২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার দুশ্চিন্তার কালো মেঘ কাটছে

এক সঙ্গে ৫ জনের চোট এ মুহূর্তে ভীষণ অস্বস্তিতে ফেলে দিয়েছে অস্ট্রেলিয়াকে। অধিনায়ক রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক, ব্রেট লি, অ্যান্ড্রু সাইমন্ডস ও ম্যাথু হেইডেনের চোট নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নরা অনেকটাই দিকভ্রান্ত। তবে সুড়ঙ্গের শেষে আলোর রেখা দেখার মতো একটা সুখবরও আছে অস্ট্রেলীয়দের জন্য। ব্রেট লি ছাড়া বাকি চার জনেরই বিশ্বকাপের শুরু থেকেই খেলার জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছে। নিউজিল্যান্ডের কাছে সদ্য হোয়াইটওয়াশ হয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারানো দলটার জন্য খবরটা নিঃসন্দেহে বিরাট স্বস্তির।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2007, 08:42 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

নিউজিল্যান্ডে তিন ম্যাচের চ্যাপেল--হ্যাডলি সিরিজ অস্ট্রেলীয় ক্রিকেটকে শুধু কালিমালিপ্তই করেনি, দুশ্চিন্তার পারদও চড়িয়ে দিয়েছে বহু গুণ। কারণ, ব্রেট লি গোড়ালি ও ক্লার্ক নিতম্বের চোটে পড়ে একটিও ম্যাচ না খেলেই ফিরে গেছেন দেশে। ব্রেট লি নিজেই জানিয়েছেন বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা শতকরা মাত্র ৫০ ভাগ! শুক্রবার এক জন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে তার দেখা করার কথা। এবং এই ফাস্ট বোলারকে বিশ্বকাপে পাওয়া যাবে কি না তার জন্য অস্ট্রেলিয়াকে অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহ পর্যন্ত। শেষ পর্যন্ত ব্রেট লি খেলতে না পারলে তার জায়গায় স্টুয়ার্ট ক্লার্ককে নেয়া হতে পারে।

বাকি চার জন কিন্তু দ্রুতই সেরে ওঠার পথে। পন্টিং আর  ক্লার্কের চোট সেরে উঠছে দ্রুত। যাকে নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তা ছিল সেই সাইমন্ডসও সতীর্থদের জানিয়েছেন কাঁধের অস্ত্রোপচারের ধকল কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১ রানের এক অসাধারণ ইনিংস খেলার পথে গোড়ালিতে ব্যথা পাওয়া হেইডেনকে নিয়েও গত দু বারের বিশ্ব চ্যাম্পিয়নদের দুশ্চিন্তার তেমন কারণ নেই।

ইংল্যান্ড ও জিম্বাবুয়ের সঙ্গে দুটো প্রস্তুতি ম্যাচ অবশ্য খেলতে পারবেন না হেইডেন, সাইমন্ডস। তবে বিশ্বকাপের গ্র“প পর্বের শুরু থেকেই দু জনের মাঠে নামার সম্ভাবনা রয়েছে। তা না হলেও দ্বিতীয় রাউন্ড থেকে দু জনেরই খেলা প্রায় নিশ্চিতই বলা যায়। বুধবার বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে দেখা করার পর হেইডেন জানিয়েছেন, তার চোট তেমন গুরুতর নয়। নিজের সঙ্গে সঙ্গে বিশ্বকাপে অন্য গুরুত্বপূর্ণ সদস্যদের খেলার ব্যাপারেও এই ওপেনার যথেষ্ট আশাবাদী,“আমাদের দলে কিছু চোটজনিত দুশ্চিন্তা রয়েছে বটে, তবে বছরের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে আমরা ঠিকই ঐক্যবদ্ধ হবো।”