২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মঞ্চে পেয়েই হাবিবুলকে মাসুদের শুভেচ্ছা

আসন্ন বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষ্যে বিশেষ কর্মসূচী ঘোষনা করেছে ওয়ালটন ব্র্যান্ডের পন্য বাজারজাতকারী প্রতিষ্ঠান আর. বি. গ্র“প। ক্রিকেট ব্যাটে স্বাক্ষর করে সেই কর্মসূচী শুরু করেন হাবিবুল বাশার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2007, 10:18 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

 তবে রাজধানীর গ্র্যান্ড আজাদ হোটেলে শনিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে  যে সাংবাদিকরা ---  বিশেষ করে আলোকচিত্রীরা ব্যাপক ভিড় করলেন, তার কারণ শুধুই বাংলাদেশ অধিনায়কের উপস্থিতি নয়। একই মঞ্চে তার পাশে বসা খালেদ মাসুদই ছিলেন মূল আকর্ষণ। বিশ্বকাপ দল থেকে বাদ পড়া এই সাবেক অধিনায়ককে বর্তমান অধিনায়কের সঙ্গে ফ্রেমে ধরার এমন সুযোগ যে মিলছিলই না।

ওয়ালটনের সৌজন্যে সেই সুযোগও মিলে যায়। বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণার পর এই প্রথম দুজনের দেখা। অনুষ্ঠানে মাসুদকে কিছু প্রশ্নেরও মুখোমুখি হতে হলো। কিন্তু তার দল থেকে বাদ পড়ার বিষয়ে সব প্রশ্ন এড়িয়ে গেলেন এভাবে,“ দেখুন, এটা খেলার বাইরের জগতের অনুষ্ঠান। তাই এখানে এ বিষয়টা না তুললেই ভালো।”

বরং নিজে স্বাভাবিক থাকার চেষ্টা করলেন। এমনকি “আপনাদের দারুণ একটা ছবি দিচ্ছি” বলে মঞ্চের টেবিলের ওপর রাখা ফুলের তোড়াটা হাবিবুলের হাতে তুলে দিলেন। সঙ্গে সঙ্গে ঝলসাতে লাগলো আলোকচিত্রীদের ক্যামেরার ফ্ল্যাশ। বললেন,“২০০৩ বিশ্বকাপ আমার নেতৃত্বে খেলেছিল বাংলাদেশ। এবার হাবিবের নেতৃত্বে খেলতে যাচ্ছে। ওর নেতৃত্বে বাংলাদেশ যাতে ভালো করে, সেই শুভকামনা থাকলো আমার।”