২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ লিগের শীর্ষে সেভিয়া

শুরুতেই রোনালদিনহোর গোল! এর চেয়ে ভালো সূচনা কীইবা হতে পারতো! স্প্যানিশ প্রিমেরা লিগায় তারপরও হেরে গেছে বার্সেলোনা। রোনালদিনহোর পেনাল্টি মিস, ১ --- ০ গোলে এগিয়ে থাকা ম্যাচে এক পর্যায়ে নয় জনের দলে পরিনত হওয়া, শেষ পর্যন্ত ১ --- ২ গোলে হার ----- সেভিয়ার বিপক্ষে বার্সেলোনা যেন ৯০ মিনিটের এক দুঃস্বপ্ন দেখেছে শনিবার। দুঃস্বপ্নের বাস্তব ফল একটাই ------ প্রিমেরা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ থেকে দ্বিতীয় স্থানে নেমে গেছে বার্সেলোনা। সবার ওপরে এখন সেভিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2007, 08:36 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

গত সপ্তাহে স্যামুয়েল এ'তোকে পেয়ে পুরোনো চেহারার অনেকটাই ফিরে পেয়েছিল বার্সেলোনা। সুবাদে  অ্যাথলেটিকো বিলবাওকে হারিয়েছিল তারা ৩ --- ০ গোলে। তাই শনিবার  সেভিয়ার মাঠেও সেই ঝলকই আশা করা হয়েছিল ক্যাটালান ক্লাবটির কাছে। যদিও স্যামুয়েল এ'তোকে  আবার বেঞ্চে বসিয়ে মাঠে নামেন রোনালদিনহোরা। লিলিয়ান থুরাম আর ডেকোকেও দেয়া হয় বিশ্রাম। এতে অবশ্য বিশেষ কোনো ক্ষতিবৃদ্ধি হবে বলে মনে হয়নি।  শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রন নিয়ে নেয় বার্সা। এর সুফল পায় ১৩ মিনিটে। জাম্ব্রোত্তার মাপা ক্রসে রোনালদিনহোর দুর্দান্ত হেড এবং গোল!

 স্প্যানিশ ও চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা এ আনন্দ অবশ্য ধরে রাখতে পারেনি। অথচ ২৭ মিনিটে তাদের আনন্দটা দ্বিগুন হতে পারতো, জয়ও নিশ্চিত হতে পারতো তখনই। পেনাল্টি বক্সে রোনালদিনহোকে ফাউল করায়  ডিফেন্ডার ওসিওকে লাল কার্ড দেখান রেফারি। পেনাল্টি পেয়ে যায় বার্সেলোনা। শট নিলেন রোনালদো, কিন্তু একেবারে গোলরক্ষক বরাবর। সেই যাত্রা বেঁচে যাওয়ায় উদ্যম ফিরে পায় দশ জনের দল সেভিয়া। প্রথমার্ধের ৭ মিনিট বাকি থাকতে মাঝমাঠে আলভেসকে বুদ্ধিদীপ্ত এক পাস দেন কানুত। ব্রাজিলিয়ান  রাইটব্যাক অনেকটা ছুটে গিয়ে বল বাড়ান কেরজাকভকে। রুশ স্ট্রাইকার চোখের পলকে বাঁ পায়ের তীব্র শটে বল জড়িয়ে দেন জালে।

বলতে গেলে তারপর থেকেই ম্যাচটা সেভিয়ার। বার্সেলোনা ফিরে পায়  বিলবাও ম্যাচের আগের ছন্নছাড়া চেহারা। ৬০ মিনিটে প্রথম গোলের রূপকার ্আলভেসই শেষ করে দেন বার্সার ম্যাচ জেতার সম্ভাবনা। তার ফ্রিকিক গোলরক্ষক ভালদেসকে বোকা বানিয়ে ১ --- ২ গোলে এগিয়ে দেয় সেভিয়াকে। দু মিনিট পর সেই আলভেসকে ফাউল করেই লাল কার্ড দেখেন জুলি। পরে রাফায়েল মার্কেসের জায়গায় এ'তোকে নামিয়ে ম্যাচে ফেরার শেষ চেষ্টা করেছিল বার্সেলোনা। কাজ হয়নি। বরং ৭৬ মিনিটে জামব্রোত্তাও ম্যাচে নিজের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ায় শেষ হয়ে যায় সব আশা।

২৫ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট  ৪৯। এ ম্যাচ থেকে পুরো ৩ পয়েন্ট নিয়ে লিগে এই প্রথম তাদের পেছনে ফেলেছে সেভিয়া।