২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃপ্তি আর আনন্দেই লুকিয়ে আছে শঙ্কা!

ট্রেনার ফিটনেস ড্রিলে ডুবিয়ে রাখছেন ক্রিকেটারদের। মাঝে মাঝে নেট প্র্যাকটিসের সুযোগও মিলছে। কোনো সিরিজের আগে কিংবা বিদেশে খেলতে যাওয়ার আগের ১০/১৫ দিন এভাবেই বাংলাদেশ দলকে দেখে অভ্যস্ত সবাই। কিন্তু বিশ্বকাপের আগে ব্যতিক্রম। ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে তাই পর্যাপ্ত ম্যাচ প্র্যাকটিসের অভাববোধটা আর নেই হাবিবুল বাশারের। প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলেছেন। এরপর জিম্বাবুয়ে থেকে সিরিজ জিতে তো এই সেদিন ফিরলেন। তাই এবার প্রস্তুতি নিয়ে অসন্তোষ প্রকাশের প্রশ্নই নেই,বরং শোনা গেল উল্টো অনুভূতির কথা,“ এবার ম্যাচ বেশি খেলে যাওয়াটা অবশ্যই ইতিবাচক দিক।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2007, 08:53 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

এর প্রভাবটাই তার বিশ্বকাপ স্বপ্নকে রঙ্গীন করছে আরো। ট্রেনিং ক্যাম্প আর ম্যাচ প্র্যাকটিসের বিশাল ফারাক বোঝাতেই বললেন, “এমনিতে আমরা কোনো সফরে যাওয়ার আগে বড় পরিসরের একটা ট্রেনিং ক্যাম্প করে যাই। খুব খাটাখাটনি করি। শারীরিকভাবে হয়তো অনেক ‘ফিট’ হয়েই যাই। এবার মানসিক ও স্কিলের দিক থেকেও অনেক ভালো একটা অবস্থা নিয়ে যাচ্ছি আমরা। ক্রিকেটে এটা খূব গুরুত্বপূর্ণ। শারীরিক বিষয়টা কখনোই অস্বীকার করার উপায় নেই, তবে আমার মনে হয়, স্কিলের দিকটাই সবচেয়ে আগে আসে। কেননা শারীরিকভাবে সবাই  ---ই কমবেশি ফিট। বিশ্বকাপে যাওয়ার আগে স্কিলের দিকটার খুব ভালো   দেখভাল হয়েছে। তাই ওয়েস্ট ইন্ডিজে আমরা ভালো কিছু করবো বলেই মনে হয়।”

সত্যিই স্কিলের দিকটা ঠিকঠাকমতো ঝালিয়ে নেওয়া গেছে তো! এমন সন্দেহের কারণ, গত বছরের এপ্রিলে অস্ট্রেলিয়া সিরিজের পর থেকেই বাংলাদেশের প্রতিপক্ষ কেবল জিম্বাবুয়ে, কেনিয়া এবং স্কটল্যান্ড। তাই এমন প্রস্তুতি থেকে নিজেদের শক্তিমত্তা সম্পর্কে ভুল ধারনা পাওয়ার অবকাশ থাকতেই পারে।

 হাবিবুলও স্বীকার করলেন, নিজেদের শক্তিটা আসলে কোন পর্যায়ের তা এখনো নির্দিষ্ট করা যায়নি , “আমি আগেও একাধিকবার বলেছি। একটা টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে পুরো সিরিজ খেলার চেয়ে ভালো কিছু হতো না। তাহলে আমাদের শক্তিটা ঠিক কোন জায়গায়, সেটা সঠিকভাবে বুঝতে পারতাম। অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার পর র‌্যাঙ্কিংয়ের ওপরের দিকের দলগুলোর সঙ্গে খেলাই হয়নি। সেটা খেলতে পারলে আমরা আমাদের মূল শক্তিটা বুঝতে পারতাম।”

 জিম্বাুবয়ে আর স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় অপার আনন্দে ভাসিয়েছে ঠিকই, কিন্তু বাংলাদেশকে নিজেদের শক্তি সম্পর্কে কিছুটা অন্ধকারে রাখার কারণও ওই সিরিজগুলোই। বিশ্বকাপের আগে বাংলাদেশের ভয়টা এখানেই!