চট্টগ্রাম --- বরিশালের দুই ইনিংসেই হাজার রান!
ইস্পাহানী মির্জাপুর চা জাতীয় ক্রিকেট লিগের অষ্টম রাউন্ডের চট্টগ্রাম --- বরিশাল ম্যাচে রানবন্যা বইছে। এ ম্যাচে তাই ফলাফল হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে সিলেট --- খুলনা ম্যাচ এমনভাবে দুলছে যে জিততে পারে যে কেউ। বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী ও ঢাকার ম্যাচ নিয়ে তৃতীয় দিনের শেষে কোনো অনুমান করাটা ঝুকির কাজ।
দলের ইনিংস রানচূড়া ছুঁলেও ডাবল সেঞ্চুরি মিসের জন্য আক্ষেপ নিশ্চয়ই হয়েছিল চট্টগ্রামের ওপেনার গাজী সালাউদ্দিনের। তবে একই আগুনে সম্ভবত আরো বেশি পুড়েছেন বরিশালের ওপেনার ইমরান আহমেদ। সালাউদ্দিনের (১৬৫) তুলনায় ডাবল সেঞ্চুরির আরো অনেক কাছে গিয়ে ১৭৭ রানে আউট হয়েছেন তিনি। সেঞ্চুরি করে অপরাজিত আছেন বরিশালের আরেক ব্যাটসম্যান আরাফাত সালাউদ্দিনও (১০১)। এই দুজনের সেঞ্চুরিতে চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের ভালোই জবাব দিচ্ছে বরিশালও। ৮ উইকেটে ৬২২ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল চট্টগ্রাম। ম্যাচের তৃতীয় দিনশেষে বরিশালও ৮ উইকেট হারিয়ে তুলেছে ৪১৮ রান। মানে দুদলের প্রথম ইনিংস যোগ করেই রান হাজার ছাড়িয়ে গেছে। এই ম্যাচটার ভাগ্যে ড্র তাই একরকম লেখাই হয়ে গেছে।
তবে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে সিলেট --- খুলনা ম্যাচে ফল হচ্ছেই। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও খুলনার হুমায়ুন কবীরের পাঁচ উইকেট পাওয়ার কৃতিত্ব (১ম ইনিংসে ১০৬ রানে ৫ উইকেট ও ২য় ইনিংসে ৪৮ রানে ৫ উইকেট) অবশ্য বিফলে যাওয়ার অবস্থা ব্যাটসম্যানদের ব্যর্থতায়। সিলেটের দ্বিতীয় ইনিংস হুমায়ুন মাত্র ১৮১ রানে শেষ করে দিলে জয়ের জন্য ২১১ রানের লক্ষ্যমাত্রা দাঁড়ায় খুলনার সামনে। কিন্তু তৃতীয় দিনের শেষে ৮৭ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছে খুলনা। বৃহষ্পতিবার ম্যাচের শেষদিনে জিততে হলে আরো ১২৪ রান করতে হবে খুলনাকে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জামালউদ্দিন উইকেটে আছেন বলে জেতার আশা স্বাগতিকরা করতেই পারে।
এদিকে নারায়নগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে তৃতীয় দিনশেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রাজশাহীর বিপক্ষে ২৬৮ রানের লিড ঢাকার। ১৩৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেললেও মুশফিকুর রহমান (৭৩) ও ফরহাদ রেজার (৫৫) ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় রাজশাহী। তাদের ১২২ রানের সপ্তম উইকেট পার্টনারশিপ সত্ত্বেও রাজশাহীর ইনিংস ২৯২ রানে গুটিয়ে গেলে প্রথম ইনিংসে ৬৫ রানের লিড পাওয়া ঢাকা দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে তুলেছে ২০৩ রান। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আনোয়ার করেছেন সর্বোচ্চ ৫৪ রান।
