২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাপেল-হ্যাডলি সিরিজে অস্ট্রেলিয়ার ‘ফাইনাল’

সাম্প্রতিক সময়ে এতটা চাপের মধ্যে বোধহয় কখনোই থাকতে হয়নি অস্ট্রেলিয়াকে। এমনকি ২০০৫ -- এ প্রায় ১৮ বছর পর অ্যাশেজ হারানোর পরেও নয়। তখন তো র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হাতছাড়া হওয়ার আশঙ্কা  দেখা দেয়নি। এবার কিন্তু বিশ্বজয়ীদের সামনে সেই আশঙ্কারই কালো মেঘ। রোববার চ্যাপেল ---- হ্যাডলি সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারলেই আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান থেকে পতন হবে অস্ট্রেলিয়ার। এই র‌্যাংকিং প্রবর্তনের পর থেকে যে জায়গাটা অস্ট্রেলীয়রা একেবারে ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ করে ফেলেছে, সেখান থেকে তাদের অবনমনকে ‘মহাপতন’ বলাই বোধহয় ভালো!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2007, 07:02 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে যে এমন ‘দুর্দিন’ এসে হাজির হবে, ক’দিন আগেও তা ধারণা করা যায়নি। ৮৫ বছর পর অ্যাশেজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে দেড় বছর আগের সেই ‘ঐতিহাসিক’ পরাজয়ের জ্বালা ভালো ভাবেই মিটিয়ে নিয়েছিল তারা। ত্রিদেশীয় কমনওয়েলথ ব্যাংক সিরিজটাতেও দেখা যাচ্ছিল চিরপরিচিত পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে। অতি সহজে ফাইনাল নিশ্চিত করার পর ইংল্যান্ডের কাছে একটা ম্যাচ হেরেছিল বটে, তবে সেটাকে নিছক দুর্ঘটনা বলেই মনে হচ্ছিল। রিকি পন্টিংয়ের দলের  শিরোপার সম্পর্কে বিন্দু মাত্র সন্দেহ ছিল না বেশির ভাগ ক্রিকেটামোদীর মনে। অথচ সেই দলকেই পাত্তা না দিয়ে প্রথম দুটো ফাইনাল জিতে শিরোপা নিজের করে নিল ইংল্যান্ড।

তার পর শুক্রবার ওয়েলিংটনে ওয়ানডেতে প্রথম বারের মতো ১০ উইকেটে পরাজয়ের লজ্জা! যে লজ্জা একেবারেই মেনে নিতে পারছেন না অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক মাইক হাসি,“এটা ভীষণ হতাশাজনক পরাজয়। আমরা নিজেদের মানের ধারে--কাছেও পৌঁছাতে পারিনি।” বিশাল ব্যবধানে হারার জন্য তিনি অবশ্য দায়ী করেছেন উইকেটের খামখেয়ালী চরিত্রকেও,“উইকেটে বল ধীরগতিতে আসছিল। তাই মাঠের চারদিকে নিজেদের সেরা শটগুলো খেলতে পারিনি আমরা। অস্ট্রেলিয়ার মাটিতে ওভাবে খেলেই আমরা অভ্যস্ত। খুব তাড়াতাড়িই এ ধরনের উইকেটের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠতে হবে আমাদের।”

দলের মধ্যে যে শৃঙ্খলার অভাব দেখা যাচ্ছে , সেটাও স্বীকার করছেন তিনি। আর এ সব প্রতিকূলতাকে পেছনে ফেলেই সিরিজে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি এক নম্বর জায়গাটা ধরে রাখতেও দৃঢ় প্রতিজ্ঞ হাসি,“সাধারণত যে শৃঙ্খলাবোধ আমাদের মধ্যে দেখা যায়, ইদানিং যেন তাকে খানিকটা ঘাটতি দেখা দিচ্ছে। আমার ধারনা, কোচ জন বুকানন সেজন্য এক গুচ্ছ পরিসংখ্যান রাখছেন নিজের কাছে। বোলিং ও ব্যাটিং দু জায়গাতেই মানের খানিকটা পতন হয়েছে। এ সব সমস্যা আমাদের কাটিয়ে উঠতে হবে। তবে একটা কথা বলতে পারি, দলের প্রত্যেক সদস্য এ ব্যাপারে (র‌্যাংকিং--এর শীর্ষস্থান) পুরোপুরি সজাগ। আমরা এক নম্বরে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ। এটা নিয়ে আমরা সব সময় গর্ব বোধ করি।”

এখন অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গনের সবচেয়ে অসুখী মানুষ বোধহয় জন বুকানন! অস্ট্রেলিয়ার বিশ্বশ্রেষ্ঠ হয়ে ওঠা তার অধীনেই। অথচ বর্তমান দুরবস্থার জন্য স্বয়ং শেন ওয়ার্ন দায়ী করছেন তাকেই। এই স্পিন --- কিংবদন্তীর মতে বুকাননের কঠোর পরিশ্রমের অনুশীলন পদ্ধতিই দলকে ফেলে দিয়েছে সমস্যার গভীরে। অস্ট্রেলিয়ার কোচ অবশ্য অভিযোগটা উড়িয়েই দিয়েছেন,“যে দলের জয়ের হার শতকরা ৭৫ ভাগ, মাত্র এক সপ্তাহের পারফরম্যান্স দিয়ে তাদের বিচার না করাই উচিৎ। এই মুহূর্তে দলের অবস্থা নিয়ে আমি খুবই খুশি। পরিকল্পনা, প্রস্তুতি,দল নিয়ে চিন্তা--ভাবনা সব কিছুই ঠিক ভাবে এগোচ্ছে।”

অস্ট্রেলিয়াকে দিগভ্রান্ত করা যে কতটা কঠিন সেটা ফুটে উঠেছে নিউজিল্যান্ড কোচ জন ব্রেসওয়েলের কণ্ঠেও। প্রতিপক্ষকে নির্দ্বিধায় শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে সাবেক এই অফস্পিনারের মন্তব্য,“অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাসে চির ধরানোর জন্য প্রয়োজন বিশাল এক হাতুড়ি কিংবা নিউক্লিয়ার বোমা। তাদের ঘরে আছে টানা দুটো বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। জয়ের ধারায় ফিরতে তাদের খুব বেশি সময় লাগার কথা নয়। ওদের সঙ্গে খেলতে নামলেই প্রতিপক্ষকে অনন্ত চাপের মধ্যে থাকতে হয়। তারাই বিশ্বসেরা আর সেই মুকুট তারা দীর্ঘদিন ধারণ করে চলেছে। তাদের বিপক্ষে প্রত্যেকটা ম্যাচই যেন বিশ্বকাপ ফাইনাল।”

একদিক থেকে রোববার অকল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাপেল --- হ্যাডলি সিরিজের দ্বিতীয় ম্যাচটাও অস্ট্রেলিয়ার জন্য ফাইনালই। এ ম্যাচ হারলে সিরিজ এবং র‌্যাংকিংয়ের শীর্ষস্থান --- দুটোই হারাবে তারা! বিশ্বের সেরা দলের আসনে উঠে যাবে দক্ষিণ আফ্রিকা।