২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুষার ইমরানের সেঞ্চুরিতে ম্যাচ বাঁচালো বাংলাদেশ ‘এ’

নিজের সেঞ্চুরির জন্য আনন্দ নয়, সেজন্য বগুড়ায় চারদিনের ম্যাচে আরেকটা হার ঠেকানোর স্বস্তির পরশই বেশি পাওয়া গেল তুষার ইমরানের কথায়,“আমরা প্রায় হেরেই যাচ্ছিলাম।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2007, 08:00 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

৮৪ ওভারে বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় ইনিংস ৭ উইকেটে ২১৮ রানে পৌঁছানোর পর দু’দলের অধিনায়কই ড্র মেনে নেন। পরাজয় এড়ানোর পর ম্যাচে নিজেদের কৃতিত্বের পাশাপাশি ব্যর্থতাও আড়াল  করেননি স্বাগতিক দলের অধিনায়ক। ম্যাচ বাঁচানোর কষ্টের ঝাপটা যে সবচেয়ে বেশি গেছে তুষারের ওপর দিয়েই! তার অপরাজিত ১২৮ রানের পর বাংলাদেশের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান ৩১! এর পরে দুই অঙ্কে যাওয়া একমাত্র ইনিংসটা ১৪ রানের!

তৃতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৫১ রান তোলা ইংল্যান্ড ‘এ’   রোববার আর ৯৯ রানের লিডটাকে আর বাড়ানোর জন্য নামেনি। শেষ দিনের সকালেই ইনিংস ঘোষণা করে দেন অধিনায়ক মাইক ইয়ার্ডি।  বাংলাদেশের মাত্র ১৫২ রানের প্রথম ইনিংস তাদের আরেকবার ঝাঁপিয়ে পড়ার জন্য অনুপ্রাণিত করে থাকবে হয়তো। এবং শুরুটা তাদের চিন্তার সঙ্গে মানিয়েও গিয়েছিল বেশ। দিনের দ্বিতীয় ওভারেই পেসার ওনিয়ন্স চার বলের ব্যবধানে তুলে  নেন দুই ওপেনার মেহরাব হোসেন জুনিয়র (০) ও জহুরুল ইসলাম অমিকে (০)। ১ রানে ওই দুটো উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে নাসিরুদ্দিন ফারুককে সঙ্গে নিয়ে অধিনায়ক তুষারের ১২৭ রানের জুটিতেও বিলীন নয় হারের শঙ্কা। এতে অবশ্য ফারুকের অবদান সামান্যই, ৩১। তবে এই রান করতে ১৩০ বল খেলা আবার হার এড়ানোয় অসামান্যই হয়ে উঠেছে দিনের শেষে। অফস্পিনার অ্যালেক্স লাউডনের বলে উইকেটের পেছনে ফারুক ক্যাচ দিয়ে আসার পরও হারের কথা তুষার ভাবছিলেন, কারণ,“ শেষদিনে খেলা হওয়ার কথা ৯৮ ওভার। ফারুকের আউট ৫০ তম ওভারের ঘটনা। এরপরেও তো আরো ৪৮ ওভার ছিল।”

ইংলিশরা অবশ্য আর ৩৪ ওভার খেলেই রণেভঙ্গ দিয়েছে। এ সময়টায় স্বাগতিকরা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও  ১৭৪ বলে সেঞ্চুরিতে পৌঁছানো তুষার ছিলেন অবিচল। ব্যাটিং অর্ডারে পাঁচ থেকে আট পর্যন্ত যারা ব্যাটিং করেছেন তাদের মধ্যে দুই অঙ্কে পৌঁছেছেন কেবল মার্শাল আইয়ুব (১৪)। তবু তুষার ড্র করার পথে পরের দিকের ব্যাটসম্যানদেরও অবদান দেখছেন, “ ওরা রান করতে না পারলেও একেকজনে অনেকগুলো বল নষ্ট করে গেছে ঠিকই। আর উইকেটে সেট ছিলাম বলে আমিও ওদের যতটা সম্ভব কম স্ট্রাইক দেওয়ার চেষ্টা করেছি। শেষপর্যন্ত ম্যাচটা বাঁচিয়ে ফেললাম আর কী!”

তুষারের ২৫৬ বলে অপরাজিত ১২৮ রানের ম্যাচ বাঁচানো ইনিংসটা সাজানো ছিল ১৩ টি  বাউন্ডারি দিয়ে। ঢাকায় প্রথম চারদিনের ম্যাচটাতে হারলেও এবার তার ব্যাটে ভর করেই ড্র করায় সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে পেরেছে স্বাগতিকরা। এই সিরিজে ম্যান অফ দি ম্যাচের পুরস্কার দেওয়ার রীতি থাকলে এ ম্যাচে সেটা অবশ্যই পেতেন তুষার ইমরান।