিয়াল মাদ্রিদ
ঘরের মাঠে আবার পয়েন্ট নষ্ট। তার সঙ্গে যোগ হয়েছে চার জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট। সব মিলিয়ে রোববারের রাতটা একেবারে দুঃস্বপ্নের মতো কাটলো রিয়াল মাদ্রিদের। সান্টিয়াগো বার্নাব্যুতে গেটাফের সঙ্গে ১ ----- ১ গোলে ড্র করে তারা শুধু দুটো মূল্যবান পয়েন্টই নষ্ট করেনি, পিছিয়ে পড়েছে স্প্যানিশ ‘প্রিমেরা লিগা’র শিরোপা লড়াই থেকেও। ৪৪ পয়েন্ট নিয়ে রিয়াল এখন পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে দাঁড়িয়ে। শনিবার বার্সেলোনাকে হারিয়ে শীর্ষে উঠে যাওয়া সেভিয়ার পয়েন্ট ৫০। এক পয়েন্ট কম নিয়ে বার্সেলোনা দ্বিতীয় আর ৪৬ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া আছে তৃতীয় স্থানে।
নিজেদের মাঠে আগের ৪ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে রিয়াল। ব্যর্থতার সেই বৃৃত্ত থেকে বেরিয়ে আসার ইঙ্গিত অন্তত প্রথমার্ধে তাদের খেলায় পাওয়া যায়নি। গেটাফের একটা গোল রেফারি অফসাইডের কারণে বাতিল না করলে ষষ্ঠ মিনিটেই পিছিয়ে পড়তো তারা। কিছুক্ষণ পর রুবেন পুলিদোর হেড ক্রসবারে বাধা পেলে আবার বিপদ থেকে রক্ষা পায় রিয়াল। ফিফার দৃষ্টিতে গত শতাব্দীর সেরা ক্লাবটিও অবশ্য একই রকম দুর্ভাগ্যের শিকার। ৩৭ মিনিটে ডেভিড বেকহামের দূরপাল¬ার জোরালো শট ফিরে এসেছে গেটাফের ক্রসবারে লেগে। তার মিনিট খানেক পরেই ১ --- ০ --- তে পিছিয়ে পড়ে রিয়াল। ড্যানিয়েল গুইজার এ গোল অবশ্য বিরতির আগেই শোধ করে দেয় তারকাসমৃদ্ধ দলটি। বক্সের মধ্যে রবিনহোকে গেটাফের আর্জেন্টাইন গোলরক্ষক রবার্তো আবোনদানজিয়েরি ফেলে দিলে বেজে ওঠে রেফারির বাঁশি। পেনাল্টি। সুযোগটা কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরান রুড ফন নিস্টলরয় (১ ---- ১)।
দ্বিতীয়ার্ধে গেটাফের খেলোয়াড়রা কিছুটা পরিশ্রান্ত হয়ে পড়লেও সুযোগটা কাজে লাগাতে পারেনি রিয়াল। প্রথমার্ধে বলের দখল নিতে গিয়ে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে আহত রেইয়েসকে মাঠ ছাড়তে হয় স্ট্রেচারে শুয়ে। বিরতির পর বেকহামও চলে যান পেশিতে টান পড়ায়। পরে এ দুটোর সঙ্গে আরো যোগ হয় দুই স্ট্রাইকার নিস্টলরয় ও হিগুইয়ানের উরুর চোট।
অবস্থা যা দাঁড়িয়েছে তাতে চ্যাম্পিয়ন্স লিগে বুধবার হয়তো দুশ্চিন্তা নিয়েই বায়ার্ন মিউনিখের মুখোমুখি হতে হবে রিয়ালকে। কোচ ফ্যাবিও ক্যাপেলো তো বেকহাম ও রেইয়েসকে সে ম্যাচে না পাওয়ার কথা জানিয়ে দিয়েছেন সরাসরি,“তারা নিশ্চিতভাবেই বায়ার্নের বিপক্ষে খেলতে পারছে না। তাদের মধ্যে এক জনের (রেইয়েস) চোটটা বেশ মারাত্মক। অন্য জনেরটাও (বেকহাম) মারাত্মক হতে পারে।”
