স্বাধীনতা দিবস পুরস্কারের জন্য আব্দুল মজিদকে মনোনয়ন
রক্ষকের ভক্ষক হয়ে যাওয়ার নজির এদেশে ভুরিভুরি। তাই রক্ষক মওকা পেয়েও ভক্ষক না হলেই কেবল ব্যতিক্রম বলে ধরা হয়। তেমনই একজন গাজী গোলাম দস্তগীর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই সহ --- সভাপতিকে ২০০৭ এর স্বাধীনতা দিবস পুরস্কার কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য বীরপ্রতীক উপাধি পেয়েছেন। ক্রিকেট সংগঠক হিসেবেও সুপরিচিত তিনি। তাই ক্রিকেট থেকে ওই পুরস্কারের জন্য দস্তগীরকেই মনোনীত করার প্রস্তাব রাখেন তার নেতৃত্বাধীন কমিটির সদস্যরাই। কিন্তু বিশ্বস্ত সূত্রের খবর, কমিটির সভাপতি হয়ে পুরস্কারের জন্য নিজের নাম পাঠানোর মতো নীচুতা দেখাতে তিনি রাজিই হননি। শেষপর্যন্ত পুরস্কার কমিটির পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ক্রিকেটার আবদুল মজিদ কুরানের নাম প্রস্তাব করা হয়েছে।
পুরস্কার কমিটি প্রাথমিকভাবে তিনজনের নাম ঠিক করেছে। তবে জাতীয় ক্রীড়া পরিষদে একজনের নামই পাঠাতে হবে। পুরস্কার কমিটির সঙ্গে জড়িত একটি সূত্র জানিয়েছে, দীর্ঘদিন রোগভোগের কারণে এখন শয্যাশায়ী আবদুল মজিদের নামই শেষপর্যন্ত পাঠানো হচ্ছে ক্রীড়া পরিষদে। স্বাধীনতার আগে পূর্ব পাকিস্তান ক্রিকেট দলের হয়ে প্রতিনিধিত্ব করা কুরান ১৯৭এ ব্যাট ছেড়ে হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। দেশ স্বাধীন হলে আবার ফিরে যান নিজের ক্ষেত্রে, খেলেছেন তিনি ঢাকার আজাদ বয়েজ, ওয়ান্ডারার্স এবং ভিক্টোরিয়ার পক্ষে। আশির দশকে ঢাকার মাঠের সাড়াজাগানো ফুটবলার ওয়াসিম ইকবালের মামা কুরান মূলত ব্যাটসম্যান ছিলেন। তালিকায় সংগঠক হিসেবে কাজী ইউশা মিশু এবং ওয়ারী ক্লাবের কর্মকর্তা আহমেদ পারভেজ শামসুদ্দিনের নামও টুকেছিল স্বাধীনতা দিবস পুরস্কার কমিটি। তবে এ পুরস্কারের জন্য তারা কুরানকেই যোগ্যতম বলে মনে করেছে বলে জানিয়েছে একটি সূত্র,“আমরা দুয়েকদিনের মধ্যেই জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আব্দুল মজিদ কুরানের নাম পাঠিয়ে দিচ্ছি।”
