এবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনার ‘পরীক্ষা’
মাঠের পারফরম্যান্স নিয়ে চিন্তার তেমন কারণ নেই। আগের ম্যাচে রোনালদিনহোর করা দুই গোলের জয় এবং প্রায় তিন মাস পর ইনজুরি কাটিয়ে ফিরে লিওনেল মেসির দারুণ নৈপুণ্য --- সব মিলিয়ে এখন নির্ভার থাকারই কথা বার্সেলোনার । কিন্তু তা কি থাকতে পারছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা? রোববার স্প্যানিশ লিগে ভ্যালেন্সিয়ার মাঠে মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে ‘বার্সা’ শিবিরে গত কয়েক দিনের অনাকাক্সিক্ষত ঘটনা দুর্ভাবনার ছায়া ফেলতেই পারে! শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ৭ পয়েন্টের ঘাটতি কমিয়ে আনার সুযোগ নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবে না পয়েন্ট টেবিলের চতুর্থ দল ভ্যালেন্সিয়া।
স্যামুয়েল এ'তো সব সময়ই এক জন প্রতিবাদী মানুষ। এক বার তো দর্শকদের বর্ণবাদী আচরণের প্রতিবাদে খেলার মাঝপথেই মাঠের বাইরে চলে যেতে চেয়েছিলেন। কোচ ফ্র্যাঙ্ক রাইকার্ড তাই যখন তার ‘কমিটমেন্ট’ নিয়ে প্রশ্ন তুললেন, তা কিছুতেই মেনে নিতে পারেননি তিন বার আফ্রিকার বর্ষসেরা হওয়া ফুটবলার। শুধু রাইকার্ডই অবশ্য নন, রোনালদিনহোও দলের প্রতি এ'তোর দায়বদ্ধতার দিকে সন্দেহের আঙুল তুলেছিলেন ক’দিন আগে। দু জনের কাউকেই অবশ্য ছেড়ে কথা বলেননি স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতা এ’তো। গত সপ্তাহে রেসিং সান্তান্দারের বিপক্ষে ওয়ার্মআপ করেও বদলি হিসেবে না নামার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। ডান হাঁটুর ইনজুরি কাটিয়ে এখনো পুরোপুরি ফিটনেস ফিরে না পাওয়ার সেই ব্যাখ্যা রাইকার্ডের পছন্দ হয়েছে কি না কে জানে!
তবে এ'তোকে নিয়ে জন্ম নেয়া এ সব ঘটনা যে দলকে হতোদ্যম করতে পারবে না সে সম্পর্কে বার্সেলোনা কোচ নিশ্চিত,“ব্যাপারটা ড্রেসিং রুমের একতাকে আরো শক্তিশালী করে তুলবে। আর দলের ওপরেও ইতিবাচক প্রভাব ফেলবে।” রাইকার্ড ---- রোনালদিনহোর সঙ্গে এখন অবশ্য আর কোনো বিবাদ নেই এ'তোর, মিটে গেছে সব ঝামেলা। তবু গত এক সপ্তাহের এই কথার ‘যুদ্ধ’ কি স্প্যানিশ চ্যাম্পিয়নদের ওপর বিরূপ প্রভাব ফেলবে না? সামনে যে শক্ত প্রতিপক্ষ, কঠিন পরীক্ষা!
এ মৌসুমে ঘরের মাঠে ভ্যালেন্সিয়া মাত্র একটি ম্যাচ হেরেছে। তাছাড়া সর্বশেষ ৯ ম্যাচের ৭টিতেই তারা বিজয়ী। ২০০২ ও ২০০৪ সালের ‘প্রিমেরা লিগা’ জয়ীদের জন্য সবচেয়ে অনুপ্রেরণাদায়ী খবর -----সাসপেনশন কাটিয়ে এ ম্যাচেই ফিরছেন স্ট্রাইকার ডেভিড ভিলা। বার্সেলোনার বিপক্ষে সর্বশেষ ৩ ম্যাচে ৪ গোল করা ভিলাকে ফিরে পাওয়া নিঃসন্দেহে আরো আত্মবিশ্বাসী করে তুলবে ভ্যালেন্সিয়াকে।
‘বার্সা’র অবশ্য অনুপ্রেরণার অভাব নেই। ভ্যালেন্সিয়ার মাঠে সর্বশেষ ৪ ম্যাচের ৩টিতেই জয় পাওয়ার সুখস্মৃতি তো আছেই, সেই সঙ্গে মেসির প্রথম একাদশে থাকার (আগের ম্যাচে বদলি হিসাবে খেলেছিলেন) জোরালো সম্ভাবনাও অনুপ্রাণিত করবে তাদের। এ'তো অবশ্য খেলছেন না। ফিটনেস সমস্যার কারণে ক্যামেরুন তারকা নিজেই রোববারের ম্যাচে তাকে দলের বাইরে রাখার অনুরোধ করেছেন কোচের কাছে। সে অনুরোধ রাইকার্ডও ফেলতে পারেননি।
