২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অষ্টম রাউন্ডে জয় কেবল সিলেটের

জয়ের জন্য ২১২ রানের টার্গেট তাড়া করতে নেমে আগেরদিনই ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গিয়েছিল খুলনা। তবুও নিজেদের মাঠে সিলেটের বিপক্ষে জেতার আশা টিকে ছিল প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জামালউদ্দিন উইকেটে ছিলেন বলে। তিনি ঠিকই ৫৮ রান করেছেন। কিন্তু অন্য ব্যাটসম্যানদের সহযোগীতা পাননি মোটেও। তাই খুলনার দ্বিতীয় ইনিংস থেমে যায় মাত্র ১৫৫ রানেই। সিলেটের জয় ৫৬ রানের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 09:18 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

 ইস্পাহানী মির্জাপুর চা জাতীয় ক্রিকেট লিগে সিলেটের এটা দ্বিতীয় জয়। আর খুলনার তৃতীয় হার। অষ্টম রাউন্ডে তিনটা ম্যাচের মধ্যে এই একটা ম্যাচেরই নিষ্পত্তি হয়েছে। চট্টগ্রাম ----- বরিশাল এবং ঢাকা ----- রাজশাহী ম্যাচ হয়েছে ড্র। তবে প্রথম ইনিংসে লিড পাওয়ার সুবাদে নিস্ফলা ম্যাচ থেকে সর্বোচ্চ ৪ পয়েন্ট করে পেয়েছে চট্টগ্রাম ও ঢাকা।

তবে তাতে পয়েন্ট তালিকায় রাজশাহীর শীর্ষস্থানে কোনো ব্যঘাত ঘটেনি। এ রাউন্ডে মাত্র ২ পয়েন্ট পেলেও ৩৪ পয়েন্ট নিয়ে তারাই সবার আগে। রাজশাহীকে প্রায় ধরে ফেলছে ঢাকাও। তাদের পয়েন্ট ৩২। তৃতীয় স্থানে থাকা চট্টগ্রামের (২২) সঙ্গে রাজশাহী ও ঢাকার ব্যবধান অবশ্য অনেক। খুলনাকে হারিয়ে সিলেট (২০) আছে চট্টগ্রামের  পরেই।

ফতুল্লা স্টেডিয়ামে ম্যাচের শেষদিনে ঢাকার দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩১৯ রানে। সঙ্গীর অভাবে অল্পের জন্য জোড়া সেঞ্চুরি মিস করেন তাদের উইকেটকিপার ব্যাটসম্যান সাজ্জাদ কাদির। প্রথম ইনিংসে ১৩০ রানের পর এবার তিনি অপরাজিত ছিলেন ৯১ রান করে। এজন্য ম্যান অফ দি ম্যাচও হয়েছেন তিনিই। শেষদিনে ৩৮৪ রান তাড়া করে জেতার জন্য রাজশাহীর ওভার হাতে ছিল ২১! তারা ১ উইকেটে ৮১ রান তোলার পর খেলা শেষ। চট্টগ্রাম --- বরিশাল ম্যাচের ভাগ্যে ড্র তো আগেরদিনই লেখা হয়ে গিয়েছিল। চতুর্থদিনে ছিল কেবল ম্যাচ শেষ করার আনুষ্ঠানিকতা। বরিশালের প্রথম ইনিংস ৪৮৬ রানে শেষ হওয়ার পর প্রথম ইনিংসে ৯২ রান করে আউট হয়ে যাওয়ার দুঃখ ভুলেছেন নাজিমউদ্দিন। তার অপরাজিত ১০০ রানের ইনিংসে চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২২২ রান তোলার পর ম্যাচ শেষ।