চট্টগ্রামের স্পিনারদের দাপটে পথ হারালো খুলনা
ইস্পাহানী মির্জাপুর চা জাতীয় ক্রিকেট লিগের নবম রাউন্ডের দুটো খেলা শুরু হয়েছে রোববার থেকে। চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দিনের শেষে খুলনার প্রথম ইনিংস স্পিনারদের দাপটে শেষই হতে চলেছিল। ৯ উইকেট হারিয়ে তারা তুলেছে ২৮৯ রান। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নামা রাজশাহীর প্রথম ইনিংস দিনের শেষে ৫ উইকেট হারিয়ে পৌঁছেছে ২২৫ রানে।
টসজয়ী খুলনার শুরুটা হয়েছিল দুর্দান্ত। শফিউল আলম (৩৫) ও ইমরুল কায়েসের উদ্বোধনী জুটিই এনে দেয় ১০১ রান। শফিউল রান আউট হয়ে যাওয়ার পর সেঞ্চুরির অপেক্ষায় থাকা ইমরুলও (৮৫) চট্টগ্রাম অধিনায়ক এহসানুল হক সিজানের শিকারে পরিণত হয়ে ফিরে যান দ্রুতই। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খুলনা। মাঝে মনিরুল ইসলাম ৫৫ রানের ইনিংস খেললেও প্রথম দিনে তিনশ ছুঁতে পারেনি খুলনার ইনিংস। অফস্পিনার সাব্বির খানের (১০৯ রানে ৩ উইকেট) তুলনায় বাঁ ---- হাতি স্পিনার সাজু দত্তের (৩৬ রানে ৪ উইকেট) উজ্জ্বল বোলিংয়েই মূলত দিনের শেষটা শুরুর মতো হয়নি খুলনার।
ওদিকে ১১৩ রানে ৫ উইকেট হারানো রাজশাহীকে নিরাপদ অবস্থানে নিয়ে গেছে ফরহাদ হোসেন এবং হাসানুজ্জামান রোজেলের ১১২ রানের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটি। সোমবার ম্যাচের দ্বিতীয় দিনে সেঞ্চুরির স্বপ্ন নিয়েই নামবেন ৭৪ রানে অপরাজিত ফরহাদ। রোজেল নামবেন ৫২ রান নিয়ে।
